ক্রীড়া ডেস্ক
কেপ টাউনে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের প্রথম দিনেই ইনজুরির শিকার হলেন সাইম আইয়ুব। গতকাল সকালে ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। তার গোড়ালি মচকে গেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা দক্ষিণ আফ্রিকার ইনিংসের সপ্তম ওভারের। রায়ান রিকেলটনের ব্যাট ছুঁয়ে বল সিøপ দিয়ে বেরিয়ে বাউন্ডারির দিকে এগোতে থাকে। বলের পেছনে দৌড় দেন আমের জামাল ও সাইম। বল ঠেকিয়ে তা সাইমকে দেন জামাল। বল ধরতে গিয়ে থেমে যান সাইম। তখন ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। মচকে যায় গোড়ালি। ব্যথায় কাতরাতে থাকেন পাকিস্তানি তরুণ ব্যাটার। মাঠে ফিজি তাকে পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়। দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন সাইম। এরপর বাউন্ডারি থেকে স্ট্রেচারে চড়িয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাইমের চোটের গভীরতা কেমন সেটি অবশ্য জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। আশঙ্কা করা হচ্ছে এই টেস্টে আর মাঠে নামতে পারবেন না সাইম। তেমনকিছু ঘটলে সেটি হবে পাকিস্তানের জন্য বড় ধাক্কা। কেননা সম্প্রতি দারুণ ছন্দে আছেন সাইম। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৯৮ রানে ছিলেন অপরাজিত।
সাইমের চোটে পড়ার দিনে সেঞ্চুরি করেছেন রায়ান রিকেলটন ও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। গতকাল রিকেল্টন ১৬৭ ও বাভুমা ১০৫ রানে ব্যাট করছিলেন। উদ্বোধনী জুটিতে ৬১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ৭২ রানে তৃতীয় উইকেটের পতন হয় তাদের। চতুর্থ উইকেট জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দেন বাভুমা ও রিকেলটন। এইডেন মার্করাম ১৭ রানে বিদায় নেন। ত্রিস্টান স্টাবস খুলতে পারেননি রানের খাতা। ৫ রানে আউট হন উইয়ান মুলডার। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেটে ৩০০ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।











































