স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন। তবে, এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা ৪৮ জনেই অপরিবর্তিত রয়েছে।
আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৬৬৭ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১২৪ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৬৭ জন রোগী। এছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ৩২৮ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ২১৭ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।











































