>>সেলিং হওয়া বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে
মোংলা প্রতিনিধি।।
মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। চ্যানেলটির হাড়বাড়িয়ার ৯ নম্বর এ্যাংকরে থাকা একটি বিদেশী জাহাজ থেকে কয়লা বোঝাই করে ছেড়ে আসার পর সেলিং হওয়া অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে কার্গো জাহাজটি ডুবে যায়। ওই কার্গো জাহাজে থাকা একজন নিরাপত্তা কর্মী ও দুইজন ষ্টাফকে পাওয়া গেলেও বাকীদের এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
কয়লা আমদানীকারক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি মো: আশিকুর রহমান জানান, বন্দরের হাড়বাড়ীয় এলাকার ৯ নম্বর এ্যাংকরে অবস্থানরত বিদেশী জাহাজ এম,ভি এলিনাবি থেকে সোমবার রাতে ৬শ থেকে সাড়ে ৬শ মেট্টিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি ফারদিন। কয়লা বোঝাই শেষে ওই বিদেশী জাহাজ ছেড়ে প্রায় ৭শ গজ দূরে যেতেই সোমবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে সেলিং হওয়া অপর একটি বিদেশী জাহাজের সাথে কার্গোটির ধাক্কা লাগে। এতে প্রচন্ড শব্দে কার্গোটি সেখানে ডুবে যায়। কার্গোতে থাকা ষ্টাফদের মধ্যে একজন নিরাপত্তা কর্মী ও দুইজন ষ্টাফকে পাওয়া গেছে। বাকীরা কোথায় কিভাবে আছেন, নাকি নিঁখোজ হয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। তিনি বলেন, কার্গোটির কয়লা নিয়ে ঢাকার মিরপুরের গাবতলীতে যাওয়ার কথা ছিল। কার্গো জাহাজটি হাড়বাড়ীয়ার ৮ ও ৯ নম্বর এ্যাংকোরেজের মাঝামাঝি এলাকায় ডুবেছে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, জাহাজের সঙ্গে ধাক্কা লেগে যে নৌযানটি ডুবেছে সেটি লাইটার (কার্গো/কোস্টার) নয়, বলগেট। এটি বেআইনিভাবে পণ্য পরিবহণ করছিল। কারণ এক হ্যাজ বিশিষ্ট বলগেট ডিজি শিপিং থেকে নিষিদ্ধ। বলগেট বালু ছাড়া অন্য কোন পণ্য পরিবহণ করতে পারবেনা। এটির (বলগেট) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বলগেটটির চলাচলে কোন যোগাযোগ (বার্তা) ব্যবস্থা নেই। ফলে সেটি জানেওনা যে মার্চেন্ট শিপ মুভমেন্ট হচ্ছে, তাই দুইটি বিদেশী জাহাজ বের হয়ে যাওয়ার সময় পিচনে ধাক্কা লেগেছে। তিনি আরো বলেন, বলগেটটি মুল চ্যানেলের বাহিরে পূর্ব পাশে ডুবেছে, এতে জাহাজ চলাচলে কোন সমস্যা হবেনা।
এর আগে গত ৮ অক্টোবর সার নিয়ে পশুর নদীতে ও ৯ অক্টোবর পাথর নিয়ে ফেয়ারওয়ে বয়া এলাকায় দুইটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে।










































