Home সম্পাদকীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে পদক্ষেপ কী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে পদক্ষেপ কী

6

নিত্যপণ্যের বাজারে বিভিন্ন পণ্যের দাম কয়েক মাস ধরে বেড়েই চলেছে। চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, চিনিসহ প্রায় সব পণ্যের দর ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় শুধু বাজার মনিটরিং নয়, বরং নিয়ন্ত্রণেও সরকারের কার্যকর ভূমিকা চায় সাধারণ জনগণ।

জানা যায়, বেসামাল বাজারে শীতের মৌসুমে কোনো সবজির দামও কমেনি। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে চাল, ডাল, পেঁয়াজ, কড়লা, সিম বরবটিসহ সব ধরনের সবজির দাম।

বিক্রেতারা জানান, চালের মজুদ থাকার পরেও চালের কেজিতে ৩ থেকে ৪ টাকা দাম বেড়েছে। পেয়াঁজের কেজিতে বেড়েছে ১০ টাকা। অনেক ডিলার তেল মজুদ করে রেখেছে ফলে তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এছাড়া বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম।

এমন অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। জীবন চালানো দুর্বিষহ হয়ে গেছে বলে জানান অনেক ক্রেতা। এই পরিস্থিতিতে আবার বেড়েছে সিলিন্ডার গ্যাসের দাম। এ সিদ্ধান্ত যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।

রমজানের আগে এমন মূল্যবৃদ্ধি শঙ্কার। কারণ, বিগত দিনসমূহে রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানোর ঘটনা আমরা দেখেছি। সেজন্য দ্রব্যমূল্যের এমন উর্ধ্বগতির পর আবারও রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এমন পরিস্থিতিতে দ্রুত দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমরা সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি।