পরিবেশ বিধ্বংসী পলিথিনের বিরুদ্ধে অভিযানে সম্মত খুলনা জেলা প্রশাসন
স্টাফ রিপোর্টার
জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে শিগগিরই পরিবেশ বিধ্বংসী পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার আশ্বাস দিয়েছেন খুলনা জেলা প্রশাসন দপ্তরের স্থানীয় সরকার উপ পরিচালক মো: ইউসুপ আলী। তিনি বলেছেন, নির্বিচারে পলিথিনের ব্যবহারে পরিবেশকে বিপন্ন করে তুলছে। গ্রাম থেকে শহর কোথাও এর আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না। এজন্য পলিথিন ব্যবহারে সর্তক হতে হবে। তেমনিভাবে জেলা প্রশাসনের মাধ্যমে পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (০৩ মার্চ) দুপুরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদা ভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে নাগরিকদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশস অব দি রুরাল পুয়র- র্ডপ ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ- সিএনআরএস এ অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে মূল বক্তব্য তুলে ধরেন র্ডপ’র প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার।
অনুষ্ঠানে জানানো হয়, উপকূলীয় এলাকায় ইউনিয়ন পরিষদে জেন্ডারবান্ধব ও জলবায়ূ সংবেদনশীল খাতে বরাদ্দ রাখা হলেও বাস্তবায়ন হার কম। খুলনার কয়রা, পাইকগাছার ও দাকোপের ১৪ ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে এসব খাতে ব্যয়ের হার যথাক্রমে ২৩, ১৩ ও ৩২ শতাংশ। জলবায়ূ পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ন্যায্যতার ভিত্তিতে এ অঞ্চলে বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন জরুরী।
সভায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে প্রতিটি ইউনিয়ন পরিষদের বাজেটে চাহিদা ও খাতভিত্তিক বাজেট বিভাজন, জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধি ও বাস্তবায়ন এবং দূষণমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে (বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন) কার্যকরি উদ্যোগ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ, গদাইপুর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলাম, নাগরিক সংগঠনের স্বপন মন্ডল, রওশন আরা বেগম প্রমুখ। #
মোরেলগঞ্জে এতিম শিশুদের নিয়ে বিএনপি নেতা শিপনের ইফতার
মোরেলগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কয়েকটি এতিমখানার শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, আবজাল হোসেন জোমাদ্দার, আসাদুজ্জামান মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম।
মোরেলগঞ্জে প্রকল্প বাস্তবায়ন বিষয়ে গণশুনানি
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পানি সম্পদ মন্ত্রানালয়ের অধীনে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পের কাজের তথ্য প্রেরণ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। পানি সম্পদ মন্ত্রানালয়ের উপদেষ্টার নির্দেশনা মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সোমবার বেলা ১১টার দিকে এ গণশুনানি সভা অনুষ্ঠিত হয়।
খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল বিরুনী।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পানিউন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার ও স্থানীয় বিএনপি নেতা মো. সেলিম মিয়া।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন পরিষদ সদস্য বিটুল বিশ্বাস, বিএনপি নেতা মো. লোকমান বয়াতী, ছাত্রদল নেতা মো. আবু সালেহ, কৃষক সমির কুমার হালদার ও সরোয়ার হোসেন বয়াতী।
মোরেলগঞ্জে ৪০ হাজার ভোটারের স্মার্ট পরিচয়পত্র আটকে আছে
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট জেলার অন্যতম বৃহৎ ও দেশের সর্বদক্ষিণের উপজেলা মোরেলগঞ্জ। ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলার আয়তন ৪৩৮ বর্গ কিলোমিটার। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৮৮৬ জন, যার মধ্যে ৪০ হাজার ভোটার এখনও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (ঘওউ) হাতে পাননি।২০১৯ সালের পর যারা নতুন ভোটার হয়েছেন বা ভোটার স্থানান্তর করেছেন, তারা এখনো স্মার্ট কার্ড পাননি। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষার পরও তাদের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। প্রতি বছর এ উপজেলায় গড়ে ৮ হাজার নতুন ভোটার যুক্ত হয়, ফলে স্মার্ট কার্ডপ্রাপ্তির অনিশ্চয়তা আরও দীর্ঘ হচ্ছে।
কী বলছে নির্বাচন অফিস?
মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন অফিস জানায়, ২০১১ সালে “আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস” (আইডিইএ) প্রকল্প গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি), যা বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হয়। এর লক্ষ্য ছিল একটি নিরাপদ ও আধুনিক স্মার্ট এনআইডি সিস্টেম গড়ে তোলা।কিন্তু বাস্তবে, স্মার্ট কার্ড না পাওয়ায় অনেকেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে হতাশ হয়ে ফিরে আসছেন। দূর-দূরান্ত থেকে আসার পর জানতে পারছেন, তাদের কার্ড এখনো তৈরি হয়নি। ফলে তারা নানাবিধ ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা গনেশ বিশ্বাস জানান,
“২০১৯ সালের পর যারা নতুন ভোটার হয়েছেন, সংশোধনী করেছেন বা স্থানান্তরিত হয়েছেন, তাদের স্মার্ট কার্ড পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমরা চাই, সবাই দ্রুত কার্ড হাতে পাক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হবে।” ভোটারদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
অনলাইন গেমসে কেশবপুরের তরুণরা বিপথে ধাবিত হচ্ছে
কেশবপুর প্রতিনিধি
বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে অনলাইন গেমসের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এটি বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তবে অতিরিক্ত আসক্তি অনেক তরুণকে বিপথে পরিচালিত করছে।
কেশবপুরের অনেক চায়ের দোকানের পিছনে অনলাইন গেমসে আসক্ত হয়ে তরুণরা সকাল থেকে গভীর রাত অবধি দল বেঁধে গেমস খেলছে।
এই সকল তরুণরা পড়ালেখা বাঁধ দিয়ে সারাক্ষণ শুধু মোবাইলে আসক্ত। গেমস গুলোতে যেমন হঠাৎ প্রচুর অর্থবিত্ত বড়লোক হওয়া এবং বিভিন্ন অস্ত্র পাতি পরিচালনা করতে দেখায় তদ্রূপ এই সকল তরুণদের মাঝে একই রকম মন মানসিকতা বিরাজ করছে।
অল্প পরিশ্রমে কিভাবে প্রচুর অর্থ বৃত্তের মালিক হওয়া যায়, কাল্পনিক সব মানসিক চিন্তাভাবনা তাদের মধ্যে বিদ্যমান এর ফলে পরিবারগুলো হয়ে পড়ছে দিশেহারা।
ভালো ভালো ঘরের সন্তানেরা রাত জেগে গেমস খেলে তাদের পড়ালেখা চিন্তাভাবনা দৈনন্দিন চালচলন সবই পরিবর্তন করে ফেলছে। এই সকল তরুণরা প্রথমে ধুমপান পরবর্তীতে নেশার জগতে ঢুকে পড়ছে।
দীর্ঘ সময় মোবাইলের স্ক্রিন এর সামনে বসে থাকার ফলে চোখের সমস্যা, মাথাব্যথা, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ ও হতাশা বৃদ্ধি পাচ্ছে।
অতিরিক্ত গেমস খেলার কারণে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে। অনেক অনলাইন গেমস ভার্চুয়াল কেনাকাটা করতে টাকা দরকার হয়, যা সংগ্রহ করতে অনেক তরুণ চুরি বা প্রতারণার মতো কাজে জড়িয়ে পড়ছে।
প্রশাসনের এখনই উচিত কেশবপুরে যে সকল চায়ের দোকানে অনলাইন গেমস আড্ডা চলছে তা এখনই প্রতিহত করা এবং যথাযথ ব্যবস্থা নেয়া।
অন্যথায় কেশবপুর বাসীর জন্য এই সকল অনলাইন গেমস খেলা তরুণরা একসময় ভয়াবহ রূপ ধারণ করবে।
শৈলকুপায় আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপির কার্যালয় ও পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত গভীর রাতে শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ২টার দিকে বাজারের মুদি দোকানি সেলিমের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদাম এবং ফুলহরি ইউনিয়ন বিএনপির কার্যালয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রওশন জামান জানান, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। আমার দোকানের ওষুধ, সার সব পুড়ে গেছে। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
