খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতার কল্যাণে কাজ করে আসছে। সীমাহিন জুলুম নিপীড়ন সত্বেও জামায়াত তার জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। আমাদের সমাজে নানা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জামায়াত সাধ্যমত সহযোগিতার চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগরীর খালিশপুরের মুজগুন্নীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান একটি অনুকরণীয় দৃষ্টান্ত। বিত্তবানদের উচিত নানা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো। এতে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে। তিনি (৩মার্চ) বৃহস্পতিবার খুলনা মহানগরীর খালিশপুরের মুজগুন্নীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে এ সব কথা বলেন।
আর্থিক অনুদান প্রদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী নায়েবে আমীর মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, শ্রমিক নেতা খান গোলাম রসূল, মহানগরী কর্মপরিষদ সদস্য ও খালিশপুর পশ্চিম থানা আমীর হাফেজ মোকাররম বিল্লাহ আনসারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, ৯ নং ওয়ার্ড আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি কাজী বায়েজিদ, মোশাররফ হোসেন আনাসারী উপস্থিত ছিলেন। খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান, ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন, সহমর্মিতা জ্ঞাপন ও ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, জামায়াত কোনো ক্ষমতাকেন্দ্রীক ও উচ্চাভিলাষী রাজনৈতিক সংগঠন নয় বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যাসহ দেশের বিভিন্ন দুর্যোগে জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছুটে আসে এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে। বিপন্ন মানুষের সেবা করাকে আমরা ইবাদাত মনে করে এ দায়িত্ব পালন করে থাকি। তারই ধারাবাহিকতাই আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনাদের ক্ষতির তুলনায় আমাদের সহায়তা খুবই কম। দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতেও আমাদের সামর্থানুযায়ী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
তিনি আরো বলেন, ‘সরকার দেশ পরিচালনায় সুশাসন উপহার দিতে পারেনি। যদি এ দেশ ন্যায় ও ইনসাফভিত্তিক পরিচালিত হতো তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হতো। অথচ ক্ষমতাসীনরা আজ জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা আর্ত-মানবতার সেবার পাশাপাশি সমৃদ্ধ জাতি গঠন ও ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায়ও বদ্ধপরিকর। তাই দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে সকলকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, বুধবার (২মার্চ) দুপুরে নগরীর খালিশপুর মুজগুন্নি উত্তরপাড়া আরাফাত মসজিদ রোডের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। দুপুর সাড়ে ১২ টার দিকে রান্না ঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত। এরপর তা পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।










































