0 খবর বিজ্ঞপ্তি।।
ক্ষমতাসীনদের উদ্দেশে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গুরুতর অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। এটা এখন গণদাবি। বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আন্দোলন সংগ্রামের কর্মসূচীকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে জামিন নেয়ার পুর্বে তিনি এসব কথা বলেন। এরআগে সকাল থেকেই শত শত নেতাকর্মিদের জমায়েত হয় খুলনার আদালত প্রাঙ্গণে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আমেরিকা র্যাবের ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। শোনা যাচ্ছে- সরকারের অনেক মন্ত্রী- এমপি পাসপোর্ট- ভিসা প্রস্তুত করে রেখেছেন। খবর খারাপ দেখলেই বিদেশে চলে যাবেন। অংশগ্রহণমূলক নির্বাচনী সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই বিশ্বাস করে না। জনগণের ক্ষমতার প্রতি অবিশ্বাসী-অবিশ্বস্ত আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে ২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছিলো। মঞ্জু ৫ জানুয়ারি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক অন্ধকারাচ্ছন্ন দিন। আট বছর আগে ২০১৪ সালের এই দিনে সারাদেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা বিতর্কিত, প্রতারণামূলক, হাস্যকর ও শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসনমূলক একদলীয় পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিজেদের কলঙ্কিত রেকর্ডকে ভেঙে ফেলেছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আমির এজাজ খান, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজসহ অনেকে। উল্লেখ্য, পুলিশ বাদী হয়ে গত ২২ নভেম্বর খুলনা সদর থানায় মামলা দুটি দায়ের করেন যার নং ৩৬ ও ৩৭। দুটি মামলায় ৪৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ নেতাকর্মিকে আসামি করা হয়। ওই মামলায় উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে ছিলেন নেতাকর্মিরা। উচ্চ আদালতের নির্দেশক্রমে মঙ্গলবার তারা খুলনা থেকে জামিন নেন। আইনজীবী ছিলেন, এড. গাজী আব্দুল বারী, এড. এস আর ফারুক,এড. লতিফুর রহমান লাবু, এড. গোলাম মাওলা, এড. মশিউর রহমান নান্নু, এড. আক্তার জাহান রুকু, এড. মোমরেজুল ইসলামসহ অনেকে।











































