চাল-তেলসহ নিত্যপণ্যের পর এবার সিন্ডিকেট সক্রিয় নিউজপ্রিন্টের বাজারে। সিন্ডিকেটের কারসাজিতে গত এক বছরে নিউজপ্রিন্টের দাম বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। এক সপ্তাহে দাম বেড়েছে টনপ্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা। হঠাৎ নিউজপ্রিন্টের মূল্য বৃদ্ধিতে সঙ্কট সৃষ্টি হয়েছে সংবাদপত্রসহ মুদ্রণ শিল্পে। ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শিক্ষাকার্যক্রম। সরকারী কোন শিল্প না থাকায় বেসরকারী খাতের মিল মালিকরা সিন্ডিকেট করে নানা অজুহাতে দাম বাড়াচ্ছে নিউজপ্রিন্টের।
ইতোমধ্যে চাল, তেলসহ বাজারে নিত্যপণ্যের সিন্ডিকেট নিয়ে প্রচার মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বাম্পার ফলনের পরও সিন্ডিকেটের কারণে চালের বাজার অস্থির। সম্প্রতি সোয়াবিন তেল নিয়ে বাজারে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাও সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেট কাজ করছে ব্যবসার প্রতিটি ক্ষেত্রে। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হলেও সিন্ডিকেট চক্রের হাত থেকে বাজার মুক্ত করার তেমন কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। এই প্রক্রিয়া শুরু হয়েছে নিউজপ্রিন্টের ক্ষেত্রেও। মিল মালিকরা বলছেন, কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে তারা নিউজপ্রিন্টের মূল্যবৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন। প্রকাশিত সংবাদ অনুযায়ী নিউজপ্রিন্টের প্রধান কাঁচামাল দেশের অভ্যন্তরীণ উৎস থেকেই সংগ্রহ করা হয়ে থাকে। পুরনো কাগজ নিউজপ্রিন্ট তৈরির প্রধান কাঁচামাল। ব্যবহৃত কাগজ রি-সাইক্লিং করে কাগজের পাল্প তৈরি করা হয়। এছাড়াও কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় নরম কাঠ, পাটখড়ি ইত্যাদি। কিছু পাল্প ও উপকরণ বাইরে থেকেও আমদানি হয়। আন্তর্জাতিক বাজারে আমদানিকৃত কাঁচামালের কিছুটা মূল্যবৃদ্ধি হলেও কাগজের দাম বৃদ্ধির তুলনায় খুব কম।
বর্তমানে নিউজপ্রিন্টের বাজার প্রতিযোগিতাহীন। বেসরকারী মিল মালিকরা সবাই মিলে দাম নির্ধারণ করেন ইচ্ছেমতো। ফলে কাগজ ব্যবহারকারীদের কাছে কোন বিকল্প থাকে না। একটা সময় ছিল দেশের অধিকাংশ নিউজপ্রিন্ট সরবরাহ হতো খুলনা নিউজপ্রিন্ট মিল থেকে। সরকারী এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় ২০০২ সালে। ক্রমাগত লোকসানের কারণ দেখিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। এর পেছনে বেসরকারী মিল মালিকদের কারসাজির কথাও বলা হয়। সরকারী মিলটি বন্ধ হয়ে যাওয়ার পর বেসরকারী মিল মালিকরা একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারছেন। বিভিন্ন সময় আধুনিকায়নের মাধ্যমে খুলনা নিউজপ্রিন্ট মিল চালু করার কথা বলা হলেও গত দুই দশকেও তা সম্ভব হয়নি।
কাগজ ব্যবসায়ী সমিতির সভাপতি আক্ষেপ করে বলেছেন, সরকারী প্রতিষ্ঠান খুলনা নিউজপ্রিন্ট মিল বন্ধ হয়ে যাওয়ার পরই কাগজ ব্যবসায় নৈরাজ্য শুরু হয়েছে। দাম বাড়ানো হচ্ছে ইচ্ছেমতো। তিনি ভোগ্যপণ্যের মতো নিউজপ্রিন্টের বাজারেও অভিযান পরিচালনার পক্ষে মত প্রকাশ করেন। কাগজের বাজার স্থিতিশীল রাখতে হলে দ্রুত খুলনা নিউজপ্রিন্ট মিল চালু করা উচিত। একই সঙ্গে নিউজপ্রিন্টের বাজারে সরকারী হস্তক্ষেপ জরুরী হয়ে পড়েছে।











































