Home খেলাধুলা পিটারসেনকে উপেক্ষা করে অচেনা একজনকে কোচ বানাল ভারত

পিটারসেনকে উপেক্ষা করে অচেনা একজনকে কোচ বানাল ভারত

16


স্পোর্টস ডেস্ক

ভারতের ব্যাটিং কোচ হতে চেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। তবে তার মতো এমন নামকরা ক্রিকেটারকে উপেক্ষা করে অচেনা একজনকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নতুন নিয়োগ পাওয়া ব্যাটিং কোচের নাম সিতাংশু কোতাক।


ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে কিছুদিন পরই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২২ জানুয়ারি শুরু হওয়া এই সফরে ভারতের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। এই সিরিজ থেকেই ভারতীয় ব্যাটারদের দেখভালের দায়িত্ব নেওয়ার কথা কোতাকের।

ভারত ক্রিকেটের কোচিং প্যানেলে প্রধান কোচ গৌতম গম্ভীর ছাড়াও আছেন বোলিং কোচ মরনে মরকেল, দুই সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে ও অভিষেক নায়ার ও ফিল্ডিং কোচ টি দিলিপ। এতদিন ভারতীয় দলের বিশেষজ্ঞ কোনো ব্যাটিং কোচ ছিল না। প্রধান কোচ গম্ভীর ও সহকারী কোচ অভিষেকই মূলত ব্যাটিংয়ের দিকটি দেখতেন। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়া সিরিজে ৩-১ ব্যবধানে হেরে টনক নড়েছে ভারতের। তাইতো একজন ব্যাটিং কোচ খুঁজছিল দলটি।

ভারতের রাজ্য ক্রিকেট দল সৌরাষ্ট্রর সাবেক অধিনায়ক কোতাক। ভারতের ঘরোয় লিগের কিংবদন্তি পর্যায়ের ক্রিকেটার তিনি। ১৯৯২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলেছেন ৫২ বছর বয়সী এই তারকা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩০ ম্যাচ খেলে ৮ হাজার ৬১ রান করেছেন তিনি। ৪৭.১৬ গড়ে ১৫ সেঞ্চুরি ও ৫৫ ফিফটি হাঁকিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪২.৩৩ গড়ে ৩ হাজার ৮৩ রানও আছে তার।

অবসরের পর সৌরাষ্ট্রের কোচিংও করিয়েছেন কোতাক। এরপর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান তিনি। এছাড়া আইপিএলে একবার গুজরাট লায়ন্সের (এখন নেই) সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। শেষ ৪ বছরে ভারত ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।