Home সম্পাদকীয় করোনা প্রতিরোধে যে পরামর্শ মেনে চলতেই হবে

করোনা প্রতিরোধে যে পরামর্শ মেনে চলতেই হবে

16

করোনা ভাইরাস ইতোমধ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে। মরণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি। এমন প্রেক্ষাপটে দেশে করোনা প্রতিরোধে বেশকিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘চীন, জাপান, ইটালি, ইরানের মতো করোনা আক্রান্ত দেশগুলো ভ্রমণ করে আসলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না।’ আইইডিসিআর-এর পরামর্শ খুব গুরুত্বপূর্ণ। দেশে করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এখনও পর্যন্ত এর কোনো বিকল্প নেই। এই বিবেচনায় প্রতিষ্ঠানটি ‘হ্যান্ডশেক, কোলাকুলি পরিহারের আহ্বানও জানিয়েছে’। আমরা মনে করি, করোনা প্রতিরোধে নানা প্রস্তুতি নেয়া হলেও জনগণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া এই ভাইরাস প্রতিরোধ সম্ভব নয়। করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতি থাকলেও এর ভয়াবহতা বিবেচনায় সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে। এমনই একটি ভুল তথ্য হলো: ‘গ্রীষ্মকালের তাপমাত্রায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমে যাবে।’

এ বিষয়েও কথা বলতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। তাপমাত্রার সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেছেন আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফোরা। তিনি বলেন: ‘উচ্চ তাপমাত্রা আছে এমন দেশও করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না। কোনো দেশেই এত তাপমাত্রা নেই।’ গ্রীষ্মকালের তাপমাত্রায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমে যাবে এ ভরসায় বসে না থেকে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন তিনি। করোনা ভাইরাস মোকাবিলায় এসব পরামর্শ মেনে চলার পাশাপাশি গুজব প্রতিরোধে এগিয়ে আসতে আমরা সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।