পূর্ব সুন্দরবনের কোকিলমনিতে কাকড়া ধরার নিষিদ্ধ চারু আগুনে পুড়িয়ে ধ্বংস
শরণখোলা প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের কোকিলমনি ফরেস্ট টহল ফাঁড়ির বনে সোমবার দুপুরে বিপুল পরিমাণ কাকড়া ধরার নিষিদ্ধ চারু জব্দ করেছেন বনরক্ষীরা। জব্দ করা চারু (চাঁই) আগুনে পোড়ানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে কোকিলমোনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল কালে পশুর নদীর কাছে বনের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কাকড়া ধরার চারু জব্দ করেন। কাকড়ার প্রজনন মৌসুম গত দুই মাস যাবৎ সুন্দরবনে কাকড়া ধরা নিষিদ্ধ রয়েছে। আইন না মেনে কতিপয় জেলে গোপনে সুন্দরবনের খালে বাঁশের তৈরী চারু দিয়ে কাকড়া শিকার করে আসছিলো। গত ১৭ ফেব্রুয়ারী অবৈধভাবে কাকড়া ধরার অপরাধে কোকিলমোনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা দুইজন জেলেকে আটক করে বাগেরহাট আদালতে চালান দেয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার নজরুল ইসলাম শামিম মোবাইল ফোনে বলেন, কোকিলমোনি বনাঞ্চল থেকে জব্দ করা বিপুল পরিমাণ কাকড়া ধরার চারু সোমবার দুপুরে কোকিলমোনি ফরেস্ট টহল ফাড়ির অফিস চত্বরে আগুনে পুড়িয়ে ধংস করে ফেলা হয়েছে ।
রামপালে শহীদ গাজী আবু বকারের হত্যার পুনরায় বিচার দাবি
রামপাল প্রতিনিধি
রামপালে শহীদ গাজী আবু বকার সিদ্দিকীর হত্যার বিচার দাবিতে শহীদ পরিবারের সদস্যদের এক প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শহীদ গাজী আবুবকর রহিমাহুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (৩ মার্চ) দুপুর ২ টায় ফয়লাহাট বাসস্টান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজনে সমগ্র বাংলাদেশ শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে মো. মুনাওয়ার হুসাইনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন, হাকিমপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা সোনাতুনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ. মাবুদ, সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাওলানা আ.আজিজ, মাওলানা মো. মোশাররফ করিম, ঢাকা মেডিকাল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মো. আতিয়ার রহমান, মাওলানা রহমাতুল্লাহ, শহীদ আলী আহসান মুজাহিদের ছেলে মো. আলী আহমদ মাবরুর, মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদীর ছেলে মাসুদ সাইদী, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, মুফতি কাজী ইব্রাহীম, গাজী রাসেল, হাসান ইমাম, সরদার মহিদ্লু ইসলাম প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্য দেন, শহীদ গাজী আবু বকার সিদ্দিকীর ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিটর (প্রশাসন) গাজী মনোয়ার হুসাইন তামিম।
বক্তাগণ শহীদ গাজী আবুবকর সিদ্দিকীকে নির্মমভাবে বােমার আঘাতে হত্যা করা হয়। বিগত স্বৈরাচার সরকারের আমলে পুলিশ হত্যা মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করেনি। যে কারণে সুষ্ঠুভাবে বিচার করা সম্ভব হয়নি। মরহুমের স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা বলেন, গাজী আবু বকার সিদ্দিকীসহ সকল শহীদদের পুনঃতদন্ত দাবী করেন। প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান শেষে দোয়া করা হয়। সমাবেশে সহস্রাধীক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।মোনাজাত পরিচালনা করেন, গাজী মনোয়ার হুসাইন তামিম।
কলারোয়ায় কৃষি জমির মাটি বাণিজ্যে চলছে দেদারসে
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা কলারোয়ার উপজেলার প্রত্যান্ত অঞ্চলে কৃষি জমি থেকে মাটি বাণিজ্যে তুঙ্গে উঠেছে। দেখার কেউ নেই। এসব জমির মাটি অবৈধ ট্রাক্টর ও ড্রাম ট্রাক দিয়ে বহন করে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে কতিপয় দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে গোপন চুক্তিতে অবৈধ এই ব্যবসায় হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর দিনদিন ফসলের জমি হারাচ্ছে কৃষকরা।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কুশোডাঙ্গা ইউনিয়নের চিতলা গ্রামসহ বিভিন্ন জায়গায় কৃষি জমির মাটি কাটার মহোৎসব মেতে ওঠেছেন অসাধু ব্যবসায়ীরা।
এরমধ্যে কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের খোকনসহ বেশকয়েক ব্যক্তি এই ব্যবসায় আঙ্গুল ফলে কলাগাছ বনে গেছেন। এতে করে যেমন ক্ষতি হচ্ছে কৃষকের, তেমনি নষ্ট হচ্ছে কাঁচা-পাকা রাস্তা ও ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ।
স্থানীয়রা বলছেন, অবৈধ মাটি ব্যবসায়ীরা দীঘদিন ধরে কৃষি জমি থেকে মাটি তুলে অন্যত্র বিক্রি করছে। প্রশাসনের তদারকির অভাবে দিন রাত সমান তালে চলছে কৃষি জমির মাটি কাটার মহোৎসব। এ সংক্রান্ত আইনি বিধিনিষেধ থাকলেও কেউই তা মানছে না। ফলে প্রতিদিন একরের পর একর কৃষি জমি হারিয়ে যাচ্ছে। কেও আবার তিন ফসলি জমি অবৈধভাবে মাটি খনন করে পুকুর বানাচ্ছে। এতে যেমন জমি উর্বরশক্তি হারাচ্ছে তেমনি ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। জমি ১০ থেকে ১২ ফুট গভীর করে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। তারা এমন কাণ্ড লিপ্ত থাকলেও প্রশাসন নিরবতা পালন করছে বলে ভূক্তভোগিরা জানিয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সামান্য বৃষ্টি হলে রাস্তায় কাদা হয়, তখন রাস্তায় চলাফেরা করতে আমাদের খুবই সমস্যা হয়, প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে। এছাড়াও ধুলাবালি কারণে অসুস্থ মানুষের শ্বাস-নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
এবিষয়ে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন মুঠোফোনে জানান, নায়েব সাহেবকে পাঠিয়ে মাটিকাটা বন্ধ করা হবে।
সাতক্ষীরার সাবেক ডিসির শাস্তির দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ নির্বাচন, হত্যা, গুমসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পুলিশের গুলিতে পা হারানো এস এম আহাদ, শহর আলী, নিহতদের পরিবারের সদস্য খোরশেদ আলম, আব্দুল গফুর, ফকরুল হাসানসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মী নিহত হন, যার নেপথ্যে ছিলেন তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও জেলা প্রশাসক নাজমুল আহসান। বক্তারা দাবি করেন, স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় সহিংস অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান ও পুলিশ সুপার চৌধুরী মঞ্জুর কবির। যৌথবাহিনীর অভিযানে রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়, অসংখ্য মানুষ গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হন। ২০১৩ সালের ৩০ ডিসেম্বর যৌথবাহিনীর গুলিতে নিহত হন আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম (৪৫)। পরিবারের অভিযোগ, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে থানায় নির্যাতন করা হয় এবং পরে ফাঁকা মাঠে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
২০১৪ সালের ২৪ জানুয়ারি দেবহাটার কুলিয়া গ্রাম থেকে ছাত্রশিবির নেতা আবুল কালাম (১৭) ও জামায়াত কর্মী মারুফ হাসান ছোটনকে (২২) গ্রেফতারের পর থানায় ব্যাপক নির্যাতন চালানো হয়। দুই দিন পর তাদের নারকেলি গ্রামে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
এছাড়া, ২০১৪ সালের ২৭ এপ্রিল সাতক্ষীরার কামালনগরে ছাত্রশিবিরের মেসে অভিযান চালিয়ে শহর শিবিরের সেক্রেটারি আমিনুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আরও সাতজন গুলিবিদ্ধ হন। ২০১৪ সালের ২০ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানের ঘোষণা দেন। সাতক্ষীরা সার্কিট হাউজে তিনি বলেন, “বিএনপি-জামায়াতের সন্ত্রাস দমন করতে যা যা করা দরকার, তা করা হবে।” তার সফরে তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
নাগরিক সমাজ ও ভুক্তভোগীরা অভিযোগ করেন, ওই সময় সাতক্ষীরায় রাজনৈতিক সহিংসতায় ৪৩ জন নিহত হন, যার মধ্যে যৌথবাহিনীর গুলিতে নিহত হন ২৭ জন বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মী। আরও শতাধিক মানুষ আহত হন, অনেকের বাড়িঘর ধ্বংস করা হয়।
