Home বিনোদন ২০ বছর পর ফের বিয়ের শপথ নিলেন সুরিয়া-জ্যোতিকা

২০ বছর পর ফের বিয়ের শপথ নিলেন সুরিয়া-জ্যোতিকা

2


বিনোদন ডেস্ক।।

দক্ষিণী বিনোদন জগতের অন্যতম পাওয়ার কাপল হিসেবে পরিচিত সুরিয়া এবং জ্যোতিকা। পর্দায় রসায়ন থেকে শুরু করে ব্যক্তি জীবনের নিখুঁত বন্ধন, সবকিছুতেই ভক্তদের ভালোবাসায় ভেসেছেন এই দম্পতি।

এবার তাদের দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে নতুন করে বৈবাহিক শপথ গ্রহণ করলেন এই তারকা দম্পতি। খ্রিস্টান রীতিনীতিতে আয়োজিত সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও এরই মধ্যে নেট দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও পোস্ট করে এই দম্পতি যৌথ বার্তায় লেখেন, ‘দ্য সিক্যুয়েল— আমাদের ২০ বছরের ভালোবাসা আর সংগ্রামের উদযাপনে এই নতুন শপথ। আর না, এটি কোনো পারফেক্ট দাম্পত্যের উদযাপনে করা হয়নি। এটি আমাদের সমস্ত ভুলত্রুটি, মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ এবং স্বার্থহীন ভালোবাসার উদযাপন। আমরা একে অপরের জন্য আজ যে মানুষটিতে পরিণত হতে পেরেছি— এটি স্রেফ সেই আমাদের উদযাপন’।

নিজের নেওয়া নতুন শপথের কথা বলতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন জ্যোতিকা। সুরিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ প্রকাশ করে তিনি লেখেন, ‘যে মানুষটাকে আপনি ভালোবাসেন, সে যখন নিজের চেয়েও বেশি আপনাকে সম্মান করে, তখন জীবনটা নিজেই এক বিশাল উপহার হয়ে দাঁড়ায়। প্রতিদিন সকালে এমন একজন মানুষের পাশে ঘুম ভাঙা যে আমাকে আগলে রাখে, আর আমাদের সুন্দর সন্তানরা— এরাই আমার বাঁচার মূল কারণ’।

তিনি আরও যোগ করেন, ‘অভিযোগ করার কিছু নেই, কারণ এই পৃথিবীতে কোনো কিছুই পরিপূর্ণ নয়। ফাঁকগুলো কীভাবে পূরণ করতে হয়, সেটাই তো জীবনের আসল সৌন্দর্য’।

ব্যক্তি জীবনের এই বিশেষ মুহূর্তের পাশাপাশি কাজের জগতেও বেশ ব্যস্ত সুরিয়া। পরিচালক জিতু মাধবানের পরিচালনায় তার পরবর্তী সিনেমা ‘সিন’ নিয়ে দারুণ গুঞ্জন চলছে। এ ছাড়া ‘হোমবালে ফিল্মস’-এর ব্যানারে এবং ‘জয় ভিম’ খ্যাত পরিচালক টিজে জ্ঞানভেলের পরিচালনায় নতুন একটি মেগা প্রজেক্টে যুক্ত হতে যাচ্ছেন এই তারকা।