ক্রীড়া প্রতিবেদক ।।
মিরপুর শেরে বাংলার উইকেটে ’ভূত’ আছে। ব্যাট হাতে যে ভূতের উত্তর খুঁজে পায়নি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ঢাকার কন্ডিশন ও উইকেটের রহস্যের কথা শুনতে বাকি নেই পাকিস্তান ক্রিকেট দলের। ওই রহস্যের উত্তর পাকিস্তান খুঁজবে বলে জানিয়েছেন বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
তিনি বলেন, ‘ঢাকার কথা উঠলেই এখানকার কন্ডিশনের কথা শোনা যায়। বিশ্বকাপের আগের দুই সিরিজে মিরপুরের উইকেটে স্পিন খুবই গ্রিপ করেছে, টার্ন করছে। এমন কিছু বল হচ্ছিলো যা খেলা খুবই কঠিন। কাল মাঠে যাবো দেখবো কেমন উইকেট এখানকার।’
তিনি জানান, উইকেট নিয়ে তাঁরা অনেক কিছুই শুনেছেন। তা থেকে কিছু ধারণাও পেয়েছেন। কিন্তু উইকেট না দেখে কিছু বোঝা সম্ভব নয় বলে উল্লেখ করেন মিডল অর্ডার থেকে পাকিস্তানের টি-২০ ফরম্যাটে ওপেনার বনে যাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান।
এক বছরে ক্রিস গেইলকে ছাড়িয়ে সর্বোচ্চ টি-২০ রান করার কীর্তি গড়েছেন রিজওয়ান। তাঁর ব্যাটিং বদলে যাওয়ার কৃতিত্ব দিয়েছেন তিনজনকে, ‘রেকর্ডটা পাকিস্তানের হয়েছে। এর জন্য তিনজনকে কৃতিত্ব দেবো। তাঁরা হলেন রিচার্ড পাইবাস, ইনজি ভাই (ইনজামাম উল হক) ও আড়ালে ছিলেন সাঈদ আসলাম ভাই। উনিই যেখানে যা দরকার ম্যানেজ করেছেন।’
ঠান্ডা-জ্বর নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের আগে আইসিইউকে ভর্তি হয়েছিলেন রিজওয়ান। তারপরও সেমিতে দারুণ এক ইনিংস খেলেন তিনি। বাংলাদেশ সফরে এসে দলের চিকিৎসক ও ফিজিও’র পরামর্শে দু’দিন বিশ্রামে ছিলেন তিনি। মঙ্গলবার (১৬) অনুশীলনে নামবেন বলে জানান রিজওয়ান।










