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বড়দল কলেজে নিবন্ধন জালিয়াতি তিন বছর পর হঠাৎ বেতন উত্তোলনে ক্ষোভ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের ভূয়া নিবন্ধন দেখিয়ে দীর্ঘ ১৫ বছর যাবত প্রভাষক পদে চাকরি করে বেতন ভাতা উত্তোলন অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার প্রার্থনা করে দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তার নিকট আবেদন করা হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে বড়দল আফতাব উদ্দিন কলেজের স্কুলের তৎকালিন অধ্যক্ষকে সরাসরি উপস্থিত হতে নির্দেশ প্রদান করেছিলেন। কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আদিত্য কুমার ব্যানার্জী বাদী হয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগে জানা গেছে কলেজের ব্যবস্থার বিভাগের প্রভাষক শিবপদ সানাকে ২০০২ সালে এম,এ এর সনদ না থাকলেও জালিয়াতির আশ্রায় গ্রহন করে তাকে প্রভাষক পদে নিয়োগপ্রদান করা হয়।শিবপদ২০০১ সালে বিকম ব্যবস্থাপনা এবং ২০০৪ সালে এম কম ব্যবস্থাপনা বিষয়ে পাস করেন । অথচ তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে এম কম পাশের দু’বছর আগে এম কম পাশের সনদ দেখিয়ে চাকরি গ্রহণ করেন ।এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার সহকারী পরিচালক (কলেজ তিন )মোহাম্মদ জসিম উদ্দিন ৭ জি/২২৫(ক-৩)/১০/৮১৪৩/২ তারিখ ১-০৬-২০১০ নং স্বারকে এমপিও ভুক্তি প্রসঙ্গে উক্ত প্রভাষক শিবপদ সানাকে নিয়োগকালে মাস্টার্স সনদ না থাকায় নিয়োগ বিধিসম্মত হয়নি। নিয়োগ বৈধকরণে প্রক্রিয়া যথাযথ হয়নি উল্লেখ করে আপত্তি থাকায় এমপিও ভুক্তি সম্ভব হচ্ছে না বলে অবহিত করেন তৎকালীন কলেজ কর্তৃপক্ষকে। তৎকালীন কলেজ কর্তৃপক্ষ তাদের দুর্নীতি ও জালিয়াতি ধরা পড়েছে বুঝতে পেরে ১১-১১-২০১০তারিখে বাংলাবাজার ও প্রভাত ফেরি নামে দুটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন । প্রভাষক শিবপ্রদ সানা তখন ২৪-১১- ২০১০ তারিখ নিয়োগ পেতে আবেদন করেন।২০১০ সালে নিবন্ধন থাকার বাধ্যবাধকতা ছিল ।কিন্তু তিনি ভুয়া নিবন্ধন দেখিয়ে আবারো প্রচারনার আশ্রয় গ্রহণ করেন। নিবন্ধন কর্তৃপক্ষর মাধ্যমে জানা যায় শিবপদ সানার পিতার নাম করুণাময় সানা মাতা মৃত উর্মিলা সানা অথচ তিনি মোঃ রেজাউল করিম পিতা জিয়াউর রহমান রেজিস্ট্রেশন নাম্বার ৮০০১৯৮৩০/৮রোল নাম্বার ২০১১০ ৪৫১ পাশের সন ২০০৮ বিষয় ব্যবস্থাপনা বিভাগের নিবন্ধন জালিয়াতি করে নিজের নামে নিবন্ধন দেখিয়ে প্রভাষক পদে আবেদন করেন এবং কর্তৃপক্ষ তাকে ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক পদে নিয়োগ প্রদান করেন । নিবন্ধন কর্তৃপক্ষ নিকট শিবপদ সানার নিবন্ধন ভুয়া প্রমাণিত হওয়ায় বড় দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলকে আশা শুনি থানায় মামলা করতে বলেন। তৎকালীন অধ্যক্ষ আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন যা এখনো চলমান। নিবন্ধন কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে বড় দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের শিক্ষক শিবপদর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। সে মোতাবেক বড় দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের গভর্নিং বডি তাকে সাময়িক বহিষ্কার করেন এবং দীর্ঘদিন ধরে বেতন বন্ধ রাখেন। সূত্র মতে জানা যায় প্রভাষক শিবপদ সানাকে দীর্ঘ তিন বছর অর্থাৎ একুশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তাকে বেতন বন্ধ রাখা হয়। নিবন্ধন জালিয়াতের মামলায় শিবপদ সানা ছয় মাস এবং অন্য একটি মামলায় আরোএক মাস মোট সাত মাস জেল হাজত বরণ করেন। সরকারের নতুন অধ্যাদেশের ফাকে জায়গা করে নিয়ে প্রতারক শিবপদসানা ইএফটির পূরণ করে গত ডিসেম্বর থেকে বেতন ভাতা উত্তোলন করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বেতন ভাতা উত্তোলনের বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের বাবলুর রহমান নিকট জানতে চাইলে তিনি বলেন আমি একটি লিখিত চিঠি তাকে দিয়েছি সে যেন কোন প্রকার বেতন ভাতা উত্তোলন না করেন এবং যদি উত্তোলন করে থাকে তাহলে সমস্ত দায়ভার সে বহন করবে। এ ব্যাপারে তিনি আরো বলেন আমি সংশ্লিষ্ট রূপালী ব্যাংক বরাবর একটি চিঠিও প্রেরণ করেছি। এ ব্যাপারে শিক্ষক শিবপদ নিকট যোগাযোগ করতে চাইলে তার ফোনটি রিসিভ হয়নি। হঠাৎ করে শিবপদ সানার বেতন উত্তোলন সম্পর্কে এলাকায় প্রচার হলে এলাকাবাসী দীর্ঘদিন বেতন বন্ধ থাকা ,বেতন চালু হল কেমন করে এমন একটি জিজ্ঞাসা সকলের মনে সঞ্চারিত হচ্ছে।
কালীগঞ্জে মাদকসেবনে বাধা
সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় এহিয়ার রহমান নামের এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। রোববার দুপুরে উপজেলার মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, রোববার দুপুরে এহিয়ার রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন। সে সময় আসামিরা সিরাজুল ইসলামের পথে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি বুঝতে পেরে এহিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে তাদের থামানোর চেষ্টা করে ও চাচাতো ভাই সিরাজুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তখন পেছন থেকে তার ওপর দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি, চাপাতি লোহার রড দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আসামিরা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে বেড়ায়। এহিয়ার রহমান তাদের এই কর্মকাণ্ডের দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিল। এতে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে পাঠানো হয়। বর্তমানে তিনি সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এজাহারে রাড়ীপাড়া গ্রামের মৃত তমেজ আলীর ছেলে মো. মাসুম (২৮), বাবর আলী মন্ডলের ছেলে আমির আলী (৫৬), মিন্টুর ছেলে রিফাত হোসেন (২২), আমির আলীর স্ত্রী মোছা. মঞ্জুরা বেগম (৪৮), মিন্টুর স্ত্রী রিনা বেগম (৩৮), তমেজ আলীর স্ত্রী সমত্তাভানকে (৫৫) আসামি করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
সাতক্ষীরা প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, ডিডিএলজি মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার আমির উপাধাক্ষ শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার ডিডি মোঃ মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যা, র্যাব-৬ এর উপ সহকারী পরিচালক রুহুল আমিন, শহর জামাতের সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি মোঃ জুবায়ের হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সোহায়েল মাহাদি, মুখপত্র মোহিনী পারভীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রূপসায় যৌথ অভিযানে অবৈধ ইটভাটার ২২টি চুল্লী বন্ধ
রূপসা প্রতিনিধি
মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে খুলনার রূপসা উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধে ৩ মার্চ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২২টি অবৈধ ইটভাটার চুল্লী বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় থানা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস ও পল্লীবিদ্যুত সমিতির একটি দল।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ ইটভাটার ধোঁয়া ও শব্দ দূষণের কারণে আশপাশের জনজীবন হুমকির মুখে। প্রশাসনের কঠোর পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেন এবং এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পাখিমারা ফেরিঘাট সংলগ্ন নদীর চর দখলের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরের পদদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা ফেরিঘাট সংলগ্ন স্থানে গাছ ও মাটি কেটে নদীর চর দখলের অভিযোগ উঠেছে।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, খোলপেটুয়া নদীর পূর্ব প্রান্তের এক ডজনেরও বেশি গাছ কাটার পর সেখান থেকে মাটি কেটে নদীর চরের প্রায় দুইশ’ ফুট জায়গা দখলে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী হবিবুর রহমান, খলিলুর রহমান ও মাহবুবুর রহমান নামের তিন ব্যক্তি।
