কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া জেলা প্রশাসন চত্বর থেকে প্রায় কোটি টাকায় নির্মিত বিদ্যুৎ উপকেন্দ্র চুরি হয়েছে। বিদ্যুৎ সংযোগ চালুর আগেই উপকেন্দ্রটি চুরি হলো। জানা গেছে, কুষ্টিয়া জেলা প্রশাসনের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পুরণের লক্ষ্যে অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করে গণপূর্ত বিভাগ। ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৬৯ লক্ষ টাকা প্রাক্কলন ব্যয়ে জেলা প্রশাসন ভবনের প্রধান ফটকে স্থাপিত ২৫০ কেভিএ ক্ষমতা সম্পন্ন উপকেন্দ্রটি নির্মাণ শেষ করে প্রায় গত দুই বছর আগে গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করে ঠিকাদার প্রতিষ্ঠান। চূড়ান্ত বিলসহ জামানতের টাকাও উত্তোলণ করে নেয় নির্মাণকারী প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ।
সদ্যনির্মিত এই উপকেন্দ্রটি বৈদ্যুতিক সংযোগসহ সচলকরণের অপেক্ষায় ছিলো বলে দাবি ওই ঠিকদারি প্রতিষ্ঠানের। কিন্তু বিদ্যুৎ সংযোগ চালুর আগেই উপকেন্দ্রটি চুরি হয়ে গেছে। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবিকে নাকচ করে দিয়ে গণপূর্ত বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম দাবি করেছেন, যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও সচল অবস্থায় আমাদের কাছে হস্তান্তর করেনি, সে কারণে ওইখানে চুরি যাওয়া মালামালের দায়-দায়িত্বও ঠিকাদারি প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। মঙ্গলবার দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রধান ফটক দিয়ে প্রবেশকালে বাম দিকে সদ্যনির্মিত দুই সার্টার ও একটি জানালা বিশিষ্ট একতলা সেডের পূর্ব দিকে একটি জানালা, পশ্চিম দিকে দুটি এবং পেছন বা উত্তর দিকে দুটি জানালার কাঁচ ভাঙা, দুটি জানালার গ্রিল ভাঙা, সামনের দুটি সার্টারের লক পয়েন্টে দুটি করে তালা ভাঙার চিত্র। এছাড়া দীর্ঘদিন ধরে আটকে থাকা মাকড়সার জালে আচ্ছাদিত কক্ষের মধ্যে তিনটি দণ্ডায়মান বক্স এবং একটি ট্রান্সফরমারের বক্স দেখা যায়। তবে সেগুলোর মধ্যে কোনো যন্ত্রপাতি বা মালামাল নেই। খালি বক্স পড়ে আছে।

এদিকে খোদ জেলা প্রশাসনের প্রধান ফটক সংলগ্ন জায়গায় স্থাপিত বৈদ্যুতিক উপকেন্দ্রে এমন চুরির ঘটনায় জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দরাও হতবাক হয়েছেন। সেখানে উপস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাজী গোলাম মহসিন বলেন, এমন দুর্র্ধষ চুরির ঘটনা জানার পরও এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না জানতে চাইলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম ও উন্নয়ন সমন্বয় মিটিং কোনো সদুত্তোর দিতে পারেননি। এটা চরম দুঃখজনক ব্যাপার। সরকার একদিকে উন্নয়ন খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে, অন্যদিকে একটি দৃর্বৃত্তচক্র সকল অর্জনকে প্রশ্নবিদ্ধ করে চলেছে। এসব ঘটনার সঠিক তদন্তসহ দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) জানান, জেলা প্রশাসন চত্বরে স্থাপিত বিদ্যুৎ উপকেন্দের যন্ত্রপাতিসহ মালামাল চুরি হয়েছে বলে কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, শুনেছি জেলা প্রশাসন ভবনের বিদ্যুৎ সরবরাহে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গণপূর্ত বিভাগ দুই বছর আগেই ওই উপকেন্দ্রটি প্রশাসন চত্বরে স্থাপন করেন। কিন্তু সেটি আজও কেনো সচল করা হয়নি তা তদন্ত করে দেখা হবে। এখানে কারো কোনো গাফিলতি পাওয়া গেলে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।











































