স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় এক দুঃসাহসিক অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৩টি ককটেলসহ ৩ সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি কালো রঙের মুখোশ এবং একটি নেট ব্যান্ড উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭:৫০ ঘটিকায় লবণচরা থানাধীন রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন: রনি মোল্লা (২৮): পিতা- রহিম মোল্লা, সাং- রায় পাড়া (আশরাফুল মাদ্রাসার সামনে), থানা- খুলনা সদর, জেলা- খুলনা।
আলামিন হাওলাদার (২৩): পিতা- কিসলু হাওলাদার, বর্তমান সাং- ওহাব জুটমিল কোয়ার্টার, থানা- হরিণটানা, স্থায়ী সাং- দবুককাঠি, থানা- মোড়েলগঞ্জ, জেলা- বাগেরহাট।
স্মরণ জমাদার (২৬): পিতা- রাজু জমাদার, সাং- রূপসা স্ট্যান্ড রোড (ডাক্তার বাড়ি গলি), থানা- লবণচরা, জেলা- খুলনা।
পুলিশ জানায়, রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন আস্তানায় বসে একদল সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা বড় ধরণের অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে হাতেনাতে তিনজনকে অস্ত্র, গুলি ও ককটেলসহ ধরে ফেলা হয়।
উদ্ধার করা মুখোশ ও নেট ব্যান্ড থেকে প্রাথমিক ধারণা করা হচ্ছে, আসামিরা কোনো বড় ধরণের ডাকাতি, অপহরণ কিংবা সহিংস অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরসহ লবণচরা থানায় পরবর্তী আইনি কার্যক্রম ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।











