স্থানীয়রা জানান, উপকূল রক্ষা বাঁধের পশ্চিম পাশে এক্সেভেটর দিয়ে মাটি কাটা হয়েছে গেল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত। এসময় উপড়ে ফেলা হয়েছে একাধিক গাছ। বিষয়টি ধামাচাপা দিতে একাধিক গাছ দেওয়া হয়েছে মাটিচাপা। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় তহশীলদার মোটা অংকের উৎকোচের বিনিময়ে দখলদারদের সহযোগিতা করেছেন।
সরজমিনে গেলে সামনে আসেননি হবিবুর রহমান ও মাহবুবুর রহমান। তবে, খলিলুর রহমান জানান, নায়েবের সাথে তার ভাতিজা নাহিদ ইসলাম গিয়ে কথা বলে এসেছে। পরে নায়েব এসেছিল, তবে তখন কাজ সম্পন্ন হয়ে যায়। এসময় নদীর চরের গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি দ্রুত পায়ে হেঁটে চলে যান। ইউনিয়ন ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নায়েবদের বিরুদ্ধে মানুষ এমন অভিযোগ প্রায় করে। এসময় তার কাছে চরের জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং ফোন কেটে দেন।
শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, তহশীলদেরকে বলা হয়েছে বিষয়টি খোঁজ নিয়ে আমাকে জানাতে, পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা চেষ্টার অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার সদর উপজেলার বৈচনা উত্তর পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বৈচনা উত্তর পাড়ার আবু জাফরের ছেলে আবীর হাসান শাওনকে সোমবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে চৌবাড়িয়া এলাকার জাহাঙ্গীর কবির শিমুল, মাহমুদ হাসান বকুল, নাজমুল শাহাদাৎ বাবু, মোঃ শহিদুল ইসলাম এবং মোঃ ইয়াছিন ভুক্তভোগীর ভোগ দখলীয় জমির উপর গায়ের জোরে মাটি খুড়তে থাকে। ভুক্তভোগী আবু জাফর সংবাদ পেয়ে জমিতে যায় এবং বিবাদীদের মাটি কাটতে নিষেধ করে। এ সময় বিবাদীদের সাথে আবু জাফরের তকবিতর্কের সূত্রপাত হয়। একপর্যায়ে বিবাদীরা আবু জাফরকে রোজা থাকা অবস্থায় মারধর করতে থাকে এবং তার বড় ছেলে আবির হাসান শাওন তাকে উদ্ধার করতে গেলে বিবাদীরা শাওন কে মাটিতে চেপে ধরে ,বাঁশের লাঠি এবং কোদাল দিয়ে খুন করার উদ্দেশ্যে মাথার বাম পাশে কোপ মেরে কাটা রক্তাক্ত জখম করে। আহত আবীর হাসান শাওনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংস্কার চান আল ফিকহ্ বিভাগের শিক্ষার্থীরা
কুষ্টিয়া প্রতিনিধি
বিভাগ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদভুক্ত আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (১ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আইন অনুষদের অন্য বিভাগের ন্যায় ভর্তি পরীক্ষা নেওয়াসহ বিভাগ সংস্কারে বিভিন্ন দাবি জানান তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘আইন অনুষদের পরীক্ষা ধর্মতত্ত্বে কেন’, ‘অনতিবিলম্বে বিভাগের নাম সংস্কার চাই’, ‘আমরা কেন অস্তিত্ব সংকটে’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
জানা গেছে, গত বুধবার বিভাগে একাডেমিক কমিটিতে আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ‘বি’ ইউনিটের পরিবর্তে ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের সঙ্গে নেওয়া হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করায় তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় তারা বিভাগের সেশনজট দূর করা, বিভাগের নামে আইন শব্দটি যুক্ত করা, ইউজিসি কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী বিভাগের কারিকুলাম সংস্কার করা এবং আইন অনুষদের সঙ্গেই তাদের ভর্তি পরীক্ষা নেওয়াসহ বিভাগ সংস্কারের বিভিন্ন দাবি তোলেন।
বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন বলেন, “আমরা ধর্মতত্ত্ব অনুষদের অধীনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে আইন এবং ফিকহ্ দুইটি দিকই রক্ষা হবে। ‘ডি’ ইউনিটভুক্ত হওয়া মানে আইন অনুষদ ছেড়ে দিয়ে ওই অনুষদে যাওয়া নয়। ডি ইউনিটে কলা অনুষদও আছে। এটা ২২ বছরের প্রতিষ্ঠিত একটা বিশেষায়িত বিভাগ, এখানে শঙ্কার কোন কারণ নেই। এটা যুক্তিসঙ্গত কিনা প্রশাসন বিবেচনা করে দেখবে।”
বিভাগের নাম পরিবর্তনে বিষয়ে তিনি বলেন, “বিভাগের নাম আমরাও পরিবর্তনের জন্য প্রশাসনকে অবহিত করেছি। নাম পরিবর্তনের বিষয়ে পুরো বিভাগ একমত। কোন কিছু হতে সময় লাগে। নতুন প্রশাসন আসছে।”
এ বিষয়ে উপাচার্যের দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার্থীদের কথা শুনেছি। বিভাগে প্রাথমিক সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবায়ন করার এখতিয়ার প্রশাসনের রয়েছে। শিক্ষার্থীদেরকে আগামীকাল লিখিত দরখাস্ত দিতে বলা হয়েছে। দুই পক্ষের কথা শুনে প্রশাসন সিদ্ধান্ত নেবে।
২০০৩-০৪ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের যাত্রা শুরু হয়। এরপর ২০০৩-০৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভাগটিতে শতভাগ মাদ্রাসা শিক্ষার্থী ভর্তি করানো হয়।
২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত এই বিভাগে ভর্তি হতে ভর্তি পরীক্ষায় বাধ্যতামূলক ফিকহী বিষয়ে উত্তর করতে হতো। কিন্তু ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ভর্তি নীতিতে পরিবর্তন আনে প্রশাসন।
সংশ্লিষ্টদের অভিযোগ বিভাগটির লক্ষ্য ও উদ্দেশ্যকে অন্যখাতে প্রবাহিত করতে তৎকালীন আওয়ামী প্রশাসন ভর্তিনীতি পরিবর্তন করে। যা পরবর্তীতে বিভাগটির ভাবমূর্তি ও লক্ষ্য-উদ্দেশ্যকে কোনঠাসা করে দেয়।
সাতক্ষীরায় ‘মা মটরস’ এর মালিক জিল্লুর বিরুদ্ধে কাস্টমারকে মারপিটের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের ‘মা মটরস’ এর মালিক জিল্লুর বিরুদ্ধে কাস্টমারকে মারপিটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শাহ শরিফুল বাসার জানান, আমি একজন ব্যবসায়ী। সাতক্ষীরা মা মটরস এর স্বত্ত্বাধিকারী জিল্লু ও তার শো রুমের ৭/৮জন কর্মচারীরা অতিব খারাপ ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। আমার একটি গ্লামার মটর সাইকেল আছে। উক্ত মটর সাইকেলের ট্যাংকি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি মা মটর এর শো—রুমে গিয়ে আমার মটর সাইকেল এর ট্যাংকি আনার জন্য বলি। তাহারা আমাকে জানায় যে, কিছু টাকা অগ্রিম দিলে তারা ২ (দুই) দিনের মধ্যে আমার গাড়ীর ট্যাংকি এনে দিবে। আমি বিবাদীদের কথামত আমি ঐ দিন তাদের পাঁচ হাজার টাকা প্রদান করি। বিবাদীদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে বিবাদীরা আমার গাড়ীর উক্ত ট্যাংকি না এনে দেওয়ায় কারণে আমাকে বারবার ঘুরাইতে থাকে। প্রায় দিন তারা আমাকে সকাল বিকাল ঘুরাতে থাকে। আমি উক্ত বিষয়টি নিয়ে মা মটরস্ এর মালিক জিল্লু কে জানায় তিনি আমাকে বলে যে, কিছুদিনের মধ্যে আপনার ট্যাংকি পেয়ে যাবেন। সোমবার বেলা ১২টার দিকে আমি ০১ নং সাক্ষী বিবাদীদের শো রুমে যাই। সেখানে গিয়ে আমার গাড়ীর ট্যাংকি চাইলে তারা আমার সাথে খারাপ আচারণ করে বলে যে, যখম ট্যাংকি আসবে তখনই পাঠিয়ে দিব। এক পর্যায়ে আমি বিবাদী শাওন কে বলি যে, তুমি আমার গাড়ীতে উঠে বস এবং চল কোথায় ট্যাংকি আনতে টাকা দিয়েছো। ঐ সময় বিবাদীদের সাথে আমার তর্কবিতর্কের সূত্রপাত হয় একপর্যায়ে বিবাদী শাওন সহ উক্ত দোকানে থাকা অন্যান্য বিবাদীরা তাদের শো—রুমের মধ্যে থাকা সেলাই রেঞ্জ, লোহার রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। বিবাদী শাওন সেলাই রেঞ্জ দিয়ে খুন করার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করতে গেলে উক্ত আঘাত আমার বাম চোখের ভ্রম্ন’র উপরে লেগে কাটা রক্তক্ত জখম হয়। আমি ওই আঘাতে মাটিতে পড়ে গেলে অন্যান্য বিবাদীরা আমার ডান হাতে, বাম হাতে সহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে জখম করে। উক্ত সময় আমার সাথে থাকা মন্টু সহ অন্যান্যরা আমাকে বিবাদীদের হাত হইতে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বিবাদীরা আমার ব্যবহৃত মোটর সাইকেল ৪ঠ এর গাড়ীর চাবি নিয়ে নেয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাহেব আমার বাম চোখের ভ্রুরুর উপর তিনটি সেলাই দিয়েছে। আমি সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। পরে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করেছি। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইলে বাজার মনিটরিং শুরু
