খুলনাঞ্চল রিপোর্ট
একাত্তরের মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক সেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সংবিধানে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
সোমবার বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের মাঠে আয়োজিত ছাত্র সমাবেশে অন্তর্র্বতী সরকারের কাছে এ দাবি জানান তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত দৃশ্যমান একটি বিচারও আমরা হতে দেখেনি। ২০০৯ সালে পিলখানা ও ২০১৪ সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের একটি বিচারও হয়নি। ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে যে অনিয়ম করা হয়েছে, তার বিচারও হয়নি। অন্তর্র্বতী সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে হয়, তাহলে অবশ্যই এই বিচারগুলো করতে হবে। সেইসঙ্গে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ছাত্র-জনতার রক্তের স্বীকৃতি দিতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক সেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। আগে বিচার হবে, সংস্কার হবে, এরপর নির্বাচন। তার আগে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যারা ক্ষমতার লোভে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত ও জীবনকে বিন্দুমাত্র মূল্য দেয় না তাদের আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের মানুষ। আমরা একটি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিয়েছি। সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। সেই ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের শহীদদের কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে হবে।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে স্বাগত বক্তব্য দেন সোহেল রানা। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন হাসিব-আল ইসলাম, রিফাত রশীদ, আশরেফা, রাজেন্দ্র কলেজ শাখার প্রধান কাজী রিয়াজ, ফারহান আহসান অর্ণব, নাবিলা তালুকদার, তাহসিন হাসান দ্বীন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, শাহ মো. আরাফাত প্রমুখ।
সমাবেশ শুরুর পর মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছাত্র আন্দোলনে ফরিদপুরের ৮ জন শহীদ ও আহতদের খোঁজখবর নেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছাত্র সমাবেশ উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।











































