Home আঞ্চলিক খুলনায় অস্ত্র মামলায় একজনের ১৯ বছরের কারাদণ্ড

খুলনায় অস্ত্র মামলায় একজনের ১৯ বছরের কারাদণ্ড

36

 

স্টাফ রিপোর্টার।।

খুলনা থানার অস্ত্র আইনের মামলায় দু’টি ভিন্ন ধারায় একজনকে ১৯ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ এপ্রিল) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর নাজিরঘাট এলাকার ইউসুফ কসাইয়ের ছেলে মো. মামুন ওরফে কসাই মামুন (৩৮)। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিল।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কালাম আজাদ নথীর বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ২৬ অক্টোবর খুলনা থানা পুলিশ নগরীর শেরে এ বাংলা রোডের এলাকা মোহাম্মাদ মনিরুজ্জামান এলুর জমির কাছ থেকে মামুনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশি তৈরি এলজি বন্দুক ও দু’টি শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলনা থানার এসআই দেবাশীষ রায় বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ নভেম্বর এসআই অরুন কুমার দাস মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও মো. কামরুল ইসলাম জোয়াদ্দার।