স্টাফ রিপোর্টার
খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরির রহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনার মূল হোতা ইউনূস শেখ আদালতে ১৬৪ ধারায় স্বিকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
সোমবার (১৮ আগস্ট) আসামি ইউনুস শেখকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। তার জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত রূপসার বিচারক অনন্যা রায়। এসময় ইউনূস স্বিকার করেন তিনি ঋণের টাকা পরিশোধের জন্য ব্যাংক লুট করেন এবং ব্যাংক ভবনের চারতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার কাছ থেকে এক লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সে উপজেলার নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে। তার একই ভবনের নিচতলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ওয়ার্কশপ মালিক ইউনূসকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাংক ভবন থেকেই রবিবার গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের একটি দল ইতোমধ্যে কিছু টাকা উদ্ধার করেছে। ইউনূস পেশায় একজন লেদ মিস্ত্রি, ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন তিনি। লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়েই তিনি ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। ভোররাতে ব্যাংকে কোনও নিরাপত্তাকর্মী না থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে টাকা নিয়ে পালিয়ে যান তিনি।
বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনার উপমহাব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম জানান, ব্যাংক লুটের ঘটনায় দায়িত্বে অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখার জন্য রবিবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিভাগীয় অফিসের ডিজিএম আসলাম হোসেন, এজিএম মশিউর রহমান ও এজিএম হামিম শেখ।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট (শুক্রবার) রাত ১০টার দিকে ব্যাংক নিরাপত্তাপ্রহরী ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙা। এমন অবস্থা দেখে নিরাপত্তাপ্রহরী আবুল কশেম বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ ১৬ হাজার টাকা নেই। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বাদী হয়ে শনিবার (১৬ আগস্ট) বিকালে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করেন।











































