আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে দেশটির বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার মিয়ানওয়ালি জেলার কাছে প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত বিমানটি ছিল হংদু জেএল-৮ মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এটি পাকিস্তান বিমানবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহার করা হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, খোলা জায়গায় বিমানের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিমানের দুই পাইলটই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। যদিও তারা আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাকিস্তান বিমানবাহিনী এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পাইলটদের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিরাপত্তা সূত্রের বরাতে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং বিমানটির প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।










































