স্টাফ রিপোর্টার।।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের এক গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে নিয়োগ পাওয়ার পর সরকার প্রধানের সাথে এটিই ছিল এই চেয়ারম্যানদের প্রথম আনুষ্ঠানিক দিক-নির্দেশনামূলক বৈঠক।
বৈঠকে দেশের পরিকল্পিত নগরায়ণ, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় শহরের পরিকল্পিত সম্প্রসারণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে চলমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলো দ্রুত এবং সর্বোচ্চ স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করার জন্য কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে দেশের ৯টি আঞ্চলিক উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা হলেন— খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান এডভোকেট এস. এম. শফিকুল আলম মনা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কক্সডিএ)-র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-র চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক)-র চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (ময়উক)-র চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-র চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (নাউক)-র চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের প্রধান প্রধান শহরগুলোর আধুনিকায়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার প্রধান প্রতিটি কর্তৃপক্ষকে সমন্বিত দূরদর্শী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে প্রকল্প বাস্তবায়নে যেন কোনো ধরনের অনিয়ম বা ধীরগতি না হয়, সে বিষয়ে তিনি নতুন চেয়ারম্যানদের সতর্ক ও সচেতন থাকার তাগিদ দেন।











































