কপিলমুনিতে শীতের পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভীড় জমছে
কপিলমুনি প্রতিনিধি
শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে কপিলমুনিতে ভিড় জমেছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। মাত্র কয়েক দিনের ব্যবধানে এক একটি কাপড়ের দাম বেড়েছে ৮০ থেকে ১০০টাকা। শীতকে কেন্দ্র করে কপিলমুনির ধান্যচত্ত্বরসহ বিভিন্ন এলাকায় ২০-২৫টি মৌসুমী গরম কাপড়ের দোকান বসেছে। এসব দোকানে নিম্নবিত্ত বিশেষ করে দিনমজুর পরিবারগুলোর পাশাপাশি নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজনও ভিড় জমাচ্ছেন পছন্দের পুরাতন গরম কাপড় কেনার জন্য। পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়া-কমার খেলা চলছে। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় আছন্ন হয়ে পড়ছে এলাকা। কুয়াশার সাথে সাথে শুরু হয় মৃদমন্দ শীতল বাতাস। ফলে নিম্ন আয়ের পরিবারগুলো শীতে কাহিল হওয়ার ভয়ে শীতবস্ত্র কেনার জন্য ভীড় জমাচ্ছেন এইসব দোকান গুলোতে।
শীতের কারণে শুরু হয়েছে ঠান্ডা জনিত বিভিন্ন প্রকার রোগব্যাধী। এসব শীত জনিত ব্যাধিতে সবচেয়ে বেশি আক্রান্ত হন বৃদ্ধ ও শিশুরা। উপ শহরের নামিদামী বিপণী বিতাণগুলোতে গরম কাপড় কেনার সামর্থ না থাকায় নিম্নবিত্ত পরিবারের লোকজন ভিড় জমাচ্ছেন ধান্যচত্ত্বর, মসজিদের পাশে বাইপাস সড়কসহ বিভিন্ন এলাকার ফুটপাতে গড়ে ওঠা পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে; যা নিকছন মার্কেট নামে পরিচিতি পাচ্ছে। এসব ক্রেতাদের ভিড়ে দোকানগুলো সরগরম হয়ে ওঠেছে। সবাই যেন মনের আনন্দে কিনছেন পছন্দের পুরনো শীতবস্ত্র। স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাফলার, কোর্ট, প্যান্ট, কানটুপিসহ বিভিন্ন প্রকার শীতবস্ত্র। পাশাপাশি অভিজাত শীতবস্ত্রের দোকানগুলোতেও ভিড়ের কমতি নেই। কথা হয় ভ্যান চালক হাসান আলী, দিনমজুর সাত্তার ও আব্বাস আলীর সাথে। তারা জানান, এসব পুরাতন গরম কাপড়ের দোকানগুলো থেকে ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যেই মোটামুটি ভালো মানের শীতের পোশাক কেনা যাচ্ছে।
মা ফাতেমা জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প
মাগুরা প্রতিনিধি
মা ফাতেমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ থেকে রাত ৮টা পর্ষন্ত প্রায় ৩ শত রোগীকে কোন ডাক্তারী ফি ছাড়া এ সেবা প্রদান করেন ঢাকা,যশোর সহ বিভিন্ন হাসপাতালের ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সহযোগীতায় ছিলেন ৮ জন অভিজ্ঞ নার্স। এছাড়া সমস্ত পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
এ সেবার উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন।তিনি বলেন নববর্ষ ২০২৫ উপলক্ষে আমরা একদিন সকল রোগীকে ফ্রী চিকিৎসা দিয়েছি।তিনি আরো বলেন
এখানে সুলভ মূল্যে উন্নত মানের যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা করা হয়।অপারেশান ব্যবস্থা আছে।২৪ ঘন্টা ডাক্তার ও এম্বুলেন্স সেবা দেয়া হয়।
ফ্রী রোগীদেখা ৫জন ডাক্তার হলেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ তানিমুল হক রিজভী, বক্ষব্যাধি ডা. রাজিবুল হাসান, গাইনি সার্জন ডা. হোসনে আরা পারভীন, শিশু বিশেষজ্ঞ ডা. জাহিদুর রহমান জনি ও আরএমও ডা. সালমা খাতুন।
এ কাজে সহোযোগিতা করেন পরিচালক মোঃ মিজানুর রহমান, ম্যানেজার হিসেবে মোঃ হাবিবুর রহমান, সিনিয়র অ্যাকাউন্ট গোলাম মোস্তফা মন্টু, ফিল্ড মার্কেটিং ম্যানেজার মোঃ বাকির হোসেন, মার্কেটিং অফিসার রোজিনা খাতুন, মনিরা খাতুন,সুরাইয়া খাতুন, খাদিজা খাতুন, প্রিয়াঙ্কা,রেজাউ ইসলাম ও সুপারভাইজার রফিকুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার-ফোর্সের অংশগ্রহণে জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত এসময় অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে অফিসার- ফোর্সের কীট সামগ্রী পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা কীট সামগ্রী পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় প্রাপ্যতার প্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোষাক ভান্ডার হতে মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন। মালামাল সংক্রান্ত কোন সমস্যা পরিলক্ষিত হলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সরকারী নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন। সালামী গ্রহণ, কীট সামগ্রী পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস্ মেনে পুর্ণাঙ্গ পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এসময় আরোও উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।
কয়রায় বসতবাড়িতে আগুন, প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
কয়রা প্রতিনিধি
কয়রায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে করে ঘরের মালিক আকবার শিকারীর প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে গত শনিবার রাতে রান্না করা চুলার আগুন লেগে বাস্তবাড়ির ঘর সহ গৃহস্থালির আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। উপজেলার ঘুগরাকাটি গ্রামের মোঃ রুহুল আমিন শিকারীর পুত্র মোঃ আকবার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আকবার হোসেন বলেন, তার স্ত্রী রান্না করার পর কয়লা বস্তায় রাখেন ঐ কয়লার বস্তায় আগুনের অংশ থেকে আগুনের সুত্রপাত ঘটে। রাতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে আকবার শিকারীর ঘরবাড়ি সহ মালামাল পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বন প্রহরী কল্যাণ সমিতির কমিটি গঠন
কয়রা প্রতিনিধি
সুন্দরবন পশ্চিম বিভাগের বন প্রহরী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (৫ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়। এর আগে গত শনিবার বেলা ১১টায় সুন্দরবন পশ্চিম বিভাগের সম্মেলন কক্ষে এক জরুরী সভা সংগঠনের সভাপতি অলিয়ার রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় বিগত কমিটি বিলুপ্তি ঘোষনা করে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান। এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি শেখ রেজা লতিফ, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, হিসাব নিরক্ষক শেখ আবেদুল ইসলাম। এ ছাড়া কার্যকরি সদস্যরা হলেন মোস্তফা জাহিদ, তারিকুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ মিজানুর রহমান, ছালাম হোসেন, রাজু আহমেদ, হায়দার আলী। নব গঠিত কমিটির নেতৃবৃন্দরকে সুন্দরবন পশ্চিম বিভাগে কর্মরত সকল বন প্রহরীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
আগুন পোহাতে ধুম পড়েছে কয়রার গ্রামে
কয়রা প্রতিনিধি
“এই সব শীতের রাতে আমার হ্নদয়ে মৃত্যু আসে; বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা, কিংবা প্যাচার গান; সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো। শীত রাত কবিতায় এভাবেই শীতের রুপ তুলে ধরেছেন কবি জীবনানন্দ দাশ।
ঘড়িতে বেলা সাড়ে ১১ টা। তখনো আকাশে দেখা নেই সূর্যের। ঘন কুয়াশায় মোড়া আজ কয়রা উপজেলা। সড়কে থাকা যানবাহনগুলো চলছে হেডলাইট জ¦ালিয়ে। একটু উষ্ণতার খোঁজে সড়কের পাশে আগুন জ¦ালিয়ে উষ্ণতা খুঁজছেন শীতে কাহিল মানুষজন।
রবিবার কয়রায় বিগত দিনের তুলনায় শীতের তীব্রতা বেশি দেখা গেছে। সাড়ে ১১ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ দিন ধরে দেখা মিলছে না আকাশের পূর্ব দিগন্তে সূর্যের।
স্বরুপে ফিরেছে শীতকাল। বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। কনকনে ঠান্ডায় কাঁপছে প্রকৃতি ও জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। নিদারুন কষ্টে রয়েছেন খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষ। তাদের অনেকের পর্যাপ্ত গরম কাপড় নেই। উপজেলায় গত কয়েক দিন ধরেই শীত পড়ছে। শীতে বেশি বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা। ঠাণ্ডার কবল থেকে বাঁচতে খড়কুটোয় আগুন দিয়ে আগুন পোহায়ে একটু স্বস্তি খুঁজছেন অনেকে। কেউ কেউ চটের বস্তা গায়ে জড়িয়েছেন।
পৌষের শীতে সবাই গরমের পোশাকে জবুথুবু। সকাল সন্ধ্যায় বাড়ির আঙিনায় ও রাস্তার পাশে আগুন পোহানোর দৃশ্য দেখা যায়। প্রচণ্ড শীতে আগুন পোহানোর দৃশ্যটি সবার কাছে পরিচিত, সেটা হলো শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহানো। এমন চিত্র শুধু গ্রামেই দৃশ্যমান।
