সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

এক সময়ে যে নদীর পানিতে চলতো কৃষকদের জমির সেচকাজ। মৎসজীবিরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। সে নদীর গর্ভেই কেউ কেউ কেউ কেটেছেন বড় বড় পুকুর। গড়ে তুলছেন বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। আবার অনেকে নদীর জায়গা যে যার মত আয়ত্বে নিয়ে চালিয়ে যাচ্ছে চাষাবাদ। এমনকি নদীর দ’ুপাড়ের বাসিন্দারাও যে যার মত করে ক্রমেই নদীর জমি নিয়েছে দখলে। এভাবে দীর্ঘদিন কোন রকমের নজরদারি না থাকায় চিত্রা তার গর্ভের জায়গা হারিয়ে কিছু কিছু স্থানে সরু খালে পরিণত হয়েছে। ফলে ভরা বর্ষার মৌসুমেও নদীতে স্রোত থাকে না। মানুষ বঞ্চিত হচ্ছে মুক্ত জলাশয়ের মাছ থেকে। অপরদিকে লাগাতার ভারী বর্ষা শুরু হলে নদীতে স্রোত না থাকায় মাঠের পানি নিষ্কাষনও বাধাগ্রস্থ হচ্ছে। ঝিনাইদহ কালীগঞ্জের এ চিত্রানদী এখনই দখলমুক্ত করে খননের ব্যবস্থা না করা হলে এক সময় নদীর সব জায়গা চলে যাবে ছোট বড় নদী খেকোদের পেটে।
স্থানীয়রা বলছেন, এক সময়ে এ নদীর গভীরতা ছিল অনেক। ফলে সারাবছরই নদীভরা পানি থাকতো। বড় বড় নৌকা, লঞ্চসহ বিভিন্ন জলযান এ নদীতে চলাচল করতো। যে কারনে বেশিরভাগ মানুষ স্বল্প ব্যয়ে পানি পথেই ব্যবসা বানিজ্য করতো। কিন্ত সেই নদীতে এখন খোদ বর্ষা মৌসুমেই পানি থাকে না বললেই চলে। এখন বর্ষার ভরা মৌসুমে নদীর তলাণীতে যতটুকু পানি থাকে তার পরিমানটা হাঁটু পানির অধিক নয়। বর্ষার মৌসুম চলে গেলে সেটুকুও থাকে না। তখন নদীর তলানিটাও শুকিয়ে ঠনঠনে করে।

প্রবাহিত চিত্রানদীর ঝিনাইদহ কালীগঞ্জের অংশের বিভিন্ন স্থান সরেজমিনে গেলে দেখা যায়, দু’পাড়ের বাসিন্দারা যেন নদীর জায়গা দখলের পাল্লায় নেমেছে। যে যার সুবিধা মত নদীর জায়গা ক্রমেই দখল করে নিজের আয়ত্বে নিচ্ছে দখলবাজেরা। সেখানে অনেকে গড়ে তুলেছেন দালান কোঠা। আবার গ্রামাঞ্চালের অংশে নদীর জমি দখলে নিয়ে ফসলী জমিতে পরিণত করেছে। নদীর বুক চিরেই নদীর অল্প পানিতেই চলছে বোরো ধানের চাষাবাদ। এ জন্য নদীর চিকন নিশানার আইল ফেলে নিচ্ছে যে যার সুবিধামত। এতে ক্রমেই নদীর বুক মাটিতে ভরাট হয়ে যাচ্ছে। আবার বর্ষয় নদীতে যতটুকু পানি জমা হয় সাভাবিক স্রোত বাধাগ্রস্থ হয়। শহর বাজারের অংশের মত ও গ্রামের অংশও এভাবে ক্রমেই দখল হয়ে যাচ্ছে। তবে বর্তমান সময়ে শহরের অংশের চেয়ে গ্রামের অংশে দখলের মাত্রাটা বেশি।
সব গ্রামেই চিত্রা কমবেশি দখল হয়েছে তবে কালীগঞ্জ শহর থেকে পূর্বদিকে প্রবাহিত নিয়ামতপুর ইউনিয়ন ও মালিয়াট ইউনিয়নের অংশে দখলের পরিমানটা অত্যাধিক বেশি। বিশেষ করে মালিয়াট ইউনিয়ের দখলবাজেরা নদীর জায়গা দখলে নিতে বেপরোয়া হয়ে উঠেছে।
মালিয়াট ইউনিয়নের সাইটবাড়িয়া -গয়াশপুর, পারখির্দ্দা -সরুপকাঠি গ্রামগুলোর অংশে দখল বেশি হয়েছে। এ অঞ্চলের প্রভাবশালীরা মঙ্গলপৈতা বাজার সংলগ্ন ব্রীজের সামনেই নদীর মাঝখান পর্যন্ত দখলে নিয়ে বোরো ধানের চাষ করেছে। ব্রীজের মুখেই এমন অবস্থা হওয়ায় নদীর তলানীর পানির গতি বাধাগ্রস্থ হচ্ছে।

এ বাজারের অধিকাংশ দোকান মালিক জানান, এ নদীর পাশঘেষা আবাদি জমিগুলো এক সময়ে এ নদীর পানি দিয়ে সেচ কাজ চালানো হতো। সে নদী আজ মাটি ভরাট হয়ে গেছে। ফলে পানি থাকে না। একদিকে দখলবাজদের দখল অন্যদিকে চারপাশের মাটিতে নদী ভরাট হয়ে খালে পরিণত হয়েছে। তাদের ভাষ্য, এভাবে থাকলে একদিন নদীর সব জমি চলে যাবে প্রভাবশালীদের আয়ত্বে।
ওই এলাকার ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, আগের মত চিত্রায় আর পানি থাকে না। বর্ষার সময়টা পার হলেই নদীর মাঝখান পর্যন্ত শুকিয়ে ঠনঠনে হয়ে যায়। কেউ কেউ নদীর পাশের জমিতে ফসল চাষ করে এটা অস্বীকার করার কিছু নেই। তবে সরকার খননের ব্যবস্থা করলে তারা যত প্রভাবশালীই হোক না কেন নদীর জায়গা ছেড়ে দিতে বাধ্য থাকবে। তিনি বলেন, এলাকার সব মানুষ নদীর জায়গা দখল করেনি। মুষ্টিমেয় কিছু অসাধু মানুষ এর সাথে জড়িত। এক কথায় সকলেই চাচ্ছেন দখলমুক্ত করে নদীটি খননের ব্যবস্থা হোক।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, তিনিও খবর পেয়েছেন অনেকে চিত্রা দখল করে ফসলের চাষ করেছে। নদী দখলমুক্ত করতে ইতোমধ্যে কয়েকটি গ্রামের লোকজনের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছেন। এরপর থেকেই লাগাতর অভিযান চালানো হবে। তিনি বলেন নদী খেকোরা যত বড় প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।










































