Home আঞ্চলিক ৪৪ ছাত্রের বিষয়ে কুয়েটের সভা মুলতবি, সিদ্ধান্ত বুধবার

৪৪ ছাত্রের বিষয়ে কুয়েটের সভা মুলতবি, সিদ্ধান্ত বুধবার

10

স্টাফ রিপোর্টার।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৪৪ জন ছাত্রের বিষয়ে করণীয় নির্ধারণে মঙ্গলবার ছাত্র শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া সভা বিকাল ৫টা পর্যন্ত চলে, পরে তা মুলতবি করা হয়। আজ বুধবার সকালে এই মুলতবি সভা অনুষ্ঠিত হবে।

কুয়েটের ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ইসমাঈল সাইফুল্লাহ জানান, সভায় তদন্ত কমিটির প্রতিবেদন এবং ৪৪ জন ছাত্রের শোকজের জবাব পর্যালোচনা করা হয়েছে। বুধবার সকালে আবার সভা করে সিদ্ধান্ত নিয়ে তা সিন্ডিকেট সভায় পাঠানো হবে। সভায় কমিটির সভাপতি উপাচার্যসহ ১১ জন সদস্যের সবাই উপস্থিত ছিলেন।

কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার মুখপাত্র রবিউল ইসলাম সোহাগ জানান, বুধবার বেলা ১১টায় কুয়েট সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে। ছাত্রদের বিষয়ে সিন্ডিকেটের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কুয়েটের কর্মকর্তারা জানান, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী গত ২৯ ডিসেম্বর ৪৪ জন ছাত্রকে শোকজ করা হয়েছিল। তারা ৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিয়েছেন।

কুয়েটের শিক্ষকদের অভিযোগ, কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান তার মনোনীত ছাত্রকে লালন শাহ হলের ডাইনিং ম্যানেজার নিযুক্ত করার জন্য হলের প্রভোস্ট ড. সেলিমকে চাপ প্রয়োগ করে আসছিলেন। গত ৩০ নভেম্বর সেজান নেতাকর্মীদের নিয়ে আবারও ড. সেলিমকে চাপ প্রয়োগ এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এই চাপ সহ্য করতে না পেরে বাসায় গিয়ে হার্ট অ্যাটাকে ড. সেলিমের মৃত্যু হয়।