রবিবার সকালে কয়রায় মহারাজপুর ও কালনা তিন রাস্তায় হাবিবুল্লাহর দোকানের পাশে খড়-কুটো দিয়ে আগুন ধরিয়ে চারপাশে ৮-১০ জন মত আগুন পোহাতে দেখতে পাওয়া যায়। কেউ দাড়িয়ে কেউ বসে, যে যেভাবে পারছেন আগুনের তাপ পোহাচ্ছেন। হাড়কাঁপানো ঠাণ্ডায় সবাই জবুথবু শিশু থেকে বৃদ্ধ সবার একই হাল। শীত থেকে বাঁচার সাধ্য কারও নেই।
ঘন কুয়াশার কারনে দৃষ্টিসীমা সঙ্কুচিত হয়ে পড়ায় সড়কে যান চলাচল ঝঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কয়রায় বেড়েছে শীতের পোশাক কেনাবেচা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে ফুটপাত।
কয়রায় অফিস কর্মকর্তা হাসানুল হক বান্না বলেন, শুক্রবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকায় শুক্রবারের তুলনায় তাপমাত্রা একটু বেড়েছে। সামনে আরও শীত বাড়বে। জানুয়ারি মাস জুড়েই শীতের প্রকোপ থাকবে খুলনায় কয়রায়।
কাজের খোঁজে সেখানে দাঁড়িয়ে ছিলেন, ৬৫ বছর বয়সের আঃ খালেক সরদার। তিনি বলেন, আমাগো আবার কিসের শীত। যত শীতই নামুক কাজ তো করতেই হবে। পেটের ক্ষুধা মেটাতে হবে। একদিন কাজ না করলে খাবার বন্ধ থাকবে। তাই ততই শীত পড়ুক ভোরেই কাজে বের হতে হবে। একটা ভ্যান গাড়ির জন্য দাড়িয়ে আছি। শীতের কারনে মানুষ বাইরে বের হয় না কেউ কাজও সে রকম করায় না।
কথা হয় ভ্যান চালক আকবর মোড়লের সাথে রাস্তার পাশে খড়-কুটো দিয়ে আগুন জ¦ালিয়ে বসে আছেন তিনি। সঙ্গে আরও কয়েকজন কে দেখা গেল। তিনি বলেন, আগে সকাল সাড়ে ৬ টায় ভ্যান নিয়ে বের হতেন। ঠান্ডা বেড়ে যাওয়ায় আজ বের হয়েছেন ১০ টায়্ আগুন পোহাতে পোহাতে কুয়াশা কমার অপেক্ষা করছেন তিনি।
আসছে শীত, বাড়ছে রোগব্যাধি: শীতের কারনে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। এরই মধ্যে উপজেলার হাসপাতালের আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপশি শীত জনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিরনময় ঢালী বলেন, শীতে আগুন পোহাতে বেশি দেখা যায় গ্রামাঞ্চলে। এটা নতুন কিছু নয় পূর্বে থেকেই। তবে আগুন পোহানো থেকে বিরত থাকাই ভালো। তীব্র শীতে শিশু বৃদ্ধরা নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস, জ¦র সর্দি কাশি ও শ^াসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব সাহিত্যের অন্যতম কবি কাজী নজরল ইসলামকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করে গেজেট প্রকাশ করায় অন্তর্ববর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ, খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক কবি স ম হাফিজুল ইসলাম, উপদেষ্টা কবি শেখ মনিরুজ্জামান লাভলু, সভাপতি কবি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ জিনারুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক ও কবি আবু আসলাম বাবু, কবি রামপ্রসাদ রায়, সহ-সাধারণ সম্পাদক কবি কামরুল হাসান মৃধা, সাংগঠনিক সম্পাদক গীতিকার গোলাম রসুল খোকন, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা সৈয়দ আলী হাবিব, দপ্তর সম্পাদক ঐতিহ্য সংগ্রাহক এম এম হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মিনা রবিউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কবি শাহানা বেগম, নির্বাহী সদস্য কবি আজাদুল হক আজাদ, কবি বিউটি মারিয়ম, ওমর ফারুক, গল্পকার তারিকুল ইসলাম সুমন প্রমুখ।
একই সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ, খুলনার পক্ষ থেকে আরও দাবী জানানো হয় যে, খুলনা জিরো পয়েন্টকে ‘কবি কাজী নজরুল চত্বর’ ও রূপসা ব্রিজ থেকে আটরা গিলাতলা পর্যন্ত মহাসড়ককে ‘কবি কাজী নজরুল মহাসড়ক’ নামকরণ করা হোক।
সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা পৌরসভার প্রশাসক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে ও সাতক্ষীরা পৌরসভার সিইও ইশতিয়াক আহমেদের সঞ্চলনায় সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সরকার প্রকৌশল মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর নাজমুন নাহার প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১৫জনকে করা হয় পুরস্কার প্রদান। সোমবার বেলা ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সভাপতিত্বে জানুয়ারি/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ, দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের জন্য ভালকাজের স্বীকৃতি স্বরূপ সর্বমোট ১৫জন পুলিশ/গ্রাম পুলিশ সদস্যদের পুলিশ সুপার নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।পরে
চুয়াডাঙ্গা পুলিশ অফিস (ক্রাইম সেকশন) এ কর্মরত মীর মোস্তফা হাসান, রিডার সহকারি হতে প্রধান সহকারি পদে পদোন্নতি পেয়ে মাগুরা জেলায় বদলী এবং পুলিশ অফিসে কর্মরত অফিস সহায়ক মোঃ রবিউল ইসলাম এর অবসর জনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার তাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।এসময় আরও উপস্থিত ছিলেন সফিকুর রহমান খান,ডিআইও-১,ডিএসবি সফিকুর রহমান খানসহ সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
সাতক্ষীরায় আস সালাম ফাউন্ডেশনের কমিটি গঠন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কদমতলা বাজার সংলগ্ন আস সালাম ফাউন্ডেশনর কমিটি গঠন উপলক্ষে সংগঠনের সভাপতি মাওলানা মুফতি রজব আলীর সভাপতিত্বে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সুযোগ্য সভাপতি আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা বাজারের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা আব্দুল মতিন, মুফতি হাবিবুল্লাহ ,মোহাম্মদ ফাহিম হোসেন, আব্দুল্লাহ কবির, আব্দুর রফিক প্রমূখ।সভায় সকলের সম্মতিক্রমে মাওলানা রজব আলীকে সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাধারন সম্পাদক ,মোহাম্মদ আব্দুল্লাহ রফিক কে সহ সভাপতি ,মোঃ আব্দুল্লাহ কবির কে সহ সভাপতি, মোঃ মিজানুর রহমান সহ সভাপতি, আলহাজ্ব হাসান সিদ্দিকী লাবুকে সহ-সভাপতি, মোস্তফা কামাল কে সহ সাধারণ সম্পাদক ,সরোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক, ওমর ফারুক দপ্তর সম্পাদক ,শামীম ওসমানকে ক্যাশিয়ার, বেলাল হোসেনকে প্রচার সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
সাতক্ষীরায় শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় কনকনে শীতে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। রোববার দুপুর ১২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে সদর উপজেলার বৈকারী দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট ৩০০ জন দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মাহমুদউল্লাহ হাসান, সহকারী পরিচালক মাসুদ রানাসহ অন্যান্য বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এ সময় জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোনো দূর্যোগ মোকাবেলায় সব সময় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে বিপর্যস্থ অসহায় মানুষ। আর এজন্য সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
সাতক্ষীরায় ভিডিপি দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকারকে দৃঢ় করার প্রত্যয়ব্যক্ত করে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস পালিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বেলুন উড়িয়ে ভিডিপি দিবস ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান।
পরে জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সাতক্ষীরা শহরের নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় মোড় এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক আলমগীর হোসেন, সহকারী পরিচালক জিহাদ উদ্দিন, সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুটেন্ট মিয়াজান আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমানসহ অন্যান্য উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ উপজেলা প্রশিক্ষক- প্রশিক্ষিকাগণ।
১৯৭৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ভিডিপি সদস্যরা দেশের আর্থ- সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা করে এবং সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব (সড়ক নিরাপত্তা, নির্বাচন, দুর্গাপুজা ইত্যাদি) পালন করে ভিডিপি সদস্যরা জনমনে আস্থার জায়গা করে নিয়েছে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য উপস্থিত সকলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় ভিডিপি দিবসে আগত ভিডিপি সদস্যরা বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ- গৃহপালিত পশুপালন, মৎসচাষ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বটিয়াঘাটা উপজেলায় সুরখালী ইউনিয়নে দীর্ঘদিন বেদখলে থাকা জমি উদ্ধার