নড়াইল প্রতিনিধি
রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নড়াইলে সেনাবাহিনীর সহযোগিতায় বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। এসময় পৌরসভার রূপগঞ্জ বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী এবং সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।
সংশ্লিষ্টরা জানান, অভিযান চলাকালে দোকানের লাইসেন্স না থাকায় মেসার্স রায় ওয়াচ ও ট্রেডার্সের মালিক শ্যামল রায়কে ৫ হাজার টাকা, পণ্য কেনার ভাউচার না দেখাতে পারায় ফল ব্যবসায়ী তারেক বিশ্বাস ও কাঁচামাল ব্যবসায়ী জাহিদকে যথাক্রমে এক হাজার ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
দ্রব্য্মূল্য নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
সাতক্ষীরা প্রতিনিধি
পবিত্র মাহে রমজানে বাজার ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে মোবাইল কোট পরিচালনা করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা। রোববার (২ মার্চ) বিকালে সাতক্ষীরা ইটাগাছা হাটের মোড় এলাকায় এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (এনডিসি) মোঃ পলাশ আহমেদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক মোঃ আরাফাত হোসেন, সদস্য সচিব পায়েল সোয়াইল মাহাদিসহ প্রশাসনিক কর্মকর্তা ও সচেতন নাগরিকবৃন্দ। জানা যায় পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার রমজান মাসব্যাপী চলবে এ মোবাইল কোর্ট পরিচালনা।
আইডিয়া’র ঠান্ডা পানিতে তৃষ্ণা মিটছে রোজাদারদের
যশোর অফিস
রমজান এলেই রোজাদারদের জন্য বিশুদ্ধ ঠান্ডা পানি নিয়ে হাজির হয় যশোরের সমাজকল্যাণমূলক সংগঠন ‘আইডিয়া’। ২০১৯ সাল থেকে শহরের খড়কি এলাকায় রমজানে মাসব্যাপী বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করে আসছে সংগঠনটি। ওই এলাকার রোজাদারদের জন্য বিশুদ্ধ ঠান্ডা পানি প্রাপ্তিতে আশীর্বাদ হয়ে উঠেছে সংগঠনটি।
প্রতিবছরের মতো এবারও প্রথম রমজানেই পানি নিয়ে হাজির হয়েছেন আইডিয়ার সেচ্ছাসেবকরা। রোববার (২ মার্চ) বিকেলে প্রথম রমজানে শহরের খড়কি এলাকায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারের রমজানেও পানি বিতরণ শুরু হয়েছে। খড়কি এলাকার আঞ্জুমানে খালেকিয়া এতিমখানার সামনে মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের পানি বিতরণ প্রকল্প শুরু হয়েছে। এসময় খড়কি মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা হামিদুল হক শাহীন উপস্থিত ছিলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা হামিদুল হক বলেন, ‘২০১৯ সাল থেকে আইডিয়ার স্বেচ্ছাসেবকরা এ কাজ করছেন। এলাকার বহু মানুষ রমজানে এই পানির অপেক্ষা করেন। বিশেষ করে নিম্নবিত্ত মানুষের পরিবারে রেফ্রিজারেটর না থাকায় তারা এখান থেকে ঠান্ডা পানি নিয়ে পান করেন। এছাড়া দোকানদার, দিনমজুর ও মেসে থাকা শিক্ষার্থীদের কাছে এ প্রকল্প বিশেষ আবেদন সৃষ্টি করে। স্বেচ্ছাসেবকরা ইফতারের আগে আইডিয়া মোড় থেকে খড়কি পীর বাড়ি ও হাজামপাড়া এলাকা পর্যন্ত পানি সরবরাহ করেন।’
কার্যক্রমের সমন্বয়ক দীপ্ত সিংহ বলেন, ‘আমি একজন সনাতন ধর্মাবলম্বী। কিন্তু রোজাদারদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি বিলিয়ে দেওয়ার এই ব্যাপারটি যেন আমার আত্মার সঙ্গে জড়িয়ে গেছে। ছোট শিশু থেকে বয়োবৃদ্ধ মুরব্বিরাও আমাদের পানির ভ্যান দেখলে বোতল, ঘড়া হাতে ছুটে আসেন। পানি নিয়ে তারা তৃপ্তির হাসি দেন এবং আবারো পরের দিন ইফতারের আগে এই পানির অপেক্ষা করেন। এটাই আইডিয়ার প্রাপ্তি।’
পানি নিতে আসা খড়কি এলাকার মো. নাসিম বলেন, ‘বাসায় ফ্রিজ নেই। ফলে সারাদিন রোজার পর বিশুদ্ধ ঠান্ডা পানি পাওয়া দুর্লভ আমাদের কাছে। কিন্তু আইডিয়া বিগত কয়েক বছর আমাদের সেই চিন্তা দূর করছে। আমরা ইফতারের আগে এই পানির জন্য অপেক্ষা করি।’
মেসে থাকা শিক্ষার্থী আমেনা বলেন, ‘আমি এম এম কলেজের শিক্ষার্থী। অন্তত বিশ রোজার আগে বাসায় যাওয়া হয় না। সেই পর্যন্ত ঠান্ডা পানির উৎস বলতে আইডিয়ার এই পানি। রোজার সময় মেসের সবাই অপেক্ষা করি এই পানি নেওয়ার জন্য।’
স্বেচ্ছাসেবকরা জানান, এই প্রকল্পে শিক্ষার্থীরা সাবমারসিবল পাম্প থেকে উত্তোলন করা বিশুদ্ধ পানি বিশুদ্ধ বরফ দ্বারা শীতলীকরণ করে বিতরণ করেন। তারা বিনামূল্যে পূর্ব নির্ধারিত ভিন্ন স্পটে চাহিদা মাফিক পুরো রমজান মাসব্যাপী সরবরাহ করে থাকেন। কখনো হঠাৎ পানির পরিবর্তে ঠান্ডা শরবত বিতরণ করেন তারা। এতে পানি নিতে আসা সবাই শরবত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
চাঁদা না দেওয়ায় কৃষকের পানের বরজে আগুন দেওয়ার অভিযোগ
যশোর অফিস
ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তরা কৃষক মশিয়ার রহমানের পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এতে তিন বিঘা জমির বরজ পুড়ে যায়। ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা।
রবিবার (২ মার্চ) রাতে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই মাঠে তিন বিঘা জমিতে পানের বরজ করেন কৃষক মশিয়ার রহমান। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বরজটি পুড়ে ছাই হয়ে যায়।
কৃষক মশিয়ার কালের কন্ঠকে বলেন, কিছুদিন আগে চাঁদা দাবী করেছিল দুর্বৃত্তরা। চাঁদা দিতে না পারায় ২৪ ঘণ্টার মধ্যে বরজে আগুন লাগিয়ে দেওয়া হয়।
তিনি চার বছর আগে প্রায় ২০ লাখ টাকা খরচ করে পানের বরজ তৈরি করেছিলেন এবং প্রতি মাসে দেড় লাখ টাকা আয় করছিলেন।
এই ঘটনায় তিনি তিনজন চাঁদাবাজের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটে অপারেশন ডেভিলহান্টে গ্রেপ্তার ৪
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের বিভিন্ন এলাকায় ডেভিল হান্টের অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ মার্চ) রাত থেকে সোমবার (৩ মার্চ) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, এ নিয়ে বাগেরহাটে ২৩ দিনে যৌথ বাহিনীর সদস্যরা ডেভিল হান্টের অভিযানে ২৮২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক কাজী শাহিদুজ্জামান জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে এপর্যন্ত অপারেশন ডেভিল হান্টের অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ২৮২ জনকে গ্রেপ্তার করা হয়।
আগাম তরমুজ খুলনার বাজারে, চড়া মুল্যে ক্রেতা কম
সৈয়দ রানা কবীর
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রমজানের সময় ইফতারের জনপ্রিয় রসালো ফল তরমুজ। অনেকেই রোজা ভাঙেন তরমুজের শরবত দিয়ে। অনেকে ইফতারে খাদ্যতালিকায় তরমুজের মতো ফল রাখতে চান। এদিকে ধীরে ধীরে শীতের আমেজ শেষে গরম পড়তে শুরু করেছে। ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে বাজারে কিছু আগাম (আগে আবাদ করা) তরমুজ বিক্রির হিড়িক পড়েছে। সব মিলিয়ে রমজানের শুরুর প্রাক্কালে তরমুজের দেখা মিলেছে। তরমুজ বেচাকেনায় হাঁকডাকও বাড়ছে।
এক সপ্তাহ ধরে বাজারে পুরোদমে নতুন তরমুজ আসতে শুরু করেছে। খুলনায় বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে। তবে খুচরা বিক্রেতারা জানিয়েছেন, এখনো তরমুজের বাজার জমে ওঠেনি। রোজা কয়েকটা শুরু হলে বাজার জমবে, এমন আশা তাঁদের।
রবিবার খুলনার ডাকবাংলা, নিউমার্কেট, খালিশপুর চিত্রালী সুপার মার্কেট, দৌলতপুর বাজার, সোনাডাঙ্গা, রুপসা, গললামারী, এলাকায় ঘুরে দেখা জানাগেছে। বাজার দেখা যায়, তরমুজের দোকানে ক্রেতাদের ভিড় অপেক্ষাকৃত বেশি। দরদাম করে কেউ তরমুজ কিনে ফিরছেন, আবার অনেকে দাম শুনে চলে যাচ্ছেন।
সাধারণত ডিসেম্বর মাসে তরমুজের আবাদ শুরু হয়। এপ্রিল-মে মাসজুড়ে থাকে তরমুজের ভরা মৌসুম। তবে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে বাজারে কিছু আগাম (আগে আবাদ করা) তরমুজ আসে। বর্তমানে বাজারে এ ধরনের আগাম তরমুজই বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, এখন তরমুজের সরবরাহ মোটামুটি রয়েছে; সামনে আরও বাড়বে। বর্তমানে বাজারে যে তরমুজগুলো দেখা যাচ্ছে, তা আকারে ছোট বা মাঝারি। ওজনে এগুলো তিন থেকে পাঁচ কেজির আশপাশে। তবে বড় তরমুজ খুবই কম দেখা যায়।
