খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৮ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ ০৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণরা যত বেশি খেলাধুলায় অংশ নেবে ততটাই তাদের মন-মানসিকতা আরও ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সুযোগ-সুবিধা বাড়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।
খুবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৩০ মার্চ
খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ০৬ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ০৯ মার্চ, মনোনয়নপত্র সংগ্রহ ১৪ মার্চ, মনোনয়নপত্র জমা ১৬ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ মার্চ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ মার্চ এবং ভোটগ্রহণ ৩০ মার্চ। ভোটগ্রহণের পরপরই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটের সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ২০ মার্চ। খুলনা বিশ্ববিদ্যালয় আইন ২১(১) ধারার ঠ নং অনুচ্ছেদে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে পনেরজন প্রতিনিধি’ নির্বাচিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু বিগত ১৭ বছরে কোনো নির্বাচন সম্ভব হয়ে ওঠেনি। বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন দায়িত্ব গ্রহণের পর সিনেট সভা নিয়মিত করণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন। তারই আলোকে চলতি বছরের মধ্যে সিনেট সভা আহ্বানে শিক্ষক প্রতিনিধি এবং রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চান। এ উদ্যোগের অংশ হিসেবে ৩০ মার্চ শিক্ষক প্রতিনিধি নির্বাচন শেষ হওয়ার পরপরই রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারেও প্রক্রিয়া শুরু হয়েছে। উপাচার্য বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিধিবদ্ধ সংস্থাগুলোর অধিকতর কার্যকর করে বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে চাইছেন। যাতে করে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হয়।
খুবির ফার্মেসি ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় নবীনবরণ উপলক্ষ্যে ১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীর্ঘ দেড় বছরের করোনা মহামারীর দুঃসময় দূর করে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পেরেছে। এটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা আশাকরি সামনের দিনগুলো আরও রঙিন হবে, উজ্জ্বল হবে।
শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জামিল আহমদ শিল্পী, গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাসসহ শিক্ষকবৃন্দ, ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। নবীনবরণ উপলক্ষ্যে সন্ধ্যায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
খুবির ইউআরপি ডিসিপ্লিনের উদ্যোগে মিক্সড মেথডস্ রিসার্চ বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন
বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের যৌথ আয়োজনে “মিক্সড মেথডস্ রিসার্চ এন্ড ডিসিশন মেকিং উইথ ‘আর্কজিস’ ফর স্পেশাল ডাটা এনালাইসিস এন্ড ‘আর’ এন্ড ‘এনভিভো’ ফর নন-স্পেশাল ডাটা অ্যানালাইসিস” (Mixed Methods Research and Decision Making with ‘ArcGIS’ for Spatial Data Analysis and ‘R’ and ‘NVivo’ for Non-spatial Data Analysis) শীর্ষক ৮ সপ্তাহব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি আজ ০৩ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩টায় জুম অ্যাপের মাধ্যমে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের উপ-সচিব কামরুজ্জামান। সভাপতিত্ব করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিনের প্রশিক্ষণ শুরু হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচি ৮ সপ্তাহব্যাপী এবং তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।











