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা সুরখালি ইউনিয়নের কল্যাণশ্রী এলাকায় ভুয়া দলিল সৃষ্টি করে পেশি শক্তি খাটিয়ে ভূক্ত ভোগী দের জমি দখল করে বিভিন্ন সময় বিচার সালীশ হলেও তারা বলে না, জমি ফসল কেটে নেয় দীর্ঘদিন পর ৫ই জানুয়ারি ভুক্তভোগীরা সকলে মিলিত হয়ে নিজেদের জমি বুঝে নেয়, বিবাদী বুঝতে পারে তাদের দলিল দুর্বলতা আছে তারা সামনে আসে নাই। জামির মালিকরা যথাক্রমে মোঃ আব্দুর রশিদ গাজী গ্রাম পুলিশ (৬০) পিতা মৃত্যু আক্কাস আলী গাজী, কল্যানশ্রী, মোঃ কাওসার আলী শেখ,পিতা মৃত্যু শামসুর আলী শেখ, গাওঘড়া, মোঃ ফয়সাল গং পিতা মৃত মোহাম্মদ রুহুল আমিন সেখ কল্যাণশ্রী, আলামিন গোলদার পিতামৃত আলতাফ গোলদার কল্যাণশ্রী, মোহাম্মদ আতাউর রহমান গোলদার গং, পিতা মৃত মাতা নেপালি গোলদার কল্যাণশ্রী,আমিনুল শেখ গং পিতা মৃত আহাদ আলী ভুক্তভোগীরা বলেন দীর্ঘদিন আমরা জমিতে আসতে পারি নাই আমাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখানো হয়েছে জমিতে আসলে আমাদের জীবনা সের হুমকি দেওয়া হয়েছিল, তাই আমরা জমিতে আসতে পারি নাই বর্তমান সরকার সুবিচারের কারণে আমরা আমাদের জমি ফিরে পেয়েছি আমাদের জমিতে ফিরে দখলে আসতে পেরে আমরা খুশি, বিবাদীগণ বিগত সরকারের দলীয় লোক থাকায় আমাদেরকে সব সময় দিয়ে রাখত তাদের মধ্যে উল্লেখযোগ্য নুরুল ইসলাম গোলদার, পিতা মৃত আহাদ আলী শেখ কল্যানশ্রী,আশরাফ গোলদার পিতা আমৃত হাতেম,মোঃ ইমরান হোসেন টিটো,ভুক্তভোগী মোঃ আব্দুর রশিদ গাজী গ্রাম পুলিশ তিনি বলেন আমাদের খতিয়ান নং ৩০২, এস এস সি এস দাগ ৩০,৩১,৩২, ৫৯, ৩৭/৫৯৯, ৪৯, ৭২, ২৯,কৃত্রিম দলিল সৃষ্টি করে এতদিন আমাদের জমি তারা ফসল খেয়ে আসছে বর্তমান সরকার স্বচ্ছ নিরপেক্ষ আইনের সহায়তায় আমরা আমাদের জমি ফিরে পেয়েছি সরকারের প্রতি কৃতজ্ঞ জানা।
বেসরকারি জুট মিলের শ্রমিক কর্মচারীদের জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার আটরা মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের মহসেন, সোনালী, এ্যযাক্স, আফিল, জুট স্পিনার, হুগলি বিস্কুট কোম্পানি সহ সকল বেসরকারি বন্ধকৃত পাট কল চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, সহ ৬ দফা দাবিতে আগামি ১০ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারীর ফেডারেশনের উদ্যোগে শ্রমিক জনসভা সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা রবিবার বিকাল ৪টায় শিরোমণি হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের নেতা বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতবারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এ্যজাক্স জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, ফেডারেশন নেতা কাজী আমির হোসেন, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, ফেডারেশন নেতা সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।
এ সময়ে শ্রমিক নেতৃবৃন্দ দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা বেসরকারি জুট মিলের শ্রমিকদের পাওনা অবিলম্বে পরিষদের জোর দাবি জানান। এছাড়া ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের এজেন্টা বাস্তবায়নে মিলের মালিকপক্ষ একের পর এক আন্দোলনরত শ্রমিক নেতাদেও নামে যে সকল মিথ্যা মামলা দায়ের করেছে তা প্রত্যাহার ও শ্রমিকদের পাওনা আদায়ের লক্ষে মালিকদের বিরুদ্ধে অতিদ্রত পদক্ষেপ গ্রহন করার আহবান জানানো হয়।
বাকেশির উৎপাদন বিভাগের সাবেক কর্মচারী আঃ রাজ্জাকের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার শিরোমণি শিল্পাঞ্চলের বাংলাদেশ কেবল শিল্প লিঃ এর উৎপাদন বিভাগের সাবেক কর্মচারী ও গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব শেখ আল আমিন এর শশুর আ: রাজ্জাক রবিবার বিকাল ৪ টায় বাড়ীর একটি গাছের থেকে পড়ে ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ বেলা ১১ টায় গিলাতলা শেখ পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এসময় তাঁকে দেখতে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন,বাকেশি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ কেবল শিল্পী লিমিটেড এর কর্মচারীবৃন্দ।
মাগুরায় সাবেক কাউন্সিলর বাবু মীর গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মীর শহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) সকালে মাগুরা শহরের মীরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০২২ সালের ২৭ আগস্ট মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার তাহাজ্জেদ শরীফের ছেলে মিলন শরীফ নামে একজন সংবাদকর্মীর ওপর হামলা এবং মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাগুরা সদর থানায় দায়ের করা মামলাটিতে মীর শহীদুল ইসলাম বাবু এজাহারনামীয় ১২ নম্বর আসামি। এ মামলায় সুনির্দিষ্ট ২৬ জনসহ অজ্ঞাত একশ থেকে দেড়শ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, শনিবার সকালে মাগুরা শহরের মীরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মেহেরপুরে দাম না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি, লোকসানে কৃষক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে উৎপাদিত সবজির দাম ও ক্রেতা না থাকায় জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি। এসব ফুলকপি এখন গো খাদ্য হিসেবে নিচ্ছেন স্থানীয় লোকজন। কৃষকরা জমি পরিষ্কার করে অন্য সবজি আবাদের প্রস্তুতিও নিচ্ছেন। অনেক স্বপ্ন নিয়ে শীতকালীন ফুলকপি চাষ করেছিলেন তারা। কিন্তু এখন উৎপাদন খরচই মিটছে না। লোকসানে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন মেহেরপুরের কৃষকরা।
জানা গেছে, স্বল্প খরচে বেশি মুনাফা পাওয়ার আশা নিয়ে রোপণ করা ফুলকপি এখন লোকসানে ফেলেছে কৃষকদের। কৃষকরা বলছেন, প্রতি বছর শীতকালীন সবজি হিসেবে ফুলকপির চাহিদা থাকে, দামও ভালো পান তারা। লাভের আশায় চলতি মৌসুমে অনেকেই ফুলকপির চাষাবাদ করেছেন। কিন্তু এ বছর নানান জাতের সবজিতে বাজার ভরে যাওয়ায় উৎপাদন ভালো হলেও মুনাফার অঙ্ক শূন্যের ঘরে।
প্রতিটি কপির উৎপাদন খরচ পড়ে ৭/৮ টাকা। সেখানে বর্তমান বাজারে চাষিদের খেতে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩/৫ টাকায়। ফলে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। এ ছাড়া চাষিদের পারিশ্রমিকও প্রায় শূন্য। যারা ঋণ নিয়ে চাষাবাদ করেছেন তারা তা কীভাবে শোধ করবেন তা নিয়ে পড়েছেন দুর্ভাবনায়।
মেহেরপুরের সাহারবাটি সবজি গ্রাম নামেখ্যাত। সেখানেও কপির চাষ করেছেন চাষিরা। এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়ও প্রচুর চাষাবাদ হয় ফুলকপি ও বাঁধাকপির। জেলার চাহিদা মিটিয়ে মেহেরপুরের চাষিদের উৎপাদিত ফুলকপি রাজধানী ঢাকাসহ সারা দেশের পাইকারি বাজারে বিক্রি হয়। জেলার চাষিরা খেতেই এসব ফসল বিক্রি করেন পাইকারদের কাছে। তারা ট্রাকবোঝাই করে ঢাকায় নিয়ে বিক্রি করেন। মেহেরপুর থেকে প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক ভর্তি হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হতো। অথচ এ বছর ট্রাক ভাড়া না ওঠায় দু-একটা করে ট্রাক যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ফেনি ও সিলেট জেলায়।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে জেলায় এ বছর ফুলকপির আবাদ হয়েছে ১ হাজার ১২০ হেক্টর, বাঁধাকপির আবাদ হয়েছে ১ হাজার ৬০ হেক্টর। এর মধ্যে গাংনী উপজেলায় বিভিন্ন মাঠে ১৬০ হেক্টর ফুলকপি এবং ১৫৫ হেক্টর বাঁধাকপির আবাদ হয়েছে।
গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের চাষি শরিফুল ইসলাম বলেন, আমরা গত বছর ৬ বিঘা জমিতে ফুলকপির আবাদ করে বিঘাপ্রতি লাভ পেয়েছিলাম সাড়ে ৩ লাখ টাকা লাভ হয়েছিল। সেই আশায় এবার ১১ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছিলাম। সময়মতো বিক্রি করতে না পারায় জমিতেই সব কপি নষ্ট হয়ে গেছে।
ভাটপাড়া গ্রামের কৃষক রেজাউল হক, নওপাড়া গ্রামের কৃষক লাভলু বলেন, দুই বিঘা জমিতে শীতকালীন ফুলকপির আবাদ করেছিলাম। একেকটি কপির ওজন হয়েছিল দেড় থেকে দুই কেজি ওজন। ক্রেতা নাই, তাই জমি ছেড়ে চলে এসেছি। অনেকেই গরু ছাগলের জন্য নিয়ে যাচ্ছেন। সার ও কীটনাশকের দোকানের বকেয়া,জ মির লিজ খরচের টাকা নিয়ে খুব বিপদে আছি।
