স্পোর্টস ডেস্ক।।
বিবাহ টিকিয়ে রাখতে গিয়ে খেলোয়াড়ি জীবন শেষ করেছিলেন। কিন্তু এখন মনে করেন, সেটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এমনটিই বলেছেন স্কটল্যান্ডের সাবেক রাগবি অধিনায়ক স্টুয়ার্ট হগ।
৩৩ বছর বয়সী এই তারকা গত নভেম্বরে তার সাবেক স্ত্রী গিলিয়ানের প্রতি পারিবারিক সহিংসতার একটি অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি ২০২৩ সালে মাত্র ৩১ বছর বয়সে অবসর নেন।
তিনবারের ব্রিটিশ ও আইরিশ লায়ন্স ট্যুরিস্ট হগ বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাস আগে শারীরিক ক্লান্তি ও চোটের কারণ দেখিয়ে অবসরের ঘোষণা দেন।
তবে গত গ্রীষ্মে তিনি সিদ্ধান্তটি পরিবর্তন করেন এবং আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগের পর ফ্রান্সের মঁপেলিয়ে ক্লাবে খেলার জন্য জামিনে মুক্তি পান।
স্কটল্যান্ডের জার্সিতে ১০০ ম্যাচ খেলা হগ দেশটির ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। তিনি জানান, এক্সেটার চিফস-এ চার বছরের অধ্যায়ের শেষে অবসরের আগে তিনি “অ্যান্টিডিপ্রেসেন্টে ডুবে ছিলেন”।
সাবেক গ্লাসগো ওয়ারিয়র্স ফুল-ব্যাক, দ্য রাগবি পেপার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমার রাগবি ক্যারিয়ার ছেড়েছিলাম বিবাহ বাঁচানোর জন্য। তখন আমি জানতাম না, আমি কে।’
তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পারতাম না, আমি মানুষের জীবনে সুখ আনছি নাকি দুঃখ। বাস্তবতা থেকে পালাতে আমি মদ্যপানে ডুবে গিয়েছিলাম। আমি কেবল বেঁচে ছিলাম, কিন্তু জীবন কাটাচ্ছিলাম না।’
বর্তমানে মানসিকভাবে অনেক স্থিতিশীল আছেন বলে জানান হগ, ‘এখন আমি মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছি। আগে ভাবতাম, স্বার্থপর হওয়াই শক্তির লক্ষণ। কিন্তু আমি সেটা সীমা ছাড়িয়ে নিয়েছিলাম। এতে অনেককে কষ্ট দিয়েছি। এখন আমি শিখছি কীভাবে নিঃস্বার্থ হতে হয় — সঠিক কারণে, আমার সন্তানদের জন্য, আমার সঙ্গীর জন্য, আমার দলের জন্য। আমি জানি, আমি আর আগের সেই স্টুয়ার্ট হগ হব না, কিন্তু এতে আমি ঠিক আছি। আমি এখন শান্তি পেয়েছি।’
‘অবসরের পর প্রথমবারের মতো আমি আবারও নিজেকে একটি দলের অংশ হিসেবে অনুভব করেছিলাম। ফিরে এসে আমি বাবাকে বলেছিলাম, ‘‘আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি।’’-যোগ করেন হগ।











