বর্তমানে বরিশাল অঞ্চল, বিশেষ করে পটুয়াখালী, বরগুনা, ভোলা ও ঝালকাঠিতে উৎপাদিত তরমুজ বাজারে বেশি আসছে। চট্টগ্রাম অঞ্চলের স্বল্প কিছু তরমুজও পাওয়া যায়। তবে খুলনা অঞ্চলের তরমুজের এখনো বাজারে আসতে শুরু করেনি। খুলনার তরমুজ আরো পরে আসবে বলে সাধারণ বিক্রতারা জানান। মৌসুম পুরোপুরি শুরু হলে সব এলাকার তরমুজ বাজারে পাওয়া যাবে।
খুচরা বিক্রেতারা জানান, বিভিন্ন খুচরা বাজারে আজ প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। সে হিসাবে মাঝারি আকারের পাঁচ কেজির একটি তরমুজের দাম পড়বে ২৫০-৩০০ টাকা। অবশ্য রুপসা ও বড়বাজারে কিছুটা কমে তরমুজ পাওয়া যাচ্ছে। এই বাজারে এক কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা।
রুপসা বাজারের তরমুজ বিক্রেতা আরশাদুল ইসলাম জানান, গত বছর প্রথম রমজানের আগে প্রতি কেজি তরমুজ ৭০ টাকায় বিক্রি করেছি। এ বছর বিক্রি করছি ৫০-৫৫ টাকায়। সে হিসাবে গত বছরের তুলনায় কেজিতে ২০-২৫ টাকা দাম কম রয়েছে।
কয়েক দিনের মধ্যে এ দাম আরও কমবে বলে জানান আরেক বিক্রেতা আবু সাঈদ। তিনি বলেন, এখন তরমুজের চাহিদা বেশি। ভরা মৌসুম শুরু হলে দাম কমে ৩০-৪০ টাকায় নেমে আসবে।
দৌলতপুরে সকালে তরমুজ কিনতে যান একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ইমতিয়াজ ইসলাম সেলিম। দোকানে এক কেজি তরমুজের দাম চাওয়া হয় ৬০ টাকা। পরে দরাদরি করে সেটি ৫৫ টাকা দরে কেনেন তিনি। ইমতিয়াজ ইসলাম সেলিম বলেন, ‘ভেবেছিলাম, দাম আরও কিছুটা কম হবে। যেহেতু রোজা শুরু হয়ে গেছে, তাই প্রথম ইফতারের জন্য আগ্রহ করেই কিনেছি।
পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নারীকে ফেরত দিল বিএসএফ
মহেশপুর প্রতিনিধি
অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়।
এরা হলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) ও নড়াইল জেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা জানিয়েছে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুই নারীকে আটক করা হয়।
পরে তাঁদের বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য বিজিকে আহ্বান জানায় বিএসএফ। জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে বিএসএফের কাছ থেকে তাঁদের গ্রহণ করে বিজিবি। পরে রাতেই ওই দুই নারীকে যশোর জাস্টিস এন্ড কেয়ার সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস।
সিভিল সোসাইটির আলোচনায় বক্তারা
বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করতে হবে
খবর বিজ্ঞপ্তি
বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করতে হবে। ভেঙ্গে দিতে হবে বাজার সিন্ডিকেট। কোনভাবে যেন ব্যাবসায়িরা মজুদ করে বেশি মুনাফা লাভ করতে না পাওে সেদিকে নজর রাখতে হবে। অসাধু ব্যবসায়িরা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চেষ্টা করতে পারে। কোনভাবে যেন তারা এই সুযোগ না পায় তারজন্য নিয়ন্ত্রন করতে সরকারের লোকবল বাড়াতে হবে। মনে রাখতে হবে, রমজান এলে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিম্নআয়ের মানুষের জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাড়ায়। গত বছরের তুলনায় এ বছর কিছু ক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম কম থাকলেও অধিকাংশ ক্ষেত্রে দ্র্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণবহির্ভূত বৃদ্ধি তাতে মানুষ পড়েছে চরম বিপাকে। এভাবে বললেন সিভিল সোসাইটির আলোচনা সভায় বক্তারা।
সোমবার দুপুর ১২ টায় খুলনা সিভিল সোসাইটির উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাজার সিন্ডিকেট ভাঙ্গতে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যেও দাম কমানোর দাবিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিভিল সোসাইটির আহবায়ক এস এম শাহনেওয়াজ আলী। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতির সভাপতি খান মনিরুজ্জামান, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: আওরঙ্গজেব, সুরখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সীপার, পরিবর্তনের নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিড, ব্যাবসায়ি মিয়া আরিফ হোসেন, গণসংহতি আন্দোলনের আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, রোটারিয়ান এস ওয়াহিদুর রহমান, মহানগর যুব ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন রাজু, নারী নেত্রী নূরুন নাহার হীরা, কৃষ্ণা দাস, মো: হুমায়ুন কবীর, শেখ সাইদুর রহমান, আহসান –উল কবীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কিছুকিছু পণ্যেও ঊর্ধ্বগতির কারণে সাধারণ কর্মজীবী মানুষ এখন দিশাহারা। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী নীতিমালা তৈরি করা যেতে পারে। এ নীতিমালা দীর্ঘমেয়াদে বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে এবং রমজান ও অন্যান্য ধর্মীয় উৎসবের সময়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে। সরকারের তদারকি, ব্যবসায়ীদের দায়িত্বশীলতা এবং ভোক্তাদের সচেতনতা এ নীতিমালার কার্যকর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমেই রমজানে পণ্যের দাম ও বাজার অস্থিরতা নিয়ন্ত্রণ করা সম্ভব।
বক্তারা বলেন, রমজান বিষয়টি গুরুত্বসহকারে মাথায় রেখে টিসিবির মাধ্যমেও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের বাড়াতে হবে। এ ছাড়াও প্রয়োজনে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে।
খুবিতে রডসহ হাতেনাতে চোর আটক
স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রড চুরি করার সময় হাতে নাতে মানিক সরদার (২৫) নামে এক চোরকে আটক করা হয়েছে। গতকাল আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি বাগেরহাটের কচুয়া উপজেলার নূরু সরদারের ছেলে।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনেক অবকাঠামোর নির্মাণকাজ চলমান রয়েছে। সেখান থেকে প্রায়ই নির্মাণসামগ্রী চুরি হচ্ছে। এটা জানার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের পিছন দিকে বেশকিছু বড় বড় রডসহ নিরাপত্তা প্রহরীর কাছে চোর ধরা পড়ে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তুহিন অসুস্থ
সুস্থতার জন্য দোয়া কামনা
খবর বিজ্ঞপ্তি
জ্বর,গলাব্যথা নিয়ে অসুস্থাবস্থায় চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সোমবার (৩ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া সেল জানিয়েছে, অসুস্থতার কারণে দলীয় কার্যালয়ে অনুপস্থিত ও নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে না পারায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে তিনি তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সুস্থতা কামনা: মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব আবু হোসেন বাবু প্রমূখ।
রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়া যুবদলের
খবর বিজ্ঞপ্তি
আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ও দোয়ার আয়োজন করে খালিশপুর থানা যুবদল। খালিশপুর থানা যুবদলের পক্ষ থেকে আয়োজন করে খালিশপুর থানা যুবদলের যুব নেতা নাজমুল হোসেন বাবু। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। আরো উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বাবু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস।
মেঠো পথের সৌন্দর্য বাড়াচ্ছে চোখ জুড়ানো ভাঁট ফুল
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার মেঠো পথের সৌন্দর্য বাড়াচ্ছে চোখ জুড়ানো ভাঁট ফুল। উপজেলার আঁকাবাঁকা গ্রামীণ পথে, আনাচে-কানাচে ফোঁটা সাদা এই ফুলটি দেখলে যে কারো চোখ জুড়িয়ে যায়।
গ্রাম্য রাস্তার দুই পাশে অযত্ন, অনাদর ও অবহেলায় বেড়ে ওঠা গ্রামবাংলার চিরপরিচিত গুল্মজাতীয় বুনো উদ্ভিদ ভাঁট। অঞ্চল ভেদে ভাঁট ফুলকে ভাইটা ফুল, ঘেটু ফুল, বনজুঁই ফুল বলা হয়। তবে, নড়াইলে এটি ভাঁট ফুল নামেই বেশি পরিচিত।
রবিবার বিকেলে লোহাগড়া উপজেলার মধুমতি নদীর কালনা সেতু উত্তর পাশের গ্রামীণ সড়কের দুই পাশে ভাঁট ফুলের সমারোহ দেখা যায়। এই ফুল দেখলে মনে হবে, প্রকৃতি যেন অপরূপ সাজে সেজেছে। সড়কে চলাচলকারী লোকজন অথবা বেড়াতে আসা দর্শনার্থীরাও এই ফুল দেখে মুগ্ধ হন।