সাহারবাটি গ্রামের কৃষক শিরাজুল ইসলাম বলেন, দুই বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছিলাম। ৫ হাজার টাকায় বিক্রি করেছি। দুই বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। সব টাকাই লোকসান। পরে জমি পরিষ্কার করতেও শ্রমিক খরচ হয়েছে।
কলোনিপাড়ার কৃষক আলমগীর হোসেন বলেন, দেড়বিঘা জমির ফুলকপি বিক্রি করতে না পেরে জমিতে নষ্ট হচ্ছে। নেওয়ার লোক নাই, খাওয়ারও মানুষ নাই।
সাহারবাটির আজিজুল বলেন, ৩০ শতাংশ জমিতে ফুলকপির চাষ করেছি। এ জমিতে রোপণ করা ৫ হাজার চারায় উৎপাদন খরচ পড়েছে প্রতি পিস ৭/৮ টাকা। এখন ফুলকপির দাম প্রতি পিস খেতে বিক্রি করতে হচ্ছে ৩/৪ টাকা দামে। এটা এমন ফসল, পরিপক্ব হলে আর খেতে রাখা যায় না। রাখলে খেতেই নষ্ট হয়ে যায়। উৎপাদন খরচই পাচ্ছি না। এর ওপর ঋণের বোঝা রয়েছে। ঋণ পরিশোধ করব কী দিয়ে, আবার পরিবারের খরচসহ আগামীতে ফসল উৎপাদনের টাকাও রইল না। বেশি দামে বীজ-সার কিনে কম দামে ফসল বিক্রি করলে তো মূলধন হারিয়ে যাচ্ছে।
ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, আমরা যে দামে কপি কিনে ঢাকা ও চট্টগ্রামে নিয়ে যাচ্ছি তাতে ভাড়ার টাকা হচ্ছে না। দুবার লোকসান দিতে হয়েছে।
শ্রমিক সর্দার মোশাররফ হোসেন বলেন, প্রতিবছর এ সময় ট্রাক লোড করে ৫০/৬০ হাজার টাকা আয় করতাম। এ বছর কাজ করছি কিন্তু কপি চাষিরা শ্রমিক খরচ দিতে পারছেন না। দু-একটা ট্রাক লোড করছি অনেক গৃহস্থ ঘরে থেকে টাকা পরিশোধ করছেন।
এদিকে মেহেরপুরের কৃষকদের হতাশা দেখে ‘স্বপ্ন’ নামের একটি সংগঠন ইতোমধ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ১০ হাজার পিচ ফুলকপি কিনেছেন ৫ টাকা পিচ দরে।
মেহেরপুর সদর উপজেলা হরিরামপুরের ফুলকপি চাষি রাকিব হোসেন বলেন, এ বছর আমি চার বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। একবিঘা জমিতে ফুলকপির আবাদ করতে খরচ হয়েতে ২৫ হাজার টাকা। সঙ্গে রয়েছে শ্রমিক ও পরিবহন খরচ। লাভের মুখ দেখছি না, উলটো জমিতে ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছিল। স্বপ্ন আমাদের থেকে ১০ হাজার পিস ফুলকপি কিনেছেন।
জেলা কৃষি বিপণন অনুসন্ধান কর্মকর্তা জিব্রাইল হোসেন বলেন, বর্তমানে বাজারে ফুলকপির সরবরাহ বেড়ে যাওয়ায় এই সবজির চাহিদা কমে গেছে। যার কারণে কৃষকরা লোকসানে পড়েছেন। লোকসান থেকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে কৃষকদের সঙ্গে সংযোগ করে দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃঞ্চ হালদার বলেন, প্রতিবছর এ মৌসুমে মেহেরপুরে ব্যাপকভাবে বাঁধাকপি ও ফুলকপির আবাদ হয়। হঠাৎ দরপতন হয়েছে। ফুলকপিগুলো বাইরের বাজারে পাঠানোর চেষ্টা করছি।
কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধি সভা
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় কালি মন্দিরে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সভাপতিত্বে এবং সদস্য সচিব উৎপল দে’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
এতে আরও বক্তব্য দেন, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় নেতা প্রভাষক সুব্রত দাস বাদল, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শিক্ষক মোহন দেবনাথ, সদস্য সাংবাদিক জয়দেব চক্রবর্ত্তী, কমলকৃষ্ণ চক্রবর্তী, স্যামুয়েল দাস, যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর কমিটির নেতা মলয় বসু, সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক শিক্ষক চিত্তরঞ্জন দেবনাথ, সাগরদাঁড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক শিক্ষক দিপংকর দত্ত, মঙ্গলকোট ইউনিয়ন শাখার নেতা ফনিভূষণ মন্ডল, পাঁজিয়া ইউনিয়ন শাখার নেতা পার্থ বসু, মজিদপুর ইউনিয়ন শাখার নেতা পরিমল দেবনাথ প্রমুখ।
এ সময় পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধি সভায় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন আলোচনা করা হয়।
বাড়িতে আসামি লুকিয়ে আছে বলে ভুয়া ডিবি পরিচয়ে তল্লাশি
যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে দু’টি বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বারভাগগ্রামের পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় নগদ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পশুপতি দেবনাথের ছেলে ব্রজেস্বর দেবনাথ জানান, শনিবার ভোররাত আনুমানিক সোয়া ৪টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের ডাকাডাকি করা হয়। দরজা খুলতে রাজি না হওয়ায় তারা ভেঙে ডুকবে বলে হুমকি দেন। এপর্যায়ে তারা ঘরে ডুকে বলে, তাদের কাছে তথ্য রয়েছে চট্টগ্রামের এক আসামি এই বাড়িতে লুকিয়ে আছে। এরপর তারা (ডাকাত) প্রায় ১৫ মিনিট পুরো পুলিশের অভিনয় করে। সকলের গায়ে পুলিশের পোশাক ছিল। কয়েকজনের গায়ে ডিবি পোশাকের মত জ্যাকেট ছিল। তবে তাতে ডিবি লেখা ছিল না। এসময় তারা ওয়াকিটকিতে কথা বলতে থাকে। ডাকাত দল এক পর্যায়ে ব্রজেস্বর ও তার কাকা বিশ্বনাথকে বেঁধে ফেলে ভয় দেখাতে শুরু করে। এ সময় মহিলাদের ভয় দেখাতে থাকে আলমারি চাবি না দিলে তাদের মেরে ফেলবে। বাধ্য হয়েই তাদের হাতে চাবি দিয়ে দেয়া হয়।
এরপর তারা ঘর থেকে নগদ এক লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। এরপর অন্য ঘর থেকে পাঁচ হাজার টাকা ও কয়েকভরি স্বাণালংকার নিয়ে নেয়। দুই পরিবারের মোট স্বর্ণের পরিমাণ প্রায় সাত ভরি ও মোট টাকার পরিমাণ এক লাখ পাঁচ হাজার। ১০ থেকে ১২ জনের ডাকাত দল সম্পূর্ণ ঘটনাটি ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে সম্পন্ন হয়।
মামুদালিপুর গ্রামের সাখাওয়াত হোসেন জানান, রাত চারটার দিকে তিনি গরুর খাবার দিতে গোয়ালে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান পাঁচ ছয়টি মোটরনসাইকেল যোগে পুলিশের পেশাক পরা একটি দল বরভাগের দিকে যাচ্ছে। আনুমানিক ৪০/৫০ মিনিট পর একই দলটি আবার নোয়পাড়ার দিকে ফিরে য়ায়।
এ ব্যাপারে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম জানান, পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
কুষ্টিয়ায় অস্তিত্বহীন মিলের নামে চালের বরাদ্দ নিয়ে তোলপাড়
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় অস্তিত্বহীন মিলের নামে চালের বরাদ্দ আজ নতুন নয়। বছরের পর বছর এমন অনিয়ম হয়ে আসলেও কোনো ব্যবস্থা নেয়া হয় না ওই সমস্ত মিলের বিরুদ্ধে। আর এমন অনিয়মের ফাঁকেই সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তারা লুটে নিচ্ছে কোটি কোটি টাকা। এর সঙ্গে খাদ্য বিভাগের কতিপয় কর্মকর্তার পাশাপাশি জড়িত প্রভাবশালী চালকল মালিকেরাও।
কুষ্টিয়ায় হাস্কিং এবং অটো মিলিয়ে সর্বমোট রাইস মিলের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। এসব মিলারদের কাছ থেকেই সংগ্রহ করা হয় সরকারের আপদকালীন চাল। চাল সরবরাহে চালকল মালিকদের যেপরিমান বরাদ্দ আসে তাতে বিপুল অর্থ পকেটে যায় মিলার অর্থাৎ চালকল মালিকদের। তবে অনুসন্ধানে দেখা গেছে, চাল সরবরাহ লাভজনক হওয়ায় অস্তিত্বহীন মিলের নামেও দেয়া হয় চালের বরাদ্দ। যার সংখ্যাও কম নয়। চ্যানেল ২৪ অনলাইন এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য।
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বড়ইটুপি গ্রামের ‘ভাই ভাই’ রাইস মিল। ওই মিলের কোনো অস্তিত্ব নেই প্রায় এক যুগেরও বেশি সময়। অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ায় মালিক সামসুল আলম মিলটি বন্ধ করে দিয়েছেন। বছরের পর বছর এই মিলের কার্যক্রম বন্ধ থাকায় তাতে জন্মেছে আগাছা। বয়লারেরও অস্তিত্ব নেই। সাইনবোর্ড না থাকায় চেনারও উপায় নেই। অথচ বন্ধ এই মিলের নামে বছরের পর বছর আসে চালের বরাদ্দ। এবারের বিভাজনেও দেয়া হয়েছে ১৩ দশমিক ২৯০ মেট্রিক টন চালের বরাদ্দ।
মিলটির মালিক সামসুল আলম জানান, হাস্কিং মিলের ব্যবসা এখন আর নেই। অটো মিলের দাপটে মিলটি বন্ধ করা হয়েছে। তবে তার মিলের নামে বরাদ্দের বিষয়ে তিনি জানান, আমার মিলের নামে কে গুদামে চাল দেন তা আমি জানি না।
স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ জানান, এক সময় মিলটি বেশ জাকজমক ছিল। কিন্তু অর্থাভাবে মিলটি আর চালাতে পারেন না। চাতাল, বয়লার, বন্ধ প্রায় ১৫ বছর।
কুষ্টিয়া সদর উপজেলার আরেকটি ‘রহমত’ রাইস মিল। এই মিলটিও বন্ধ হয়েছে প্রায় বছর তিনেক আগে। চালাতে না পারায় বিক্রি করে দিয়েছেন মালিক রেজাউল করিম। খাদ্য বিভাগের হিসেব বলছে রেজাউল করিম নিজেই সরকারি গুদামে চাল সরবরাহ করেন। তবে রেজাউল করিম বলেন তিনি এবিষয়ে কিছু জানেন না।
