স্টাফ রিপোর্টার।।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাজু হাওলাদার (৩৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে আবারও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদসংলগ্ন এলাকায় প্রথমবার গুলির ঘটনা ঘটে। আহত রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার সংলগ্ন ইউনুস হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, ডাকাতির অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি রাজুর পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে বহনকারী অ্যাম্বুল্যান্সটিকে লক্ষ্য করে আবারও গুলি চালায়। এ সময় অ্যাম্বুল্যান্সের চালক মো. ফারুক দ্রুত গাড়িটি চালিয়ে কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় তারা পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, ‘গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে গুলি চালায়।
পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুল্যান্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়।’









































