স্পোর্টস ডেস্ক
রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান সফর করে না ভারত। তাই এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেলে তারা দুবাইয়ে খেলছে। তবে দুবাইয়ের একটি মাঠে খেলে ভারত বিশেষ সুবিধা পাচ্ছে এমন অভিযোগ করে আসছে অন্য দলগুলো। এবার আসরের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে সেই অভিযোগ উড়িয়ে দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত সাফ জানালেন, একই মাঠে খেললেও আলাদা আলাদা পিচে খেলার কারণে তাদেরও একই পরীক্ষার মুখে পড়তে হচ্ছে।
এর আগে দুবাইয়ে কোহলিদের খেলা নিয়ে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বেশ কিছু সাবেক ক্রিকেটার আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, আলাদা আলাদা মাঠে আলাদা পরিস্থিতিতে না খেলার কারণে সেভাবে পরীক্ষার মুখে পড়তে হচ্ছে না ভারতকে।
রোহিত সমালোচনার জবাবে বলেছেন, ‘প্রত্যেক বার আলাদা পিচে খেলার কারণে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। যে তিনটা ম্যাচ দুবাইয়ে খেলেছি, প্রত্যেকটা আলাদা আচরণ করেছে। এটা আমাদের দেশের মাঠ নয়। এটা দুবাই। আমরা খুব বেশি ম্যাচ এখানে খেলি না। আমাদের কাছেও এই মাঠ নতুনের মতোই।’
টিম ইন্ডিয়ার অধিনায়কের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্রুত পিচের সঙ্গে মানিয়ে নিতে পারলে সুবিধা পাবে ভারত। তার কথায়, ‘এখানে চার-পাঁচটা পিচে খেলা হচ্ছে। আমরা জানি না সেমিফাইনাল কোন পিচে খেলা হবে। যা-ই হোক, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।’
রোহিত উদাহরণ হিসাবে তুলে ধরেছেন নিউজিল্যান্ড ম্যাচের কথা। জানিয়েছেন, নিউজিল্যান্ড বল করার সময় সুইং হচ্ছিল। প্রথম দু’টি ম্যাচে সেটা তারা দেখতে পারেননি। আগের ম্যাচে বেশি স্পিন হয়নি। রবিবারের ম্যাচে সেটা দেখা গিয়েছে।
রোহিত বলেন, ‘এতেই বোঝা যায় প্রত্যেক ম্যাচে পিচ আলাদা আচরণ করছে। ফলে আমরা কখনওই আগে থেকে জানতে পারি না যে পিচ কেমন আচরণ করবে।’
এই ওপেনারের মতে, তারা দুবাইয়ের পিচ আগে থেকে পর্যবেক্ষণ করেছেন বলেই সাফল্য পাচ্ছেন। তিনি বলেন, ‘গত দু’মাসে দুবাইয়ের খেলা কোন দিকে গড়িয়েছে, সেটার খেয়াল রেখেছি আমরা। জানতাম এখানকার পিচ ধীর গতির হবে। এখানকার টি-টোয়েন্টি লিগের ম্যাচ দেখেছি। তাতে মনে হয়েছিল স্পিনারেরা সাহায্য পাবে।’










