সদরের চেয়ে আরও ভয়াবহ অবস্থা কুমারখালীর। ২২টি মিলের মধ্যে অধিকাংশ মিলেরই অস্তিত্ব নেই। ধানের চাতাল আছে, কার্যক্রম নেই। বছরের পর বছর ধরে বয়লারে আগুন জ্বলে না। চাল মিলে, ডাল, চিড়া-মুড়ি উৎপাদনে ব্যস্ত। কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শরিফ রাইস মিল। প্রায় ১৫ বছর আগে চালের কারবার বন্ধ রয়েছে। সেই থেকে ওই মিল হয়ে গেছে ডাল মিল। মিলের মালিক আবু ওয়ালী নোমান ডাল ব্যবসায়ে প্রতিষ্ঠিত। অথচ তার মিলের নামে বছরের পর বছর চালের বরাদ্দ দেয়া হয়। এবারও পেয়েছেন ১৩ দশমিক ৬৮০ মেট্রিক টন বরাদ্দ। তিনি জানান হাস্কিং মিলের ব্যবসা নেই। তাই বাধ্য হয়েই ডালের ব্যবসায়ে ঝুঁকেছেন তিনি। তবে খাদ্য গুদামে তিনি চাল সরবরাহ করেন না বলে জানান।
কুমারখালীর কাঞ্চনপুর ও নগর সাঁওতা এলাকার মোতালেব ও ওয়াসেল রাইস মিলের অবস্থাও অনেকটা একই রকম। মিল বন্ধ দীর্ঘদিন। তবুও বরাদ্দ তালিকায় তাদের মিলের নাম।
কীভাবে এবং কেনইবা অস্তিত্বহীন মিলের নামে বরাদ্দ দেয়া হয় চালের? খোঁজ নিয়ে জানা গেছে, কোনো মিলের নামে চালের বরাদ্দ দেয়ার আগে ওই সমস্ত মিল বরাদ্দ পাবার যোগ্য কিনা সেবিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে দেয়া হয় বরাদ্দ। কিন্তু খাদ্য বিভাগের কর্মকর্তারা দায়সারা প্রতিবেদনে বন্ধ এবং অস্তিত্বহীন মিলের নামেও বরাদ্দ দিয়ে থাকেন। বিনিময়ে এসব মিলারদের কাছ থেকে নির্দিষ্টহারে কমিশন পান। যার পরিমাণও কম নয়। কয়েক কোটি টাকা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান ।
তিনি নিজেদের পক্ষে সাফাই গেয়ে জানান, অস্তিত্বহীন মিলের নাম বরাদ্দ তালিকায় নেই। যেসব মিল বন্ধ রয়েছে সেসব মিলের সঙ্গে চুক্তি করা হয়নি। তবে এর বাইরেও যদি কোনো মিলের অসঙ্গতি থাকলে ওইসব মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে বেশ কিছু মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও দাবি করেন এই খাদ্য কর্মকর্তা।
বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়া দেশ এগ্রো ফুডের স্বত্বাধিকারী এমএ খালেক জানান, সরকার কোনো মিলের সঙ্গে চুক্তি করার আগে মিলগুলো চাল সরবরাহের যোগ্য কিনা তা যাচাই বাছাই করে থাকে। যদি সঠিকভাবে তদন্ত করা হয় সেক্ষেত্রে এমন অনিয়ম হবার কথা নয়।
কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান জানান, চাল বরাদ্দের সঙ্গে আমাদের সংগঠন জড়িত নয়। তবে কেউ যদি এমন অনিয়মে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ।
সচেতন নাগরিক কমিটি কুষ্টিয়া শাখার সভাপতি রফিকুল আলম টুকু জানান, বছরের পর বছর অস্তিত্বহীন মিলের নামে চালের বরাদ্দের অভিযোগ শুনে আসছি কুষ্টিয়া খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট মিল মালিক এবং খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ।
চলতি আমন মৌসুমে জেলার প্রায় দুই শতাধিক মিলারদের কাছে ৪৭ টাকা কেজি দরে প্রায় ১৯ হাজার মেট্রিক টন চাল কেনার চুক্তিবদ্ধ হয়েছে কুষ্টিয়া খাদ্য বিভাগ।
মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারন নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গত ২৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষনা করা হলে দীর্ঘদিন পরে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পান চিনিকলটির শ্রমিক কর্মচারীরা। প্রার্থীদের প্রচার প্রচারনা ও ভোট ভিক্ষায় নির্বাচন ঘিরে গত বেশ কিছু দিন শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মুখরিত ছিল গোটা চিনিকল এলাকা। তফসিল অনুযায়ী রবিবার সকাল ৮ টায় ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোটাররা সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ভোট শেষে গননা শুরু হয়। নির্বাচনে শফিকুর রহমান রিংকু ছাতা প্রতিকে মোট ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারন সম্পাদক পদে জাহিদুল ইসলাম খেঁজুর গাছ প্রতিকে সমান সংখ্যক ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন জানান, ২৫ ডিসেম্বর তফসিল ঘোষনা করা হয়। এরপর প্রার্থীতা যাচাই-বাছাই শেষ হয় ২৯ ডিসেম্বর। প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয় ৩০ ডিসেম্বর। দ্বি-বার্ষিক এ সাধারণ নির্বাচনে ২৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৯ জন প্রার্থী। নির্বাচনটিতে মোট ভোটার ছিল ৫৯১ জন। এরমধ্যে মোট ৫৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন কামরুজ্জামান ও মিলন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক পদে এমরান হোসেন, কোষাধ্যক্ষ পদে নাজমুস সাকির, দপ্তর সম্পাদক পদে সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তরিকুল ইসলাম, এছাড়াও সাধারন সদস্য হিসেবে রফিকুল ইসলাম, ইমরান পারভেজ, মাসুদুর রহমান, শরিফুল ইসলাম, মামুন অর রশিদ, ইউসুফ আলী, সোহেল রানা, ইসরাফিল হোসেন, মাসুদ রানা, রিয়াজ উদ্দীন ফারুক হোসেন বিজয়ী হয়েছেন। তবে বয়লার, টারবাইন ও পাওয়ার হাউজের সাধারন সদস্য পদে সমান সংখ্যক ২৯ ভোট পাওয়ায় এ পদে পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস বলেন, ভোট অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীনভাবে ৪ টা পর্যন্ত চলে। ভোটাররা স্বতস্ফুর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহয়তা প্রদানে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা পৌরসভার প্রশাসক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে ও সাতক্ষীরা পৌরসভার সিইও ইশতিয়াক আহমেদের সঞ্চলনায় সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সরকার প্রকৌশল মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর নাজমুন নাহার প্রমুখ।
সাতক্ষীরা উপকূলে নারীদের উদ্যোগে বদলে যাচ্ছে জীবনযাত্রা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নদীর বেড়িবাঁধ ভাঙন, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের সঙ্গে লড়াই করে নিজেদের বাঁচিয়ে রেখেছে। এসব দুর্যোগে অনেক পরিবার তাদের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তবে এ অঞ্চলের নারীরা ছাগল-ভেড়া পালন এবং বাড়ির আঙিনায় শাক-সবজি চাষ করে পরিবারে ইতিবাচক ভূমিকা রাখছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলার লবণাক্ত মাটি ও পানির কারণে এখানকার পুরুষরা দেশের বিভিন্ন প্রান্তে ইটভাটায় শ্রমিক, গভীর সমুদ্রে মাছ ধরা বা শহরে রিকশা চালানোর মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ফলে পরিবারের নারীরা অনেক সময়ই প্রয়োজনীয় জিনিসের জন্য পুরুষদের উপর নির্ভরশীল ছিলেন। তবে দিন বদলের এই সময়ে নারীরা পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছেন।
আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের রুরাইরবিল ও হিজলিয়া এবং শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালী, উত্তর ঝাঁপা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি ও সরদারপাড়া গ্রামের ১৮১টি পরিবারে ছাগল-ভেড়া ও মৌসুমি সবজির বীজ একটি বেসরকারি সংস্থার থেকে সরবরাহ করা হয়। রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ও ফেরোমন ফাঁদ ব্যবহারের পদ্ধতিও শেখেন নারীরা।
মুন্সিগঞ্জের কুলতলি গ্রামের দীপিকা রপ্তান বলেন, ‘স্বামীর উপার্জনের উপর পুরোপুরি নির্ভরশীল ছিলাম। এই প্রকল্পের সহায়তায় বাড়ির আঙিনায় সবজি চাষ শুরু করি। প্রথমবারের ফলন ভালো হওয়ায় নিজেরা খাওয়ার পর বাজারে বিক্রি করে ১০-১২হাজার টাকা আয় করেছি। এখন শীত মৌসুমে বড় পরিসরে চাষ করছি। সংসারে স্বামীর পাশাপাশি অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারছি।’
পদ্মপুকুরের সবিতা রানী জানান, ‘আগে স্বামীর আয়ে পুরো সংসার চলত। জীবিকার জন্য নদীতে চিংড়ি পোনা ধরতে হতো, যা ঝুঁকিপূর্ণ ছিল। এখন সবজি চাষ ও ভেড়া পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছি। নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারি।’
শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা বলেন, লবণাক্ত এলাকায় উন্নত জাতের বিভিন্ন প্রকারের শাক-সবজি বীজ সংগ্রহ করে নারীরা। আমরাও ইতিমধ্যে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদের জন্য নারীদের প্রশিক্ষণ দিয়েছি।
