খুলনাঞ্চল রিপোর্ট।।
পাবনায় বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার চরভবানীপুর গ্রাম থেকে অস্ত্র-গুলিসহ দুই ভাইকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ নভেম্বর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামের হাবিবুর রহমান-এর ছেলে ইকবাল হোসেন (৩৭) ও মান্নু ব্যাপারী (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ইকবাল হোসেন-এর বাড়ি থেকে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দু’টি দেশি ওয়ান শ্যুটারগান ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। একইসংগে ইকবাল ও তার ভাই মান্নুকে আটক করা হয়।
এই ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।










































