মিলি রহমান।।
দুই বিশ্ববিদ্যালয়, ইকোনোমিক জোন, বিমান বন্দর নির্মাণসহ খুলনাঞ্চলে স্থবির হয়ে আছে অন্তত ১০ প্রকল্প। ফলে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতিসহ এ অঞ্চলের সম্ভাবনাগুলোও দেখছে না আলোর মুখ। বাড়ছে না দেশি বিদেশি বিনিয়োগ। দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি আঞ্চলিক নেতাদের। যদিও প্রশাসনের দাবি সব প্রকল্প নিয়েই কাজ চলছে।
দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা খাতের উন্নয়নের লক্ষ্যে ২০২১ সালে খুলনায় স্থাপিত হয় মেডিকেল বিশ্ববিদ্যালয়। নিয়োগ দেয়া হয় উপাচার্য ও অতি প্রয়োজনীয় সহায়ক কর্মকর্তা কর্মচারী। কিন্তু এই প্রকল্পের জন্য নেই স্থায়ী কোনো স্থান। ভাড়া বাড়িতে বিগত ৩ বছর ধরে কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়টির।
বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের জন্য আড়ংঘাটা এলাকায় এক হাজার ৮৪৭ কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন প্রকল্প গত মে মাসে একনেকে পাশ হয়। তবে ভূমি অধিগ্রহণ প্রস্তাবনা এখনও লাল ফিতায় বন্দি।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মাহবুবুর রহমান বলেন, ‘প্রকল্পটি গত মে মাসের ৯ তারিখে একনেক সভায় অনুমোদিত হয় শর্ত সাপেক্ষে। সেই শর্তগুলো পূরণ করে এবং পুনর্গঠিত ডিপিপি আমরা জমা দিয়েছি, দেয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে প্লানিং কমিশনে যায়, এটি যখন সরকারি আদেশ জারির অপেক্ষায় ছিল, তখন প্লানিং কমিশন থেকে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়, প্রকল্পের বিস্তারিত তথ্য এবং মতামত জানতে চাওয়া হয়, সেই মতামতও আমরা দিয়েছি। সেই মতামত প্লানিং কমিশনে যাবে বলে আমরা জানতে পেরেছি। এ মতামত গেলে হয়তো আমরা অচিরেই সরকারি আদেশ পাব।’
একই অবস্থা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়র। প্রতিষ্ঠার ৯ বছর আর শিক্ষা কার্যক্রম শুরুর ৫ বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়টি এখন পায়নি স্থায়ী ক্যাম্পাস। ভাড়া করা অস্থায়ী ভবনে, অফিস, শিক্ষার্থীদের আবাসন আর শিক্ষা কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান বলেন, ‘বর্তমানে ডিপিপিতে ২৫০ একর জায়গা নির্ধারিত আছে। প্রকল্পটি আমরা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটি বর্তমানে মন্ত্রণালয়ের বিবেচনাধীন। জায়গাটি বর্তমানে যে অস্থায়ী ক্যাম্পাস তার আশপাশেই। ক্যাম্পাসের যে ডিপিপিটি বর্তমানে প্রক্রিয়াধীন। আশা করছি দ্রুত এটি বাস্তবায়ন হবে।’
এত গেল শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা। একই অবস্থা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেরও। ২০১৭ সালে খুলনায় ইকোনোমিক জোন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়। দু’দফা বটিয়াঘাটা ও রূপসায় স্থান নির্ধারণের পরেও নানা জটিলতায় প্রকল্পটি দেখেনি আলোর মুখ। ভূমি অধিগ্রহণ শেষে সীমানাপ্রাচীর নির্মাণ হলেও বাগেরহাটের রামপালে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ নিয়ে কোনো অগ্রগতি নেই তিন বছর ধরে। টেক্সটাইল মিলের জমিতে পরিকল্পনায় বন্দি থিম পার্ক, প্রস্তাবনায় আটকে যশোর থেকে মোংলা পর্যন্ত সড়ক ৬ লেনে উন্নীত করাসহ অন্তত ১০ প্রকল্প। ফলে ব্যাহত হচ্ছে খুলনা অঞ্চলে কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ উজ জামান বলেন, ‘খুলনা অঞ্চলে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি না থাকার কারণে আমরা এই অঞ্চলের মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি। খুলনায় কিন্তু গত কয়েক দশক ধরে জনসংখ্যা কমছে। এর মূল কারণ কর্মসংস্থান কমে যাওয়া এবং নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া। প্রকল্পগুলো যদি দ্রুত বাস্তবায়ন করা না যায়, তাহলে দিন দিন এ অঞ্চল অর্থনীতিতে আরও পিছিয়ে পড়বে। এ অঞ্চলে নতুন বিনিয়োগ হবে না। আমরা বারবার এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি করলেও পদক্ষেপ নিচ্ছে না কেউ।’
তবে নতুন করে সব প্রকল্পই যাচাই বাছাইয়ের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে দাবি প্রশাসনের। খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, ‘এ এলাকার যে সমস্ত বড় বড় প্রকল্প আছে, সেগুলো একটু যাচাই বাছাইয়ের বিষয় আছে। কোনো প্রকল্প কোনো ল্যাপস-গ্যাপ আছে কি না, এগুলো একটু যাচাই বাছাই করতে হবে নতুন করে। তাছাড়া এই প্রকল্পগুলো বাস্তবায়নে যদি আধুনিকায়ন প্রয়োজন হয়, তাহলে সেটা করে প্রকল্পগুলো বর্তমান সরকার বাস্তবায়ন করবে। এর ফলে এ অঞ্চলে আর্থ সামাজিক উন্নয়ন হবে।’
ভাড়া করা ভবনে চলছে কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য আড়ংঘাটা এলাকায় ২৫০ একর জমি অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ছবি: সময় সংবাদ
বিনিয়োগ উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সবশেষ অর্থ বছরে নতুন করে ১৬টি প্রতিষ্ঠান এ অঞ্চলে বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়েছে।
খুলনা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা
১. খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়: ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও মৌলিক অবকাঠামো নির্মাণের জন্য একনেকে অনুমোদন মে মাসে। অপেক্ষা সরকারি আদেশের। খরচ ১ হাজার ৮৭৪ কোটি টাকা।
২. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য আড়ংঘাটা এলাকায় ২৫০ একর জমি অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
৩. ইকোনোমিক জোন: দুই দফায় রূপসা ও বটিয়াঘাটা উপজেলায় স্থান নির্ধারণ করা হলেও তা ভূমি অধিগ্রহণে দাম বেশী হওয়ায় তা বাতিল হয়, নতুন করে জায়গা খোঁজা হচ্ছে।
৪. খান জাহান আলী বিমান বন্দর: ভূমি অধিগ্রহণ ও সীমানা প্রাচীর নির্মাণ হলেও পিপিপি’র মাধ্যমে প্রকল্প বাতিল। নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই হবে।
৫. টেক্সটাইল মিলে শিল্প পার্ক: টেন্ডার আহ্বান করা হয়েছে।
৬. যশোর থেকে খুলনা হয়ে মোংলা পর্যন্ত সড়ক ৪ লেনে উন্নীত করণ প্রকল্পের সম্ভ্যাব্যতা যাচাই করা হয়েছে।
৭. খুলনা সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত করণ প্রকল্প: মন্ত্রণালয়ে পাঠানো আছে ১০ বছরের বেশি সময় ধরে।
৮. সড়ক বিভাগের তিন উপজেলায় সেতু নির্মাণ প্রকল্প ডিপিপি প্রণয়ন হয়েছে।
৯. পানি উন্নয়ন বোর্ডের দাকোপে ৩১ নম্বর পোল্ডার পুনর্বাসন প্রকল্প (বেরিবাধ নির্মান) ডিপিপি প্রণয়নের পর প্লানিং কমিশন থেকে সম্ভাব্যতা যাচাইয়ের ফেরত পাঠানো হয়েছে।
১০. খুলনা নভোথিয়েটার প্রকল্প: ২০২২ সালে একনেকে অনুমোদন পেলেও বর্তমানে এটি বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে।











































