Home খেলাধুলা ফুটবল কোচের বেতন দেবে মন্ত্রণালয়

ফুটবল কোচের বেতন দেবে মন্ত্রণালয়

2

স্পোর্টস ডেস্ক।।

হাই-প্রোফাইল কোচ নিয়োগের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। উঁচু মানের কোচকে আনতে হলে বাফুফেকে খরচ করতে হবে মাসে ৪০ হাজারের বেশি ডলার। একজন কোচের পেছনে সেই অর্থ ব্যয় করতে গিয়ে বাফুফের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা আছে।

দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বড়জোর ১৫ হাজার থেকে ২০ হাজার ডলার দিতে পারবে। বাকি অর্থের জন্য বাফুফে দ্বারস্থ হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে। বৃহস্পতিবার ১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে কোচ চূড়ান্ত করার শেষ দিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং সহসভাপতি ও সরকারি সম্পর্ক কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

বৈঠক শেষে আমিনুল হক বলেন, ‘আমরা যে কোচকে ঠিক করব, তাদের যে সীমাবদ্ধতা রয়েছে, তা যদি এক্সিট করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতার জন্য প্রতিশ্রুতি দিয়েছি।’

জাতীয় দলের নতুন কোচ কে হচ্ছেন– সেই প্রশ্ন এখন দেশের ফুটবল অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। এই দৌড়ে সবচেয়ে বেশি উচ্চারিত নাম ওয়েলসের অভিজ্ঞ কোচ ক্রিস কোলম্যানের। আলোচনায় থাকলেও কোচের বিষয়টি গতকালও চূড়ান্ত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জানা গেছে, শর্টলিস্টে থাকা আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করার বাকি আছে। তাদের সঙ্গে আলোচনার পর দুই-তিন দিনের মধ্যে হামজা চৌধুরীদের কোচ চূড়ান্ত করবে বাফুফে।

তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করা আমিনুলের কাছে কোচ নিয়োগের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাবেক এই গোলরক্ষক বলেন, ‘আমরা এখনও ফাইনাল করিনি, আসলে কাকে নেব। বাংলাদেশের ফুটবলের জন্য যে নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছি, সেখানে সম্ভাব্য সেরা যিনি হবেন আমরা যাতে তাঁকে আনতে পারি।’

কোচের বেতনের বিষয়ের সঙ্গে নতুন স্টেডিয়াম নিয়েও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। মন্ত্রণালয়ের কাছে নতুন স্টেডিয়াম চেয়েছে ফুটবল ফেডারেশন। ঢাকায় দুটি স্টেডিয়াম বাফুফের অধীনে। জাতীয় স্টেডিয়াম ছাড়াও আছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম। এর সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের স্টেডিয়ামও ফুটবলের জন্য স্থায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। এবার পূর্বাচলে ক্রিকেটের নিজস্ব নতুন স্টেডিয়ামের মতো ফুটবলেও দরকার। গতকালকের সভায় তেমন আলোচনা হয়েছে।

বাফুফে থেকে একটি স্টেডিয়াম চাওয়া হয়েছিল নিজস্ব, সেটি আসলে কোন জায়গা বা এ রকম কোনো প্রস্তাবনা তারা দিয়েছে কিনা প্রশ্নে আমিনুল হক বলেন, ‘সেটি আলোচনা হয়েছে। এটি নিয়ে নির্দিষ্ট কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি। তারা ঢাকার আশপাশে কয়েকটি ভেন্যুর কথা বলেছে। আমি বলেছি, আপনারা নিজেরা গিয়ে আগে পরিদর্শন করে আসুন, তারপর আমাদের সঙ্গে বসে আলোচনাসাপেক্ষে যেটি ভালো হয়, সেদিকে আমরা সামনের দিকে এগোতে পারব।’

কক্সবাজারে এক্সিলেন্স সেন্টারের জমির জন্য আট কোটি টাকা চাওয়া হয়েছে। বাফুফে চাইছে তা যেন মওকুফ হয়। তাহলে ফিফার অর্থায়নে প্রজেক্টটি হবে। এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আমরা এটি আলোচনা করেছি। সেটি আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে চাওয়া রয়েছে এবং প্রত্যাশা রয়েছে, তা যেন মওকুফ করে দেওয়া যায়।’