Home আঞ্চলিক কয়রার ৯৪ পরিবার পেলো জলবায়ু সহিষ্ণু নতুন ঠিকানা

কয়রার ৯৪ পরিবার পেলো জলবায়ু সহিষ্ণু নতুন ঠিকানা

13


কয়রা প্রতিনিধি
প্রকৃতির রুদ্রমূর্তি আর লোনা জলের আগ্রাসন উপকূলীয় খুলনার কয়রাবাসীর নিত্যসঙ্গী। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে বারবার ভিটেমাটি হারানো অসহায় পরিবারগুলোর জীবনে এবার এলো এক নতুন দিগন্ত। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের ‘আরএইচএল’ প্রকল্পের হাত ধরে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কয়রার ৯৪টি পরিবার পেল জলবায়ু সহিষ্ণু, টেকসই ঘর। এই ঘর শুধু তাদের মাথা গোঁজার ঠাঁই নয়, বরং দুর্যোগের সঙ্গে লড়াই করার নতুন সাহস যোগাবে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামে এক আনন্দঘন পরিবেশে এই ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মোঃ আজিজুল হক, সহকারি প্রকল্প পরিচালক মোজাম্মেল হক, সাতক্ষীরা জোনাল ম্যানেজার আজাদুল রহমান, প্রকল্প সমন্বয়কারি মোঃ ইউসুফ আলী, ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম খোকা, মাসুম বিল্লাহ মিন্টুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপকূলের মানুষের দীর্ঘদিনের কষ্টের কথা তুলে ধরে ইউপি সদস্য নূর ইসলাম খোকা বলেন, “কয়রার মানুষ বারবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। এই জলবায়ু সহিষ্ণু ঘর নির্মাণের উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য ও মানবিক। আমার বিশ্বাস, এই ধরনের প্রকল্প কয়রায় বসবাসকারী মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।নতুন ঘর পাওয়া ষাটোর্ধ্ব ইউসুফ আলী বিশ্বাসের চোখেমুখে ছিল কৃতজ্ঞতার ছাপ। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, “ঝড়ে আমার ঘর ভেঙে গিয়েছিল। স্ত্রী-সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি। এখন আমার মাথার ওপর পাকা ছাদ। ঘূর্ণিঝড় এলেও আর আগের মতো ভয় পাব না। বাঁধ ভেঙে পানি এলে আগে ঘর ছেড়ে উঁচু জায়গায় ছুটতে হতো, কিন্তু এখন নিজের ঘরেই নিরাপদে থাকতে পারব।”জাগরনী চক্র ফাউন্ডেশনের পরিচালক মোঃ আজিজুল হক জানান, ঝড়-জলোচ্ছ্বাসে ঘরবাড়ি হারানো কয়রার অসহায় দরিদ্র পরিবারগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে ৯৪টি পরিবারকে এই ঘর প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, জলবায়ু সহিষ্ণু প্রতিটি ঘর এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলা করতে পারে। প্রতিটি ঘরে রয়েছে উঁচু ভিটি, মজবুত কংক্রিটের ভিত্তি ও ছাদ, সুরক্ষিত দরজা-জানালা এবং একটি করে শৌচাগার ও পানীয় জলের সুব্যবস্থা। শুধু ঘর নির্মাণই নয়, এই প্রকল্পের আওতায় আরও ৩৭৫টি পরিবারকে ছাগল পালনের জন্য ঘর তৈরি করে দেওয়া হয়েছে, ৩৪৬টি পরিবারকে কাঁকড়া চাষের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ৩৫০টি পরিবার সবজি চাষের উপকরণ পেয়েছে এবং দরিদ্র নারীরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও দরিদ্র শিক্ষার্থীরা উপবৃত্তি সুবিধা পাচ্ছে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই জলবায়ু সহিষ্ণু ঘরগুলো শুধু বসতভিটা নয়, এটি উপকূলের মানুষের জন্য সম্মানের প্রতীক। আমরা আরও বেশি সংখ্যক পরিবারকে এই সুবিধার আওতায় আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি।”