Home খেলাধুলা মালানের সঙ্গে ‘বিবাদের’ বিষয়ে যা জানালেন তামিম

মালানের সঙ্গে ‘বিবাদের’ বিষয়ে যা জানালেন তামিম

28


স্পোর্টস ডেস্ক।।
বিপিএল ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে তামিম ইকবালকে সতীর্থ ডেভিড মালানের সঙ্গে মেজাজ হারাতে দেখা যায়। যেখানে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে মাঠ ছাড়ার সময় তাকে কিছু একটা বলতে শোনা যায়। এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

গতকাল ফরচুন বরিশালের ব্যাটার মালান বল কাভারে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন। তামিমও রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন। কিন্তু মালান যখন বুঝতে পারেন রান নেওয়া সম্ভব নয়, ততক্ষণে দেরি হয়ে গেছে। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা তামিমকে রানআউটের শিকার হতে হয়। মালান সঙ্গে সঙ্গে ‘সরি’ বললেও লাভ হয়নি। ক্ষোভ আর মুখ ভরা বিরক্তি নিয়ে ডাগআউটে ফিরে যান তামিম।

পরে টিভি ক্যামেরায় দেখা যায়, মালান উত্তেজিত হয়ে কাউকে উদ্দেশ্য করে কিছু একটা বলেই চলেছেন। অনেকে ভেবেছিলেন, সতীর্থ তামিমের ওপরই হয়তো চটেছেন ম্যালান। কিন্তু ঘটনা যে তা নয়, সেটাই খোলাসা করেছেন তামিম।

মালানের সঙ্গে বিবাদের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তামিম। তা হুবহু তুলে ধরা হলো-

অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি।

কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে।

মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।

ধন্যবাদ সবাইকে।