Home আঞ্চলিক কলকাতার কোয়েস্ট মলে দেখা মিলল পলাতক শেখ হেলাল ও তন্ময়ের

কলকাতার কোয়েস্ট মলে দেখা মিলল পলাতক শেখ হেলাল ও তন্ময়ের

94


স্টাফ রিপোর্টার।।
কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত ঐতিহ্যবাহী ‘কোয়েস্ট মল’-এ কেনাকাটা করতে দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা ও বাংলাদেশের পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এবং তার ছেলে সাবেক সংসদ সদস্য শেখ শাহরান নাসের তন্ময়কে। আল জাজিরার বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য ও ছবি প্রকাশ করেছেন।


জুলকারনাইন সায়েরের পোস্ট ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি কলকাতার ওই শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত ‘নটিকা’ নামের একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানে তারা দীর্ঘক্ষণ কেনাকাটা করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে।


অনুসন্ধানে আরও জানা গেছে, বাংলাদেশে হত্যা, দুর্নীতি, চাঁদাবাজিসহ একাধিক সুনির্দিষ্ট মামলার পলাতক আসামি শেখ হেলাল উদ্দিন এবং তার ভাই শেখ সালাউদ্দিন জুয়েল বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের নিউ টাউন এলাকায় অবস্থান করছেন। সেখানকার অত্যন্ত সুরক্ষিত ও বিলাসবহুল ‘দ্যা ভি’ লাক্সারী অ্যাপার্টমেন্ট টাওয়ারের দুটি পৃথক ৪ বেডরুমের ফ্ল্যাটে তারা সপরিবারে বসবাস করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।


৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যেসব নেতা ও সাবেক সংসদ সদস্য ভারতে রাজনৈতিক আশ্রয়ে বা অবৈধভাবে অবস্থান করছেন, শেখ হেলাল ও তন্ময় তাদের অন্যতম।

দীর্ঘদিন পর জনসমক্ষে তাদের এভাবে কেনাকাটা করতে দেখার বিষয়টি নিয়ে ইতিমধ্যে সচেতন মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।