Home আঞ্চলিক নড়াইলে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

নড়াইলে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

3

নড়াইল প্রতিনিধি
নড়াইলে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ১ শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন। বুধবার (১২ ফেব্রুয়ারি) নড়াইল সদর উপজেলার সরকেলডাঙ্গা ও ফুলশ্বর নড়াইল-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার দুপুর পৌনে তিনটার দিকে ফুলশ্বর এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেন্টু হাওলাদার (২৫) ও মো. সাব্বির নামে দুইজন মারা যান৷ নিহত সেন্টু হাওলাদার নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে এবং সাব্বির কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামের মো. মোশাররফ হোসেনের ছেলে। এর আগে একই দিনে বেলা ১২ টার দিকে একই সড়কের সরকেলডাঙ্গায় স্কুল থেকে ফেরার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সরকেলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী শিশু আছিয়া খানম আহত হয়। পরে আছিয়াকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আছিয়া খানম নড়াইল সদর উপজেলার সরকেলডাঙ্গা গ্রামের ফারুক মোল্যার ছোট মেয়ে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, একইদিনে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।