Home আন্তর্জাতিক ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ বাংলাদেশি? তৃণমূল-বিজেপির বাহাস

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ বাংলাদেশি? তৃণমূল-বিজেপির বাহাস

12

খুলনাঞ্চল রিপোর্ট

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের তরুণ বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। শপথ নেয়ার দিনেই বিতর্কে জড়িয়েছিলেন কোচবিহারের এই সাংসদ। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। এবার তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠল। তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে আখ্যায়িত করলেন তৃণমূল নেতারা। তবে জবাব দিতে ছাড়েনি বিজেপিও। এটা নিয়ে তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে চলছে বাহাস।

রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রিপুন বোরা শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ নিয়ে একটি চিঠি লিখেছেন। শনিবার (১৭ জুলাই) সেই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসু এ নিয়ে প্রশ্ন তুলেছেন। মোদিকে লেখা রিপুনের চিঠি পোস্ট করে তাদের দাবি, কোনো বিদেশি নাগরিক দেশের মন্ত্রী হলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

তবে এর জবাবও দিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘তর্কের খাতিরে অভিযোগ মেনে নিলেও এটা তো ঠিক যে, নিশীথ হিন্দু। বিজেপি মনে করে, সব হিন্দুই ভারতীয়।’একই সঙ্গে তিনি বলেন, ‘এই অভিযোগের কোনো সারবত্তা নেই। দরকার হলে তৃণমূল এটা নিয়ে আদালতে যাক।’

আসামের কংগ্রেস নেতা রিপুন মোদীকে পাঠানো চিঠিতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উল্লেখ করে দাবি করেছেন, নিশীথ আদতে বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ির হরিনাথপুরের বাসিন্দা। ভারতে কম্পিউটার কোর্স করার নামে আসার পরে কোচবিহারে থেকে যান। প্রথমে তৃণমূলে এবং পরে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন। রিপুন আরও দাবি করেছেন, যে নথি দেখিয়ে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে নিশীথ দাবি করেছেন তা ভুয়া। জালিয়াতি করে তৈরি বলেও অভিযোগ তুলেছেন রিপুন।

সেই চিঠির কথা উল্লেখ করেই ব্রাত্য টুইটারে লিখেছেন, ‘রাজ্যসভার সাংসদ রিপুন বোরা সঠিক প্রশ্ন তুলেছেন। বহু সংবাদমাধ্যমে নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক বলে উল্লেখ রয়েছে। এই ধরনের লোককে কেন্দ্রীয় মন্ত্রী করার আগে কি কোনো কিছুই খতিয়ে দেখা হয়নি? ভুলে গেলে চলবে না এই নিশীথের বিরুদ্ধে কতগুলি গুরুতর অপরাধমূলক মামলা চলছে। লজ্জাজনক। রাজ্যের আরেক মন্ত্রী ইন্দ্রনীল দেশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছেন।

এ ব্যাপারে নিশীথের প্রতিক্রিয়া জানতে চাইলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘রাজ্যের দুজন দায়িত্বশীল মন্ত্রী এমন প্রশ্ন তুলেছেন। দয়া করে তারা তথ্য প্রমাণ দিন। শুধু শুধু কুৎসা করে শুধুই খবরে আসা যায়।’

একসময়ে তৃণমূলের যুব নেতা ছিলেন নিশীথ প্রামাণিক। পরে দল থেকে বহিষ্কৃত হন তিনি। ২০১৯ লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। কোচবিহারের বিজেপি প্রার্থী হন তিনি। জিতে সাংসদ হন নিশীথ। ২০২১ বিধানসভা নির্বাচন বিজেপি প্রার্থী হিসাবে লড়াই করেন। প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট উদয়ন গুহকে হারিয়ে জিতে যান তিনি। কিন্তু পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ হিসাবেই থেকে যান নিশীথ। পরে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেয় বিজেপি। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।