শ্যামনগর উপজেলা প্রাণি সম্পদ অফিসের উপ-সহকারী মাহবুবুর রহমান বলেন, শ্যামনগর উপজেলাজুড়ে আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ পালনের প্রশিক্ষণ ও টিকা সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে।
লোহাগড়ায় ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, অভিযুক্ত আটক
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় তামিম খান (১৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আমিনুল নামে একজনকে আটক করা হয়েছে। নিহত তামিম খান নড়াইল সদর উপজেলার হবখালি গ্রামের রুবেল খানের ছেলে। রবিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে ভ্যানচালক তামিম খান নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে নিহতের চাচাতো ভাই জানায় তামিম অভিযুক্ত আমিনুলকে ভ্যানে নিয়ে যেতে দেখেছে। পরে নিহতের স্বজনরা অভিযুক্ত আমিনুলকে আটক করে ঘটনাটি পুলিশকে জানায়। সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করে যে তামিমকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তাকে হত্যার পর লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকায় মাটিচাপা দিয়েছে এবং ভ্যান ওই গ্রামে বিক্রি করেছে। পরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের একটি টিম লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকা থেকে লোহাগড়া থানা পুলিশের উপস্থিতিতে নিহতের মরদেহ উদ্ধার করে, আসামি আমিনুলকে লোহাগড়া থানায় হস্তান্তর করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে তামিমকে শ্বাসরোধ করে হত্যা করে তাকে লোহাগড়ার মশাঘুনি এলাকায় মাটিচাপা দিয়ে রেখেছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আমিনুলকে আটক ও চোরাই ভ্যান কেনাবেচার অভিযোগে দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লোহাগড়া থানা পুলিশ আইনি ব্যবস্থা নিবে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাল্টিডিসিপ্লিনারি ও ইমপ্যাক্টফুল গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এডভাইজারি কমিটি (আরএসি) এর ২০তম সভা রবিবার (০৫ জানুয়ারি) বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলাস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভায় ২০২৪-২৫ অর্থবছরের ২য় পর্যায়ের গবেষণা প্রকল্প প্রস্তাবনার অনুকূলে গবেষণা বরাদ্দ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ইউনিক ও ইনোভেটিভ বিষয়ে গবেষণা প্রকল্প জমা দেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া হিট থেকে প্রজেক্ট পাওয়ার ব্যাপারে প্রস্তাবনা জমা দেওয়ার জন্য শিক্ষকদের উৎসাহিত করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সুন্দরবন উপকূলীয় হওয়ায় এ বিশ্ববিদ্যালয়ের কাছে এ অঞ্চলসহ দেশের মানুষের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে জনসম্পৃক্ত সমস্যাগুলো নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। বিশেষ করে যেসব বিষয়ে ছোট ছোট গবেষণা হয়েছে, ভবিষ্যতে তা নিয়ে বড় ধরনের গবেষণা হওয়া উচিত। এক্ষেত্রে কোলাবরেটিভ/মাল্টিডিসিপ্লিনারি ও ইমপ্যাক্টফুল গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে। যাতে গবেষণালব্ধ ফলাফল প্রান্তিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে।
সভায় আরও বক্তৃতা করেন আরএসি’র সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খো. মাহফুজ উদ-দারাইন, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং আরএসি’র বহিঃস্থ সদস্য ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লতিফুল ইসলাম।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মানসা কালি মন্দির পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী মানসা কালি মন্দির পরিদর্শন করেছেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পালসহ অন্যান্যরা।
তিনি শনিবার সন্ধ্যায় মন্দির পরিদর্শন শেষে মন্দির কমিটি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক কানাই লাল সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কানন মজমুদার, নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার সহধর্মিণী কৃষ্ণা মন্ডল ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মেয়ে দীপান্নিতা পাল। মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার (বাটুল) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল কুমার আঁশ এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দুলাল কুমার পাল, মিলন কুমার সেন ও বিএনপি নেতা মো. মিজানুর রহমান সহ গনমাধ্যমকর্মী ও মন্দির কমিটির বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অপরদিকে, এদিন বিকেলে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল স্ব-পরিবারে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে রবি ঠাকুরের পিতৃ পুরুষের আদি নিবাস পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।
সাতক্ষীরার ইটভাটাতে সরকারি নির্দেশ উপেক্ষা করে কাঠের ব্যবহার
সাতক্ষীরা প্রতিনিধি
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আশাশুনি উপজেলার বড়দলে ভাটা গুলোতে প্রকাশ্যে কাঠ ও টায়ার জ্বালানো হলেও দেখার কেউ নেই। অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও তা মানা দূরে থাক ইটের মৌসুমের শুরু থেকেই ভাটাতে কাজ কাঠ ও টায়ার জ্বালানো হচ্ছে জোরেশোরে।
ভাটার ম্যানেজার ন্সাংবাদিকদের জানান, ম্যানেজ করেই চলছে ভাটার কার্যক্রম। কয়লার দাম বাড়তি থাকায় ম্যানেজ করে লাকড়ি-কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে।
এলাকা ঘুরে দেখা গেছে, মারাত্মক হুমকির মুখে পড়েছে ফসলি জমি, বৃক্ষ ও প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও কিভাবে ভাটা চলছে সহজ হিসেব খুজে মিলছেনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেইন রাস্তার ধারেই বহু কাঠ জমা করে রাখা আছে। ভাটার চারপাশে মজুত করে রাখা হয়েছে কয়েকশ মন লাকড়ি। ভাটাতে কাঠ পোড়ানোর ফলে চিমনি দিয়ে কালো কুন্ডলীর ধোঁয়া বের হচ্ছে। আর সেই ধোঁয়া স্কুলের কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের বসতি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে লাইসেন্স ব্যতীত কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যায় না এবং জ্বালানি হিসেবে ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধেরও বিধান রয়েছে। কিন্তু এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে আমসহ বিভিন্ন গাছের কাঠ।
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম সায়বাদিকদের জানান, এসব ভাটার পরিবেশ অধিদপ্তরের হালনাগাদ ছাড়পত্র নেই। অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ছাড়া অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার বিষয়টি অবগত স্থানীয় প্রশাসন। খুব শ্রীঘ্রই এসব ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করা হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা আছে। আশাশুনি ইউএনওকে এসব ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।
প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কিংবদন্তী শ্রমিক নেতা কমরেড সহিদুল্লাহ চৌধুরী গত ৩ জানুয়ারী মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত শোক দিবস উপলক্ষে ৫ জানুয়ারী সকাল ১০ সিপিবি খুলনা জেলা কার্যালয় চত্বরে কালো পতাকা উত্তোলন ও পার্টি পতাকা অর্ধনমিত রাখা হয়। বিকাল ৪টায় পার্টি কার্যালয় কমরেড সহিদুল্লাহ চৌধুরী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়।
জেলা সভাপতি ডা. মনোজ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক গাজী নওশের আলী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, আব্দুল হালিম, মোস্তাফিজুর রহমান রাসেল, জাহানারা আক্তারী, ধীমান বিশ্বাস, মীর রিয়াসাত আলী রিয়াজ, মামুন খান প্রমুখ।
