শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে
খবর বিজ্ঞপ্তি।।
আসন্ন শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আজ বুধবার (১৪ অক্টোবর) খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে গুরুত্বপূর্ণ দুটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মহানগর বিএনপি প্রদত্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম সভা সকাল ১১টায় হোটেল ওয়েস্টার্ন ইন মিলনায়তনে মন্দির নিরাপত্তা কমিটির সঙ্গে মহানগর বিএনপি নেতৃবৃন্দের এবং দ্বিতীয় সভা বিকেল ৩টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে মন্দির কমিটির সঙ্গে মহানগর বিএনপি নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হবে।
উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। দুটি মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানিয়েছে মহানগর বিএনপি।











































