Home খেলাধুলা এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে অশান্তি, শাস্তির মুখে চুয়ামেনি-ভালভার্দে

এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে অশান্তি, শাস্তির মুখে চুয়ামেনি-ভালভার্দে

2

স্পোর্টস ডেস্ক।।

লা লিগার শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোর আগে বড় অস্বস্তিতে পড়েছে রিয়াল মাদ্রিদ।

অনুশীলন ও ড্রেসিংরুমে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ায় শাস্তির মুখে পড়েছেন দলের দুই তারকা মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দে। বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

ক্লাবের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘অনুশীলনের সময় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ফেদেরিকো ভালভার্দে এবং অরেলিয়ান চুয়ামেনির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

ঘটনার সূত্রপাত বুধবার ভ্যালদেবেবাসে রিয়ালের অনুশীলনে। সাধারণ একটি ফাউলকে কেন্দ্র করে প্রথমে তর্কে জড়িয়ে পড়েন দুই মিডফিল্ডার। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধাক্কাধাক্কিতেও জড়ান তারা।

তবে বিষয়টি সেখানেই থামেনি। পরদিন বৃহস্পতিবার ড্রেসিংরুমে আবারও উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় দুই ফুটবলারের মধ্যে। এক পর্যায়ে হাতাহাতির সময় ভারসাম্য হারিয়ে একটি টেবিলের সঙ্গে ধাক্কা লাগে ভালভার্দের। এতে কপাল ফেটে যায় উরুগুয়ের এই মিডফিল্ডারের। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়।

চোটের কারণে আগামী ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হবে ভালভার্দেকে। ফলে রবিবার বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে তাকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।

হাসপাতাল থেকে ফিরে সামাজিক মাধ্যমে দীর্ঘ এক বার্তায় ঘটনার দায় স্বীকার করেন ভালভার্দে। তিনি জানান, টানা ম্যাচের চাপ ও দলের বর্তমান পরিস্থিতি থেকে তৈরি হতাশাই এমন ঘটনার পেছনে কাজ করেছে।

চুয়ামেনির বিরুদ্ধে সরাসরি আঘাতের অভিযোগও অস্বীকার করেছেন তিনি। ভালভার্দে বলেন, ‘তর্কের এক পর্যায়ে দুর্ঘটনাবশত আমি একটি টেবিলের সঙ্গে ধাক্কা খাই, এতে আমার কপাল কেটে যায়। চুয়ামেনি আমাকে আঘাত করেনি, আমিও তাকে আঘাত করিনি।’

রবিবারের এল ক্লাসিকোতে এক পয়েন্ট পেলেই লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ঘিরে এই ঘটনা রিয়াল শিবিরে বাড়তি চাপ তৈরি করেছে।