নেতৃবৃন্দ কমরেড সহিদুল্লাহ চৌধুরী জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য রাখেন। কমরেড সহিদুল্লাহ চৌধুরী লতিফ বাওয়ানী জুটমিলের সাধারণ শ্রমিক থেকে মিলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন দুই মেয়াদে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)’র আহ্বায়ক ছিলেন। পাটকল সুতাকল ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম কমিটির প্রধান নেতা ছিলেন। একজন সাধারণ শ্রমিক থেকে জাতীয় রাজনীতির সামনের কাতারে চলে আসা এই মহান নেতা বাম গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির মানুষ ও দেশবাসী চিরদিন স্মরণ করবে বলে আলোচকরা মনে করেন। সকালে পতাকা উত্তোলনের সময় পার্টির জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লবণচরা যুবকদের উদ্দ্যোগে ওয়াজ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ট মোফাচ্ছেরে কোরআন ইসলামী আলোচক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম বলেন, দেশের সকল মুসলিমরা ঐক্যবদ্ধ হলে এই দেশে ইসালামী শাসন ব্যাবস্থা কায়েম হবে। তিনি বলেন, দেশের সকল মুসলমানদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশে ইসলামী রাষ্ট ব্যাবস্থা কায়েম করতে হবে এই দেশের স্বাধীনতা সংগ্রামে আলেম ওলামা ও মুসলমানের ভুমিকা ছিল সব থেকে বেশি। অভিন্ন ভারত বর্ষকে মুসলমানেরা সাড়ে সাতশত বছর সাশন করেছে মুসলমানদের এই ঐতিহ্য ফিরিয়ে আনতে দেশের সকল ইসলামি ভাবধারার শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।
তিনি গতকাল লবনচরা যুবকদের উদ্দ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলে বিশেষ বক্তার আলোচনায় এসব কথা বলেন। আলহাজ্ব মোহাঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন জনাব শেখ আরিফুর রহমান, মাহফিলে আলোচনা পেশ করেন মাওলানা এস এম নাইমুল ইসলাম নাইম, মাওলানা শাফায়াতুল ইসলাম, হাফেজ মাওলানা ইনামুল হক বেলালী,হাফেজ মোঃ সোহেল হোসেন।মাহফিল েেশ্ষ দেশ জাতি র জন্য বিশেষ দোয়া করা হয়।
হাড় কাঁপানো শীতেও সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটকদের ভিড়
দাকোপ প্রতিনিধি
পৌষের শেষ ভাগে সারা বাংলাদেশের মতো খুলনার সুন্দরবন সংলগ্ন দাকোপ উপকূলে কনকনে শীতে কাঁপছে মানুষ। গত তিন ধরে দেখা মেলেনি সূর্যের। তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে উল্টো চিত্র সুন্দরবনে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীত উপেক্ষা করে পর্যটকরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখতে ছুটে এসেছেন। আসছেন বিদেশি পর্যটকরাও। শুক্র ও শনি (৩ ও ৪ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির এ দুই দিনে সুন্দরবনের প্রধান পর্যটন স্পট করমজলে পর্যটকদের ভিড় বেড়েছে। আগত পর্যটকরা ট্রলার ও লঞ্চে করে বনের নানা প্রান্তে গিয়ে উপভোগ করেছেন সুন্দরবনের সৌন্দর্য। রবিবারও পর্যটকদের ভিড় সামলাতে বনরক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলে পর্যটনকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান।
সুন্দরবনের করমজল পর্যটন স্পটে ঘুরতে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রলয় মজুমদার বলেন, ‘অভিজ্ঞতা খুবই চমৎকার। শুধু বই পড়ে পড়ে সুন্দরবনের সৌন্দর্য উপলব্ধি করা যায় না। আমরা এখানে না এলে বুঝতেই পারতাম না সুন্দরবন আসলেই কত সুন্দর! পরতে পরতে বৈচিত্র্য আমাদের হাতছানি দিয়েছে। অনেক কিছু শেখার আছে এখান থেকে।’ সাতক্ষীরা থেকে সুন্দরবনে ঘুরতে আসা কয়েকজন স্কুলশিক্ষার্থী জানায়, সুন্দরবনে এসে তারা সবাই খুশি। ওয়াচ টাওয়ারে চড়ে তারা অনেক দূর পর্যন্ত সুন্দরবনের অপার সৌন্দর্য উপভোগ করতে পেরেছে। উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মীর আনোয়ার আলী বলেন, ‘আগে কখনও সুন্দরবনে আসা হয়নি।প্রথমবারের মতো প্রচণ্ড শীত উপেক্ষা করে করমজলে এলাম। বনের ভেতর ঘুরে দেখলাম অনেক কিছু। মনটা ভরে গেছে।’
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘দেশেজুড়ে তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যেও এত পর্যটক আসবে, তা ভাবতে পারিনি। যেহেতু পর্যটক মৌসুম তাই পর্যটক আসবে। তাছাড়া টানা দুই দিনের সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের চাপ বেড়েছে। বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর পর্যন্ত সাত হাজার পর্যটক এসেছেন এখানে। তাই অন্য দিনের চেয়ে রাজস্ব ভালো আদায় হবে।’ ‘রাজনৈতিক প্রেক্ষাপট ভালো, তাই এখন থেকে প্রতিদিন তিন থেকে চার হাজার পর্যটক আসবে।
ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যটকদের চাপ হবে’ উল্লেখ করে বন কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘চারদিকে ঘন সবুজ পরিবেশের মাঝে বুঁদ হয়ে থাকার নেশায় যেকোনও পর্যটকেরই পছন্দের স্থান সুন্দরবন। ভরা এই পর্যটক মৌসুমে সুন্দরবনের সৌন্দর্য দেখে অভিভূত হচ্ছেন বিদেশি পর্যটকরাও। শনিবার ইংল্যান্ড ও রাশিয়ার ১৬ জন পর্যটক এসেছেন। এর আগে বছরের প্রথম দিনে আটটি দেশের ৩৮ জন পর্যটক সুন্দরবন ঘুরে গেছেন।’
জানা গেছে, সুন্দরবনে সারি সারি সুন্দরী, পশুর, কেওড়া, গেওয়া ও গোলপাতা গাছ রয়েছে। দৃষ্টি যতদূর যায়, সবখানেই যেন কোনও শিল্পী সবুজ অরণ্য তৈরি করে রেখেছেন। অপরূপ চিত্রল হরিণের দল, বন মোরগের ডাক, বানরের চেঁচামেচি , মৌমাছির গুঞ্জন ও বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের গর্জন। এসব বৈচিত্রময় কারণে বরাবরই বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবনের কদর আলাদা।
কুমারখালী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরনো ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট দেওয়ার পর কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ বলছে, গত ২৪ আগস্ট থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো। এ উপলক্ষে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন শনিবার সকালে তার ব্যক্তিগত ফেসবুকে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর পুরাতন ছবি পোষ্ট করেন। সেই অপরাধে পুলিশ তাকে রাতে গ্রেপ্তার করেছে।
কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, “২৪ আগস্ট থানায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এবার কলেজের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’- এমন একটি লেখা প্রকাশিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল স্ক্রিনে লেখাটি ভেসে উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন উপজেলা যুবদল, ছাত্রদল, পৌর যুবদল, ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জানতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনাকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে রাতেই কলেজে গিয়েছিলাম। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ বলেন, ‘‘ঘটনার পরপরই ডিজিটাল স্ক্রিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, ডিজিটাল স্ক্রিন পরিচালনার দায়িত্বে থাকা দুই অপারেটরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।’’
এর আগে, গত ১৪ ডিসেম্বর খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’- এমন একটি লেখা প্রকাশিত হয়েছে বলে অভিযোগ উঠে।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রতিবাদে ইউনিয়ন পরিষদে তালা
কুষ্টিয়া প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ঘটনায় কুষ্টিয়ার কুমারখালীর ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদের প্রধান ফটক ও চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তালা লাগান তারা। এছাড়া যদুবয়রা সাপ্তাহিক পশুহাটের টোল আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ক্রেতা-বিক্রেতাদের জন্য ফ্রি ঘোষণা করে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে এই কেক কাটা হয়। পরে কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রতিবাদে ইউনিয়ন পরিষদে তালা, পশুহাট টোল ফ্রি ঘোষণা বিএনপির এ ঘটনার প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১১টার দিকে যদুবয়রা জয়বাংলা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি যদুবয়রা পশুহাটের টোলঘর ভাঙচুর করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যায়। সেখানে পরিষদ থেকে সচিব, গ্রাম পুলিশ ও সেবাপ্রত্যাশীদের বের করে দেন এবং পরিষদ ভবনের প্রধান ফটকের গেটে তালা লাগিয়ে দেন নেতাকর্মীরা।
এসময় যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যদুবয়রা ইউনিয়ন পরিষদের ১ ওয়ার্ডের মেম্বার আনিছুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে ও বাইরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা পরিষদের সচিব ও গ্রামপুলিশ সদস্যদের বের করে গেটে তালা লাগান। তবে তালা লাগানো ছবি গণমাধ্যমকর্মীদের তুলতে বাধা দেন তারা।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পরিষদ চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। তাদের এই অপরাধের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।’
