মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপাল উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডিসহ ৩ জনের বিরুদ্ধে কয়েক লাখ টাকা মূল্যের পুরাতন মালামাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে উর্ধতন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এছাড়া গুদাম রক্ষক মো. সালাম মিয়াকে শোকজ করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস,এম শামীম হাসান লিখিতভাবে তাকে এ শোকজ করেন।
খোঁজ খবরে ও শোকজ নোটিশের প্রেক্ষিতে জানা যায়, প্রায় এক বছর পূর্বে ওসিএলএসডি আ. সালাম রামপাল উপজেলা সদরের খাদ্যগুদামে যোগদান করেন। ওই গুদামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গুদাম সংস্কার, পুরাতন ওয়াল ভেঙে নতুন ওয়াল নির্মাণ, নলকূপ স্থাপনসহ সংস্কারের কাজ করছেন। অভিযোগ রয়েছে ওই ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি রাজু আহমেদ, গুদামের পাহারাদার শাহরিয়ার ও ঝাড়ুদার রেজাউলের যোগসাজশে পুরাতন ইট, বালু, খোয়া, রড, এ্যাঙ্গেল, ব্যাটারি, তামার তার, কাটাতার, লোহার পুরাতন গেটসহ অন্যান্য মালামাল আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়াও অভিযোগ রয়েছে গুদামের সিসি ক্যামেরা বন্ধ করে তারা ওই বিপুল পরিমাণ মালামাল আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ওসিএলএসডি আ. সালাম বলেন, আমি কিছুই জানি না, ঠিকাদারের ম্যানেজার রাজু আহমেদ সব জানেন। আমাদের ভুল ত্রুটি নিজেরা বসে মিমাংসা করে নিবো।
ঠিকাদার রাজু আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, সাক্ষাৎতে কথা হবে বলেই ফোন রেখে দেন। অপর অভিযুক্ত পাহারাদার শাহরিয়ারও অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ ও মালামাল খোয়া যাওয়ার বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস, এম শামীম হাসান বলেন, আমি ইট খোয়া যাওয়ার বিষয়ে ওসিএলএসডিকে শোকজ করেছি। দায়িত্বে গাফিলতিতে মালামাল খোয়া ও আত্মসাৎতের সাথে জড়িতদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।










































