Home আঞ্চলিক খুলনার অবৈধ চাল মজুতদারদের তালিকা করছে খাদ্য বিভাগ

খুলনার অবৈধ চাল মজুতদারদের তালিকা করছে খাদ্য বিভাগ

8

 স্টাফ রিপোর্টার।।

আমনের ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাওয়ায় মজুতদারদের তালিকা করছে খুলনা খাদ্য বিভাগ। শুক্রবারের মধ্যে তালিকা অধিদপ্তরে পাঠানো হবে। খাদ্য অধিদপ্তর থেকে তালিকা পাঠানোর নির্দেশের পরিপ্রেক্ষিতে মাঠে নেমেছেন খুলনার খাদ্য বিভাগের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রমতে, খুলনার বাজারে বস্তা প্রতি চালের দাম বেড়েছে গড়ে দেড়শ টাকা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খাদ্য বিভাগ। সরকারি খাদ্য গুদামে চাহিদার তুলনায় অতিরিক্ত মজুত থাকার পরও দাম বাড়ায় বিস্মিত হয়েছে অধিদপ্তর। সরকারিভাবে আমদানি হলেও দাম কমছে না।

অবৈধ মজুত আছে কিনা এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের নাম-ঠিকানা চাওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে খাদ্য অধিদপ্তর এ বিষয়ে প্রতিবেদন পাঠানোর জন্য আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খুলনাকে নির্দেশ দিয়েছে।

ব্যবসায়ীদের সূত্র জানিয়েছে, আমনের ভরা মৌসুমে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে প্রতিদিন নৌকায় ধান আসছে। ডুমুরিয়া, বটিয়াঘাটা, লবণচরা, রূপসা ও বয়রা রাইস মিলগুলোতে ধান সরবরাহ হচ্ছে। ভারত থেকে বেসরকারি পর্যায়ে আমদানি করা নানা ধরনের চাল নগরীর বাজারে পাওয়া যাচ্ছে।

এছাড়াও সরকারিভাবে ভারত থেকে ট্রেন ও জাহাজে চাল আসছে। জেলার দুটি কেন্দ্রীয় খাদ্য গুদামসহ ১০টি গুদামে ১ লাখ ৪৯ হাজার ২৫৮ টন চাল মজুত আছে। এর মধ্যেও চালের দাম বাড়ার কারণ হিসাবে অধিদপ্তর অবৈধভাবে মজুতকে ইঙ্গিত করেছে।

এ কারণেই অধিদপ্তর অবৈধ মজুতদারদের নাম ঠিকানা চেয়েছে। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহাবুবুর রহমান সোমবার এক পত্রে জেলা ও উপজেলা পর্যায়ে অবৈধভাবে খাদ্য মজুতদারদের নাম-ঠিকানা জানতে চেয়েছেন। জেলায় ২০০ রাইস মিলে ও পাইকারি দোকানে পর্যবেক্ষণের জন্য একটি টিম কাজ করবে।

এর আগে ১১ আগস্ট মন্ত্রণালয় হঠাৎ করে চালের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চেয়ে জেলা প্রশাসককে চিঠি দেয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেনকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

এ কমিটির সদস্য সিনিয়র বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার জানান, খুলনার কোনো মিলে অস্বাভাবিক মজুত দেখতে পাওয়া যায়নি। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ধান ও চালের মূল্য বাড়ে।

ব্যবসায়ী কাজী আব্দুস সোবহান জানান, সে সময় ধানের মূল্য বাড়ার কারণে চালের মূল্য বাড়ে।

মিল মালিক মোস্তফা কামাল বলেন, এ সময় ধান-চালের দাম একটু বাড়তি থাকে। আমনের চাল বাজারে এলে আবার কমেও যায়। এখন মানুষ অনেক সচেতন। কোনো মিল মালিক অবৈধ মজুত করে শাস্তি পেতে চান না।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের রেকর্ড অনুযায়ী, খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল ৪৪-৪৫ টাকা, মাঝারি চাল ৫৪-৫৫ টাকা, চিকন চাল ৬২-৬৪ টাকা ও আতপ চাল ৪৩-৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

দাম বৃদ্ধির বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন বলেন, আমরা নির্দেশ পেয়েছি। সে অনুযায়ী মজুতদারদের খোঁজখবর নেওয়া হচ্ছে।