পরিষদে তালা লাগানো ও হাটের টোল ফ্রি করার ঘটনা স্বীকার করেছেন যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ।
তিনি বলেন, আওয়ামী লীগের দোসর ও দেশদ্রোহীদের বিচার না হওয়া পর্যন্ত পরিষদের তালা খোলা হবে না। হাটে কেউ টোল তুলতে পারবেন না। এতে কিছুদিন জনগণের হয়রানি হবে। তবুও দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক যদুবয়রা পশুহাট পরিচালনা কমিটির একজন সদস্য বলেন, ‘প্রায় ৭৩ লাখ টাকায় এক বছরের জন্য হাট ইজারা নেওয়া। আগামী এপ্রিল মাস পর্যন্ত মেয়াদ আছে। তবুও বিএনপির নেতাকর্মীরা বৈধ হাটটি দখল করে নিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’
যদুবয়রা ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল ইসলাম বলেন, ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র রোববার দুপুরে শতাধিক লোকজন এসে পরিষদে তালা লাগিয়েছেন। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। তিনি বিষয়টি ইউএনওকে জানিয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ফোনে বলেন, ‘গতকাল ছুটির দিন হওয়ায় পরিষদ বন্ধ ছিল। যাওয়া হয়নি। কে বা কারা কেক কেটেছে কিছুই জানি না। পরিষদে তালা লাগানোটা অন্যায় ও বেআইনি।’
ঘটনাস্থলে থাকা কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস বলেন, ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র করে পরিষদ ভবনে তালা ও পশুহাটের ইজারা ফ্রি ঘোষণা করেছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে কাজ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ঘটনার স্ষ্ঠুু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত পরিষদ চালুর ব্যবস্থা করা হবে।
ঘন কুয়াশায় পুকুরে পড়ে প্রাণ গেল বৃদ্ধার
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে ঘন কুয়াশার মধ্যে পুকুরের পানিতে পড়ে সকিনা খাতুন (৭২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার শিকারপুর গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শিকারপুর গ্রামের মৃত আনসার সরদারের স্ত্রী সকিনা খাতুন আজ রবিবার ভোরে ঘন কুয়াশার মধ্যে নিজ বসতঘর থেকে বের হয়ে পুকুর পাড় দিয়ে পার্শ্ববর্তী বড় ছেলে নজরুল ইসলামারে বাড়ি যাওয়ার সময় পানিতে পড়ে মারা যান। এলাকাবাসী পুকুরের পানিতে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে।
পরবর্তীতে পরিবারের লোকজন এসে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।
কেশবপুর থানায় এস আই আমিনুল ইসলাম বলেন, ‘ওই বৃদ্ধা ঘন কুয়াশার মধ্যে লাঠি ভর দিয়ে ছেলের বাড়িতে যাওয়ার সময় পা সরে পুকুরের পানিতে পড়ে মারা যান। তাছাড়া তিনি চোখেও কম দেখেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উদ্বোধনে দেরি, প্রচণ্ড শীতে দাঁড়িয়ে থাকতে থাকতে কাহিল শিশুরা!
যশোর অফিস
যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের অপেক্ষায় প্রচণ্ড শীত ও কুয়াশায় দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হলো শিশুদের। রোববার সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও প্রধান অতিথি জেলা প্রশাসক ভেন্যুতে পৌঁছান সকাল ১১টা ২০ মিনিটে। আর উদ্বোধনের নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের নিয়ে আসা হয় ভেন্যুতে।
ফলে সকাল থেকে তীব্র কুয়াশা আর শীতের ভিতর হাফ প্যান্ট আর টিশার্ট পরে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের জবুথুবু অবস্থার সৃষ্টি হয়।
রোববার যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষক ও অভিভাবকমহলে।
জানা গেছে, যশোরের আট উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) রোববার সকাল ১০টায় সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হওয়ার কথা ছিল। টুর্নামেন্টের আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা অফিস। যথারীতি নিয়ম অনুযায়ী খেলা শুরু হওয়ার ঘণ্টা দুই আগে বাসে করে মণিরামপুর, শার্শা, চৌগাছা ও সদরের বালক ও বালিকারা খেলার মাঠে উপস্থিত হন। তারা খেলার মাঠে উপস্থিত হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বর কর্মকর্তারা শিক্ষার্থীদের তাদের খেলাধুলার পোশাক পরে মাঠে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশনা দেন।
এরপর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উপজেলা দলের ড্রেস পরিধান করে দাঁড়িয়ে যায়। শীত আর কুয়াশার মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হওয়ার পাশাপাশি শীতে কাহিল হয়ে পড়ে শিক্ষার্থীরা। শীতে কাঁপুনিও দিতে দেখা গেছে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের।
দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী বলে, ‘খুব ভোরে বাসে উঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছেছি। উপজেলার জার্সি পড়ে দাঁড়িয়ে রয়েছি। মাইকে কিছুক্ষণ পরপর স্যারেরা বলছে, আর একটু পরেই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। কিন্তু সেই সময় আর আসেনি। এমনি আজ খুব কুয়াশা আর শীত। এই শীতে খেলাধুলার মধ্যে থাকলে শীত লাগত না। তবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে কাহিল হয়ে পড়েছি।’
খেলার মাঠে উপস্থিত এক উপজেলার শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, ‘শীতে শিশুরা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে আটটায় এসেছি। কিন্তু যথারীতি সময়ে খেলার শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পাচ্ছে বাচ্চারা।’
এদিকে, সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও খেলার মাঠে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম উপস্থিত হন ১১টা ২০ মিনিটে। এ সময় তিনি অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এই বিষয়ে আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, শীত উপেক্ষা করে সকাল থেকেই শিক্ষার্থীরা মাঠে এসেছে। তবে শীত ও কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য নির্ধারিত সময়ে উদ্বোধন সম্ভব হয়নি। আর মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টিও সঠিক নয় বলে দাবি করেন তিনি।
এদিকে উদ্বোধনী খেলায় (বালক) মণিরামপুর উপজেলাকে তিন গোলে হারায় শার্শা উপজেলা আর বালিকা বিভাগে মণিরামপুর উপজেলাকে চার গোলে হারিয়েছে শার্শা উপজেলা। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।
তীব্র শীতের সঙ্গে কুয়াশায় ঢাকা পড়ছে খুলনা
স্টাফ রিপোর্টার
নতুন বছরের শুরু থেকেই খুলনায় শীতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে কয়েকদিন ধরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। শুক্রবার বেলা পৌনে ২টায় সূর্যের দেখা মিলেছে।
কুয়াশা ও ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা। দিনমজুর মো. কালাম বলেন, ‘কুয়াশা বা শীতের কারণে ঘরে বসে থাকলে পেট চলবে না। তাই কুয়াশা বাড়লেও বাইরে কাজের জন্য বের হতে হয়। কাজ না পেলেও উপায় নেই।’
সিএনজি চালক সরোয়ার হোসেন বলেন, ‘এমনিতেই যাত্রী কম। তার ওপর শীতের সঙ্গে ঘন কুয়াশা। ভোরে বের হয়ে বেলা ১০টা পর্যন্ত পাঁচ জন যাত্রী পেয়েছি। এতে তেল খরচও উঠবে না।’
সিএনজিচালিত অটোরিকশাচালক আবু বক্কার বলেন, ‘কুয়াশা আর শীতের কারণে ভোরে বের হইনি। ৯টার দিকে বের হই। তখনও ঘন কুয়াশা। সড়কে যাত্রী নেই। তাই বসে আছি।’
কাঠমিস্ত্রি আব্দুল হালিম শেখ বলেন, ‘চার-পাঁচ দিন হলো শীতের কারণে কাজ নেই। তারপরও কুয়াশার মধ্যে এসে শিববাড়ি মোড়ে বসে থাকি। যদি কোনও কাজ আসে।’
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা খাতুন বলেন, ‘শীত প্রতি বছরই পড়ে। এইবার মনে হচ্ছে শীত একটু বেশিই। শহরের তুলনায় গ্রামে শীত আরও বেশি। এ কারণে স্কুলের ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম।’
খুলনা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার থেকে এ পরিস্থিতির উন্নতি হবে। ঘন কুয়াশা কেটে যেতে পারে। শুক্রবার থেকে খুলনায় শীতের তীব্রতা ও কুয়াশা বেড়েছে। শুক্রবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রবিবার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।’











