বসন্তের আগমনে পলাশ-শিমুলের সঙ্গে পাল্লা দিয়ে ভাঁট ফুল ফোটে। এই ফুলটিকে মূলত ফাল্গুন ও চৈত্র মাসে দেখতে পাওয়া যায়। সাধারণত দুই থেকে চার মিটার লম্বা হয় ভাঁট ফুলের গাছ। চার থেকে সাত ইঞ্চি লম্বা হয় পাতা। দেখতে কিছুটা পান পাতার
আকৃতির ও খসখসে। ডালের শীর্ষে পুষ্পদণ্ডে ফুল ফোটে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশ্রণ রয়েছে। রাতে বেশ সুঘ্রাণ পাওয়া যায় ফুলটি থেকে। মৌমাছিরা ভাঁট ফুলের মধু সংগ্রহ করে।
লোহাগড়া সরকারি আর্দশ কলেজের কৃষি বিভাগের সাবেক অধ্যাপক কে এম ওবায়দুর রহমান সেন্টু বলেন, “ভাঁট শুধু সৌন্দর্য গুণেই নয়, মানবদেহের জন্য এই গাছের অনেক ওষুধি গুণাগুণও রয়েছে। চর্ম রোগীরা ভাঁট ফুলের রস দিনে দুইবার ক্ষত স্থানে মালিশ করলে যে কোনো চর্ম রোগ দ্রুত সেরে যায়। ভাঁট ফুলের পাতার রস কৃমি প্রতিরোধেও দারুণ উপকারী।”
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, “ভাঁট ফুল বা ঘেটু গুল্মজাতীয় দেশি বুনো পুষ্পক উদ্ভিদ। এই গাছের ভেষজ গুণাগুণও রয়েছে। এই ফুল থেকে মধু সংগ্রহ করা যায়।”
এক টাকায় বেগুনি-আলুর চপ-পিঁয়াজু
স্টাফ রিপোর্টার
চারিদিকে যখন চড়ামূল্যের কারণে ক্রেতারা দিশেহারা তখন এক টাকায় ইফতার সামগ্রী বিক্রি করে রীতিমতো সাড়া ফেলেছেন খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশার চা দোকানি ইকবাল। প্রায় ২৪ বছর ধরে তিনি চা বিক্রি করে আসছেন ওই এলাকায়। কিন্তু রমজান আসলেই এক টাকা করে ইফতার সামগ্রী বিক্রি করেন ক্রেতাদের কাছে। বেগুনি, আলুর চপ, পিঁয়াজু, মরিচের চপ যাই কিনবেন প্রতি পিসের মূল্য নেওয়া হচ্ছে এক টাকা করে। রয়েছে ছোলাও।
সবকিছুই প্রতি পিস এক টাকা করে বিক্রি হলেও শুধুমাত্র ভাজা ছোলা বিক্রি হচ্ছে কেজি দরে। ১২০ টাকা করে ছোলার কেজি বিক্রি করছেন ইকবাল।
তিনি বললেন, শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এ কাজটি করছেন। তবে প্রথম বেশ কয়েক বছর তিনি একাই এ কাজটি করলেও শুরুর ৩/৪ বছর পর থেকেই তার সাথে যুক্ত হয়েছেন স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী ব্যক্তি। নিজেরাই সেখানে শ্রম দিচ্ছেন। ক্রেতা সাধারণের মধ্যে ইফতার সামগ্রী নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিক্রি করছেন।
এবারের রমজানের প্রথম দিন থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দিন সাত হাজার টাকার ইফতারির পাশাপাশি দুই কেজি ছোলা বিক্রি হয় ইকবাল হোটেল এন্ড রেস্টুরেন্টে। আর দ্বিতীয় দিন (৩ মার্চ) বিক্রি হয় তিন কেজি ছোলা এবং আট হাজার ইফতারি।
প্রতিদিন জোহরের নামাজের পরই ইফতারি তৈরি শুরু করেন ইকবালসহ তার সহকর্মীরা। বিকেল চারটা থেকেই শুরু হয় বিক্রি।
আশপাশের ক্রেতা সাধারণ কিনে নিচ্ছেন এসব ইফতার সামগ্রী। ইকবালের সহযোগিতা করছেন এমন একজন ব্যবসায়ী মো. পর্বত জানালেন প্রতিদিনের ইফতার বিক্রিতে তাদেরকে ১৮০০ থেকে ২০০০ টাকার মতো ভর্তুকি দিতে হচ্ছে। এগুলো ইকবালসহ তারা সকলেই দিয়ে থাকেন। এর ফলে যারা চড়া দামের ইফতারী কিনতে সামর্থবান নন তারাও সুযোগ পাচ্ছেন। কেননা অন্য দোকান থেকে প্রতিদিন এক পরিবারের ইফতারী কিনতে ১৫০ টাকার উপরে খরচ হয়। সেখানে ইকবালের দোকান থেকে মাত্র ৩০ টাকার মধ্যেই মিলছে ইফতারী।
স্থানীয় স্কুল শিক্ষক মাসুম বিল্লাহ ও ব্যবসায়ী আমিনুল হক টিংকু বললেন, ইকবালের এমন কাজে এলাকার অনেকেই উপকৃত হচ্ছেন। বিশেষ করে রিকশা-ভ্যান চালক, শ্রমিকসহ সাধারণ ক্রেতাদের মধ্যে অনেক সাড়া দেখা গেছে। এতে ইকবালের অনেক লোকসান হয় ঠিকই কিন্তু মানুষ উপকৃত হয়।
মূল উদ্যোক্তা ইকবাল বলেন, প্রায় ২৪ বছর ধরে তিনি সেখানে চা দোকান দিয়ে আসছেন। কিন্তু রমজানে দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ থাকার ফলে তিনি একমাস ইফতারী তৈরি করে বিক্রির উদ্যোগ নেন। তবে সব ক্রেতার কথা চিন্তা করে তিনি প্রতিটি আইটেম মাত্র এক টাকা দাম নির্ধারণ করেন। এতে লাভ নয়, বরং ভর্তুকি দিতে হচ্ছে তাকে। তার পরেও তিনি এতে মানসিক প্রশান্তি পান উল্লেখ করে বলেন, ১১ মাস তিনি ব্যবসা করেন আর রমজানের একমাস রোজাদারদের মাধ্যমে সেবা করেন। ইকবালের এ কাজটিকে মহৎ কাজ উল্লেখ করে স্থানীয় অনেক ব্যবসায়ীও এগিয়ে আসেন। বিগত ১৮/১৯ বছর ধরে পার্শ্ববর্তী ব্যবসায়ী, চাকরিজীবীরাও তাকে আর্থিক ও শ্রম দিয়ে সহযোগিতা করে আসছেন। এতে ইকবালের ‘এক টাকার ইফতার’ বিক্রির পরিমানও বাড়ছে। আশপাশের অনেকেই এখন ইকবালের ইফতারীর নিয়মিত ক্রেতা।
ইকবাল বলেন, গরীব-ধনী বলে কোন কথা নেই। যিনিই ক্রেতা হিসেবে আসবেন তিনিই পাবেন প্রতিটি আইটেম এক টাকায়। তাকে সহযোগিতা করছেন পার্শ্ববর্তী ব্যবসায়ী আব্দুল খালেক, গোবিন্দ দাস, ট্রাক চালক শিবু, ইলেকট্রিক কোদানকার রাহান, স্কুল শিক্ষক সোহেল, স্কুল কর্মচারী শেখ রুবেল, ব্যবসায়ী পর্বত, কাঠ ব্যবসায়ী নিরঞ্জন, গ্যাসের দোকানদার জনি, মুদি দোকানদার জুয়েল, আইসক্রীম ব্যবসায়ী মিজানসহ অনেকেই। গত বছর রমজানে তার ৫৫ হাজার টাকা ভর্তুকি যায়।
এদিকে মহেশ্বরপাশার ইকবাল হোটেল এন্ড রেস্টুরেন্টে এক টাকার ইফতার বিক্রির কারণে পার্শ্ববর্তী অনেক দোকানের বিক্রি কমে গেছে। এর ফলে অনেকের চক্ষুশূলেও পরিণত হয়েছেন ইকবাল। কিন্তু তিনি যেহেতু সামাজিক কাজ করছেন এবং রোজাদারদের সাশ্রয়ী মূল্যে ইফতারী দিচ্ছেন সেহেতু কারও কোন কথায় পরোয়া করেন না তিনি। আশপাশের দোকানগুলোতে পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে চপ, বেগুনি, পিঁয়াজু।
টিসিবি কার্ড না পাওয়ায় বঞ্চিতদের সড়ক অবরোধ
যশোর অফিস
যশোরের মণিরামপুরে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) কার্ড না পাওয়ায় বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। সোমবার সকালে কার্ড না পাওয়ার অভিযোগে মনিরামপুর পৌরসভার সামনে রাজারহাট-চুকনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বঞ্চিতরা।
প্রায় দেড় ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধে যানজটে দূর-দূরান্তের যানবাহন আটকা পড়ে দীর্ঘ লাইন পড়ে যায়। এতে রোগীবহনকারী অ্যাম্বুলেন্সসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে বঞ্চিতদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে মেয়র, কাউন্সিলর না থাকায় মনিরামপুর পৌরসভার কার্যক্রম চলছে ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দিয়ে। টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ), ভিজিএফ, ওএমএসসহ যেকোনো কর্মসূচি এলেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিসিবি পণ্য বিতরণে আগে ২৭১২টি কার্ড এলেও এবার এসেছে ২২৯৬টি স্মার্ট কার্ড।
কিন্তু প্রযুক্তিগত (নিরাপত্তা জনিত গোপন পাসওয়ার্ড) কারণে সুবিধাভোগীরা হাতে পাচ্ছেন না। অন্যদিকে ইউএনও পৌর প্রশাসকের দায়িত্ব পেলেও গোপন পাসওয়ার্ড পরিবর্তন সম্ভব হয়নি। যে কারণে ম্যানুয়ালি কার্ড দেওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলে অনেকেই মনে করছেন। অপরদিকে স্থানীয় পর্যায়ে রাজনৈতিকদলের মধ্যে রয়েছে গ্রুপিং।
এক গ্রুপকে দিলে অপর গ্রুপ অসন্তুষ্ট হয়। এতে তোপের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। উভয় গ্রুপকে ম্যানেজ করে পৌরসভার কার্যক্রম চালানো দুরূহ হয়ে উঠেছে। কার্ড না পাওয়ায় পূর্বের সুবিভোগীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এ অবরোধ।
মণিরামপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব শাহিনুর ইসলাম জানান, বরখাস্তকৃত মেয়রের সময় নির্দিষ্ট সুবিধাভোগীদের নামে ১২৮৬ টিসিবি স্মার্ট কাডসহ গত তিনদিন আগে এক হাজার ১০টিসহ সর্বমোট ২২৯৬টি টিসিবি স্মার্ট কার্ড এসেছে। কিন্তু সাবেক পৌর মেয়রের নামে গোপন পাসওয়ার্ড থাকায় এই কার্ড নামধারীদের কাছে ইস্যু করা যাচ্ছে না। পাসওয়ার্ড পরিবর্তনের আবেদন করা হয়েছে, সংশোধন হয়ে আসলে এ সমস্যা দূর হবে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কহকারি কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম জানান, পূর্বে পৌরসভার নয় ওয়ার্ডে টিসিবির ২৭১২টি কার্ড আসতো। কিন্তু এবার ৪১২টি কার্ড কম এসেছে। কিন্তু এই কম কার্ডের বিষয়টি কেউ মেনে নিতে পারছেন না।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান, বিষয়টি নিয়ে উপজেলার রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে বসা বৈঠকে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে।
বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে আত্মগোপনে থাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথাকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগ ওঠে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে। এ নিয়ে কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় ‘লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। গতকাল রবিবার রাতে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু মালিথাকে ভারতে পালানোর সহযোগিতার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগের বিষয়টি তদন্তের জন্য জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. দবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। এছাড়াও আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহেশপুরের বোয়ালিয়া গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা হাফিজুলের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিচুর রহমান মিঠু মালিথা।
এই খবর পেয়ে ওই বাড়ি ঘিরে ফেলে স্থানীয় জনতা। পরে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে পালাতে সহযোগিতা করে।
এ ঘটনায় এলাকার মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গতকাল রবিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
কারাবন্দি সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ইয়াবা উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট কারাগারে বন্দি কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। সোমবার (০৩ মার্চ) দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগ তল্যাশি চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দিকে শাস্তি হিসেবে ডান্ডাবেরী পরানো হয়। অন্য তিনজন হল, বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার।
এদিকে কারা অভ্যন্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, তল্লাশি করে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। তবে জটিলতা এড়াতে মাত্র তিন পিস ইয়াবার বিষয় উল্লেখ করা হচ্ছে। কারা অভ্যন্তরে ইয়াবা প্রবেশের ক্ষেত্রে সিআইডির দায়িত্বে থাকা কারারক্ষী আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি অনেকের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে বলা হচ্ছে, কারা অভ্যন্তরে একশ পিস ইয়াবা পাওয়া গেছে।
এবিষয়ে জানতে কারাগারের সামনে সাংবাদিকরা উপস্থিত হলে কারাগারের দায়িত্বশীল কেউ মুঠোফোন রিসিভ করেননি। পরে জেলা প্রশাসকের সরানাপন্ন হলে আধাঘণ্টা পর জেল সুপার ফোন রিসিভ করেন।
মুঠোফোনে জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানায়। পরে মেহেদী হাসান বাবুর ব্যাগ তল্লাশি করে তিন পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেলকোড অনুযায়ী, মেহেদী হাসান বাবুসহ চারজনকে ডান্ডাবেরী দেওয়া হয়েছে।
তবে কারা অভ্যন্তরে কিভাবে ইয়াবা প্রবেশ করল এমন প্রশ্নের কোন সদুত্তর দেননি জেল সুপার শংকর কুমার মজুমদার।
এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি আইজি স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারব না বলে দ্রুত স্থান ত্যাগ করেন।
কারাগার সূত্রে জানাযায়, গেল ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারী বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।
খুলনা নৌপরিবহনের দায়িত্ব নিলেন প্রশাসক, ব্যবসায়ীদের সন্তোষ
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের দায়িত্ব নিয়েছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত। গত ১১ ফেব্রুয়ারি সংগঠনটির প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু নানা কারণে দায়িত্বগ্রহণে দেরি করছিলেন তিনি। পরে মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার দায়িত্বগ্রহণ করেন তিনি। এ সময় ব্যবসায়ীরা তাকে স্বাগত জানান।
এর আগে গত ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে সংগঠনটির দখল করেন বিএনপি সমর্থিত কয়েকজন ব্যবসায়ী। তারা ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেন, যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সুবিধাভোগীরা। কমিটিতে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের মাধ্যমে বিপুল অংকের টাকার লেনদেন হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। যার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সংগঠনটিতে প্রশাসক নিয়োগ করেন।
ব্যবসায়ীরা জানান, গত ১১ ফেব্রুয়ারি প্রশাসক নিয়োগের আদেশ হওয়ার পরও অবৈধ কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। তারা সমিতির প্যাড ব্যবহার করে পিকনিকের নামে অর্থ আত্মসাতের চেষ্টাসহ সদস্যদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল। যারা এর বিরোধিতা করছিলেন তাদের প্রতিষ্ঠান ও বাড়িতে বখাটে যুবককের পাঠিয়ে হয়রানী এবং মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিলো। প্রশাসক দায়িত্ব গ্রহণের মাধ্যমে অবৈধ কমিটির তৎপরতা শেষ হবে বলে ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন।
ব্যবসায়ীরা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ হলে সেই সংগঠনের আগের সকল কমিটি বিলুপ্ত হয়ে যায়। তারা কোনো কার্যক্রম পরিচালনার এখতিয়ার থাকে না। কিন্তু অবৈধ কমিটি প্রশাসক নিয়োগের পরও তড়িঘড়ি করে পিকনিক আর্থিক খাতগুলোর কর্মকান্ড দ্রুত বেগবান করার চেষ্টা করেন।
আওয়ামী লীগের সময় নিয়োগ দেয়া সমিতির সচিব কামরুলসহ অন্যরা ছিলেন সহযোগীর ভূমিকায়। তারা সচিবসহ আওয়ামী সময়ে নিয়োগ করা কর্মকর্তার অপসারণ দাবি করেন। একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
১১ নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি বাবু গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)র ডিবি পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে মহাসিন কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি শেখ শাহারিয়া বাবু (৪৫)কে গ্রেপ্তার করেছেন।
কেএমপি ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টায় খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন তৈয়বা কলোনী এলাকা হতে শেখ শাহারিয়া বাবুকে গ্রেফতার করা হয়। বাবু ওই এলাকার বাসিন্দা মৃত আলতাফ হোসেন এর পুত্র। ডিবি পুলিশ জানায়, শাহরিয়া বাবু বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৮/২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৮০/৪৩৬/ ৪২৭/৩৪ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লবনচরায় বাস সুপারভাইজারের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
পারিবারিক কলহের জের ধরে একটি গাড়ির সুপারভাইজার আরাফাত হোসেন দিপু (২৫) এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ১১টার দিকে লবনচরা থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
খুমেক হাসপাতালে সুত্র জানা যায়, সোমবার সকাল ১১টায় খুলনা মহানগরীর লবণচরা থানাধীন গ্রিনভিউ আবাসিকের পাশে আব্দুল জলিলের বাড়ির ভাড়াটিয়া আরাফাত হোসেন দিপু পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে বাড়ির লোকজন গলায় ফাঁস দেয়া দেখতে পেয়ে। লবণচরা থানা পুলিশকে অবগত করলে। ঘটনাস্থলে লবণচরা থানা পুলিশ উপস্থিত হয়ে গলায় ফাঁস দেয়া থেকে নামিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর সোয়া ২টায় তাকে মৃত (ব্রডডেড) ঘোষণা করেন বলে প্রাথমিকভাবে জানা যায়। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। পেশায় তিনি একজন গাড়ির সুপারভাইজার। এ সংক্রান্তে লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। নিহত দিপু বাগেরহাট জেলা ফকিরহাট থানাধীন আট্টাকি গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ এর পুত্র।










































