Home জাতীয় আট মাসে সারা দেশে মোট ২ হাজার ৩৬২টি হত্যা এবং ৬৯১টি অপহরণ...

আট মাসে সারা দেশে মোট ২ হাজার ৩৬২টি হত্যা এবং ৬৯১টি অপহরণ মামলা

2

ঢাকা অফিস।।

চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) সারা দেশে মোট ২ হাজার ৩৬২টি হত্যা মামলা এবং ৬৯১টি অপহরণ মামলা দায়ের হয়েছে।

পুলিশ সদরদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গড়ে প্রতিদিন প্রায় ১০টি খুনের ঘটনা ঘটেছে। এই আট মাসে অপহরণের মামলা হয়েছে ৬৯১টি। অর্থাৎ গড়ে প্রতিদিন ৩টি অপহরণের ঘটনা ঘটেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ঢাকা মহানগরের ৫০টি থানার মধ্যে ৪৯টিতে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে ৭২৩টি। এসব মামলার প্রায় ৮৫ শতাংশেই তদন্তে চাঁদাবাজির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

ঢাকার সিএমএম কোর্টের নথি পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে সবচেয়ে বেশি চাঁদাবাজির মামলা হয়েছে মোহাম্মদপুর থানায়। এরপর রয়েছে যাত্রাবাড়ী ও ডেমরা থানা। ৭২৩টি মামলার মধ্যে ৪২৫টির তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এখনো তদন্তাধীন রয়েছে প্রায় ৪১ শতাংশ মামলা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্র মতে, চলতি বছরের গত ৮ মাসে শুধু ঢাকাতেই ১৬৮ জন খুন হয়েছেন। এ সময়ে অপহরণের ঘটনা ঘটেছে ১২৯টি। এছাড়া ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে আড়াইশর অধিক। প্রায় দেড়শ’র মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

ডিএমপির ওয়েব সাইটের সূত্র মতে গত আগস্ট মাসে খুনের ঘটনা ঘটেছে ২০টি। আর অপরন হয়েছে ২১ জন ডাকাতি হয়েছে ২৬ টি। এর আগে জুলাই মাসে ৩২ ব্যক্তি খুন হয়েছেন। ১১টি অপহরণের ঘটনাসহ ২৫টি বিভিন্ন ধরনের ডাকাতি হয়েছে। জুন মাসে খুন হয়েছে ২৩ জন। ১৭ টি অপহরণ আর ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে ২৬টি। মে মাসে খুনের ঘটনা ঘটেছে ১৬টি ১৩টি অপরহরণের ঘটনা ঘটেছে। ৩৫টির বেশি ডাকাতি হয়েছে।

এপ্রিল মাসে খুন হয়েছে ১৭ জন, ২১ জন অপহরণের শিকার আর ডাকাতি হয়েছে ২৮টি। এর আগে মার্চ মাসে খুন হয়েছে ২৫ জন। ২০জন অপহরণ আর ডাকাতি দস্যুতার ঘটনা ঘটেছে ৩০টি। ফেব্রুয়ারি মাসে ১৬টি খুন ১২টি অপহরণ ও ২৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া জানুয়ারি মাসে খুন হয়েছে ২১ জন। ডাকাতির ঘটনা ঘটেছে ২৫টি আর অপহরণ হয়েছে ১৪ জন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবননিতে একদিকে আতঙ্ক ও জনমনে ক্ষোভ বিরাজ করছে।