স্টাফ রিপোর্টার
খুলনা পাটকল রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে ইস্টার্ন জুট মিল গেটের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষের মামলায় গ্রেফতার ১৩জন জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কবির হোসেন আসামিদের আদালতে হাজির করেন। আসামিরা হলেন নগরীর ২৯/২, বি কে মেইন রোডের অনিল দত্তের ছেলে জনার্দন দত্ত (৪৫), মশিয়ালী পুর্বপাড়ার মৃত. নাছের শেখের ছেলে অলিয়ার রহমান (৪৮), বড় বয়রা মধ্যপাড়া মসজিদ রোডের মৃত. শেখ আব্দুল খালেকের ছেলে এম এ রশিদ (৫৮), ৭৮, বসুপাড়া এরশাদ আলী লেনের মৃত. আব্দুল মজিদের ছেলে মো. মিজানুর রহমান ওরফে বাবু (৫৩), মশিয়ালী মধ্যপাড়ার মৃত. ছলেমান গাজীর ছেলে মো. রবিউল ইসলাম (৩৫), খুলনা জেলার কয়রা থানার ঘাটাখালি গ্রামের শেখ মফিজুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম রবি (২৬), যশোর জেলার অভয়নগর থানার রাজঘাট গ্রামের মৃত. ইউসুফ আলির ছেলে মো. শমসের আলম (৩৯), খুলনা জেলার বটিয়াঘাটা থানার নোয়াইতলা গ্রামের মনিরুজ্জামান শেখের ছেলে
মো. আলামিন শেখ (২৬), খুলনা জেলার ফুলতলা থানার দক্ষিণ ডিহি গ্রামের মৃত. আকরাম হোসেনের ছেলে নওশের আলী (৫০), আলীম জুট মিল কলোনীর মান্নান সরদারের ছেলে মো. ফারুক হোসেন (৩৫) ও মৃত. আব্দুল জলিল হাওলাদারের ছেলে মো. সহিদুল ইসলাম (৫০), মশিয়ালী গ্রামের মৃত. মজিবর রহমান সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৫০) ও ইষ্টান জুট মিল কলোনীর মো. চাঁন মিয়া খানের ছেলে মো. আবুল হোসেন (৫০)। এ মামলার এজহারভুক্ত অপর আসামি ইষ্টান জুট মিল কলোনীর মৃত. হাতেম আলি খানের ছেলে মো. মোজাম্মেল হোসেন খান (৫৫) পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ পাটকল চালুর দাবিতে ইস্টার্ন জুট মিল গেটের সামনে খুলনা পাটকল রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে সড়ক অবরোধ কর্মসূচি পালনের জন্য শ্রমিকরা সমাবেত হয়। এসময় তারা যানবাহন ভাংচুর করলে পুলিশ বাঁধা দেয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে পুলিশের উপর চড়াও হয় এবং হত্যার উদ্দেশ্যে রেললাইনের পাথর ও ইট নিক্ষেপ করে পুলিশ সদস্যদের আহত করে। এঘটনায় এসআই মো. মেহেদী হাসান বাদী হয়ে খানজাহান আলি থানায় ১৪জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০/২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যার নং-১০।











































