Home আঞ্চলিক সাতক্ষীরায় ছাত্রীদের যৌন হয়রানির দায়ে তিন যুবকের কারাদণ্ড

সাতক্ষীরায় ছাত্রীদের যৌন হয়রানির দায়ে তিন যুবকের কারাদণ্ড

50

সাতক্ষীরা প্রতিনিধি।।


সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অশোভন আচরণের দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত যুবকরা হচ্ছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনাখালী গ্রামের হাফেজ আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, কাটুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন এবং আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪ মে) দুপুর আড়াই টার দিকে এসএসসি পরীক্ষার্থী কিশোরীরা পরীক্ষা শেষে নিজ নিজ বাড়ি ফেরার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর মোড়ে ওই তিন যুবক পরীক্ষার্থীদের পথরোধ করে এবং অশোভন আচরণ করে। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের আটক করে।

পরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন সংবাদ পেয়ে সেখানে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌন হয়রানির দায়ে মোস্তাফিজুর রহমানকে ২ মাস এবং রাকিব হোসেন ও জোবায়ের হোসেনকে ৭ দিনের কারাদণ্ড দেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হবে সোমবার সকালে।