ঢাকা অফিস ।।
কোনো ধরনের রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই কেবলমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে রোববার (১৮ জুলাই) থেকে টিকা নিতে পারবেন পোশাক শ্রমিকরা।
রোববার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে গাজীপুরে এ কার্যক্রম শুরু করা হবে বলে সময় নিউজকে জানিয়েছেন সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান।
তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিটি করপোরেশনের কোনাবাড়ি তুসুকা গার্মেন্টসে সর্বনিম্ন ১৮ বছর বয়সীরা এ টিকা পাবেন। প্রথম দিন ১০ হাজার শ্রমিককে টিকা দেওয়ার মধ্যদিয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানান সিভিল সার্জন।
গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তুসুকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালি নামের পোশাক কারখানায় একযোগে ১০ হাজার শ্রমিককে টিকার আওতায় আনা হবে।
এদিকে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৯২ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৯৩ জন।
গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গাজীপুর থেকে ৪৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখান থেকে ৩৮০ জনের নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে ৮ জন, কাপাসিয়ায় ২২ জন ও গাজীপুর সদরে ৯১ জন রয়েছেন।










































