কুষ্টিয়া প্রতিনিধি।।
পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঝুঁকিতে পড়েছে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকায় নদী থেকে মহাসড়কটির দূরত্ব এখন মাত্র ১৫০ মিটার। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়ক। স্থানীয়দের অভিযোগ, তিন বছর ধরে নদীর ভাঙন চললেও এটি রক্ষায় এখনও স্থায়ী কোনো প্রকল্প পাস হয়নি। তবে এটি নিয়ে চলছে স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের রাজনীতি।
আওয়ামী লীগ নেতাদের অনেকেরই দাবি, একদিনের জন্যও সংসদ সদস্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু এ ব্যাপারে পাশে দাঁড়াননি। আর জাসদ বলছে, সড়ক রক্ষায় সংসদে সোচ্চার ইনু। তিনি বারবার বিষয়টি তুলে ধরেছেন।
পাউবো সূত্র জানায়, মিরপুরের তালবাড়িয়া এলাকার বহুলবাড়িয়া, মির্জানগর, সাহেবনগরসহ কয়েকটি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। সাধারণত বর্ষা মৌসুমে ভাঙলেও এবার শুস্ক মৌসুমে ভাঙন দেখা দিয়েছে। আগের বছরগুলোতে সাত কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিলেও এবার নতুন করে আরও দুই কিলোমিটারসহ ৯ কিলোমিটার এলাকায় চলছে ভাঙন। এরই মধ্যে এলাকার কয়েক হাজার বিঘা কৃষি জমি বিলীন হয়ে গেছে। বাড়িঘরও নদীতে গেছে। এবার গুরুত্বপূর্ণ মহাসড়ক পড়েছে হুমকির মুখে।
পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি কারণে পদ্মা নদীতে ভাঙন তীব্র হয়েছে। এর মধ্যে পাবনার রূপপুরে নদীতে স্থায়ী অবকাঠামো করায় কিছুটা পরিবর্তন হয়েছে নদীর গতিপথ। এ ছাড়া নদীর বড় এলাকাজুড়ে চর পড়া, পাশাপাশি বালু উত্তোলনসহ কয়েকটি কারণে শুস্ক মৌসুমে ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, গত বছর মহাসড়ক থেকে নদীর দূরত্ব যখন মাপা হয়, তখন ছিল ১৮০ মিটার মিটারের মধ্যে। সর্বশেষ জরিপে মহাসড়ক থেকে নদীর অবস্থান একটি পয়েন্টে ১৫০ মিটারের মধ্যে। কোথাও কোথাও তা ৩০০ মিটার।
জানা গেছে, প্রথম ২০১৬ সালে বাঁধ নির্মাণের জন্য ৬৬০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য অর্থ বাড়িয়ে দাখিল করা হয় ৯৯০ কোটি টাকার প্রকল্প। পরে আরও দুই কিলোমিটার এলাকায় ভাঙন শুরু হলে ৯ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ জন্য প্রায় এক হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত প্রকল্প পাঠানো হয়। প্রকল্প একনেকে পাসের অপেক্ষায় রয়েছে। আর ভাঙন ঠেকাতে বর্তমানে জিও ব্যাগের পরিবর্তে জিও টিউব ফেলা হচ্ছে। এরই মধ্যে তিন কিলোমিটার এলাকায় জিও টিউব ফেলা হচ্ছে। প্রতিটি টিউবে ৩০০ সেপটি বালু ভরা হচ্ছে।
এদিকে ভাঙন নিয়ে রীতিমতো রাজনীতি চলছে আওয়ামী লীগ ও জাসদের মধ্যে। মিরপুরের যে এলাকায় ভাঙন দেখা দিয়েছে, সেটি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মধ্যে। এ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু। গত ১২ ফেব্রুয়ারি হাসানুল হক ইনুকে বাদ দিয়ে মিরপুর উপজেলা আওয়ামী লীগ ভাঙন এলাকায় সমাবেশ করে। সেই সমাবেশে প্রধান অতিথি করা হয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সদর আসনের এমপি মাহবুবউল-আলম হানিফকে। হানিফ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত প্রকল্প পাস করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, ভাঙনে মহাসড়ক হুমকির মুখে। অথচ ইনু বা তার কোনো প্রতিনিধি একদিনের জন্য মানুষের পাশে এসে দাঁড়াননি। আমরা জোটের মাদার দল। আমাদের দলের নেতা মাহবুবউল-আলম হানিফ দলবাজি করতে আসেননি।
ইনুর এলাকায় গিয়ে হানিফের নদীভাঙন এলাকা পরিদর্শনের বিষয়টি ভালোভাবে নেননি ইনু ও জাসদ। হানিফের পরিদর্শনের পর সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি একই এলাকায় পাল্টা সমাবেশ ডাকে মিরপুর উপজেলা জাসদ। ওই দিন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পরিদর্শনে আসার কথা ছিল। তবে আওয়ামী লীগ-জাসদের রাজনীতির কারণে তিনি বিতর্ক এড়াতে শেষ পর্যন্ত সফর বাতিল করা হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।
জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম বলেন, ‘প্রতিমন্ত্রীর আসার কথা থাকলেও তিনি সফর বাতিল করেন। তবে ইনু ভাই দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে সমাবেশ শেষে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। তিনি বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।’
নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক রাজিবুল ইসলাম বলেন, ‘মহাসড়কসহ বহু স্থাপনা ঝুঁকির মধ্যে আছে। নদী থেকে বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে হবে। মহাসড়ক একবার ভেঙে গেলে দেশের অর্ধেক এলাকা সরাসরি যোগাযোগহীন হয়ে পড়বে।’










































