Home আঞ্চলিক খুলনায় ৫ কারণে অগ্নিকান্ডের ঘটনা বেড়েছে

খুলনায় ৫ কারণে অগ্নিকান্ডের ঘটনা বেড়েছে

68

স্টাফ রিপোর্টার ।।

পাঁচ কারণে হঠাৎ করেই খুলনা মহানগরীতে বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। গত ছয় দিনে পৃথক ছয়টি অগ্নিকাণ্ডে অন্তত ২২টি বসতঘর পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছেন অসংখ্য মানুষ। এছাড়া রাইস মিল, গুদামসহ ২২টি ব্যবসা প্রতিষ্ঠানের কোটি টাকার মালামালও ভষ্মিভূত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ আগুনই অসতর্কতার কারণে ঘটছে। কারণগুলো হলো- পুরাতন বৈদ্যুতিক লাইন মেরামত না করা, সিগারেটের আগুন ফেলা, রান্নার চুলাসহ আগুনের অসতর্ক ব্যবহার, পুরাতন এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসতর্ক থাকা এবং পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা না থাকাই অগ্নিকাণ্ডর কারণ।

আগুন নেভানো ও উদ্ধার কাজ পরিচালনার দায়িত্বে থাকা সরকারি এই সংস্থার কর্মকর্তারা জানান, শুষ্ক মৌসুমের অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে। এই ঝুঁকি এড়াতে সচেতনতার বিকল্প নেই।

ফায়াস সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি রূপসা পাইকারী কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিনের আগুনে বাজারের ২০টি দোকান এবং পার্শ্ববর্তী সুলতান শিকদারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ছিল ফলের আড়ত ৮টি, ককসিটের দোকান ৫টি, ঝুড়ি ২টি, তুষ কাঠের ২টি ও অন্যান্য ৩টি।

ব্যবসায়ীরা জানান, বাজারের দোকানগুলোর বেশিরভাগই মালামাল ছিল। কয়েকটি দোকান গুদাম হিসেবেও ব্যবহার হয়েছে। আগুনে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।

২৬ ফেব্রুয়ারি রাতেই খুলনার মনিপাল এএফসি হসপিটালে (সাবেক ফরটিস হসপিটাল) এয়ার কন্ডিশন-এসি’র গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন গুরুতর আহত হন। আহত এসি মিস্ত্রি রনি ও রাজুকে আশংকাজনক অবস্থায় পার্শ্ববর্তী বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া মাসের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি পৌনে ৩টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ের রহিমা কমপ্লেক্সে আগুনে বেশ কয়েকটি দোকান ও অফিস পুড়ে যায়।

এদিকে, ১ মার্চ রাতে নগরীর লবণচরা এলাকার স্লুইস গেট সংলগ্ন ইব্রাহিমিয়া মাদ্রাসা রোডের একটি রাইসমিলে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী আরও ৯টি বসত ঘর পুড়ে যায়। সর্বশেষ ২ মার্চ দুপুরে নগরীর মুজগুন্নী আরাফাত মসজিদ রোডের কবিরের বাড়িতে অগ্নিকাণ্ডে ৯টি ঘর পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ ২ মার্চ রাতেই খালিশপুর জংশন মোড়ে সোনালী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক দেড়টার দিকে রূপসা সেতুর কাছে সালাউদ্দিন ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি তুষকাঠের মিল, একটি ভাঙ্গারির দোকান ও একটি কুড়োর মিল পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘নগরীতে সাম্প্রতিক আগুনের বেশিরভাগই অসতর্কতার কারণে ঘটছে। শুষ্ক মৌসুম হওয়ার কারণে এই সময় অগ্নি দুর্ঘটনা একটু বেশি ঘটে। এখনও ঘটছে। অগ্নি দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। হাট-বাজার, বস্তি, বহুতল ভবনে মহড়া চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘সাধারণত বস্তি এলাকায় খোলা বাতির মাধ্যমে, চুলা থেকে, সিগারের কারণে আগুন লাগে। এসব এলাকায় এসব বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবুল চক্রবর্তী বলেন, ‘একটু সচেতন হলে অগ্নি দুর্ঘটনা অনেক কমিয়ে আনা সম্ভব। মানুষ অগ্নি নিরাপত্তাকে তেমন গুরুত্ব দিতে চায় না। যেমন বাসা-বাড়ি ও ভবনের বেশিরভাগ আগুন শর্টসার্কিট অথবা বিদ্যুতের কারণে ঘটে। অথচ ভবন নির্মাণের সময় যে বৈদ্যুতিক কাজ করা হয়, এরপর দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত কেউ বৈদ্যুতিক লাইন, সরঞ্জামগুলো সংস্কার বা মেরামত করে না। দুর্ঘটনা ঘটার পর সেগুলো মেরামত করে।’

এজন্য অগ্নি নিরাপত্তাকে সব সময় গুরুত্ব দেওয়া এবং সচেতন থাকার পরামর্শ দেন তিনি।