খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, শিল্পকর্ম এমন একটা বিষয়, যেখানে মুখের ভাষা ছাড়া শিল্পীর চিন্তা-চেতনা ও মনের ভাব প্রকাশ পায়। শিল্পী তাঁর কর্মের মাধ্যমে সৃজনশীলতা তুলে ধরেন। আমাদের পরবর্তী প্রজন্মকেও সৃজনশীল হিসেবে গড়ে তোলা উচিত। এজন্য শিশু শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ তৈরি করে দিতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে খুলনা জেলা শিল্পকল্পা একাডেমিতে বিজয় ’৭১ আয়োজিত ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বিজয়ের মাসে আন্তর্জাতিক আর্ট উৎসব আয়োজন করা হয়েছে। এবারের বিজয় দিবসের প্রেক্ষাপট অন্য বছরের থেকে ভিন্ন। এবছর আমরা নতুন প্রজন্মের এক ঐক্যবদ্ধ আন্দোলনে নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আবেগ আমাদের বুঝতে হবে। না হলে পরবর্তী প্রজন্ম ভুল পথে ধাবিত হবে। নতুন প্রজন্মই আমাদের আগামী দিনের কান্ডারি। তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের সকলের দায়িত্ব। উপাচার্য অধিকহারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করে, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ও কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আমিরুল খসরু এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন বিজয় ’৭১ এর সভাপতি সাইফুল ইসলাম মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম শাহারুজ্জামান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে উপাচার্য শিল্পকর্ম ফেস্টিভ্যাল উপলক্ষ্যে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন। এর আগে তিনি ফিতা কেটে ফেস্টিভ্যাল উদ্বোধন করেন। এ সময় তিনি আর্ট ফেস্টিভ্যালে অংশ পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন।
খুবিতে ‘এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং ফর হিট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নতুন আইডিয়া ডেভেলপ করে গবেষণা প্রস্তাবনা তৈরিতে উপাচার্যের গুরুত্বারোপ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং ফর হিট’ শীর্ষক এক কর্মশালা আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প চালু করা হয়। বাজার চাহিদাভিত্তিক ক্যারিকুলাম প্রণয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সংযোগ বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রশিক্ষণ অ্যাকাডেমি প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়গুলোর নারী শিক্ষার্থীদের মধ্যে আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপন, ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করা, প্রতিযোগিতামূলক গবেষণার উদ্ভাবনী প্রকল্প চালু করা এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান ক্রমাগতভাবে বাড়ছে। এখানকার শিক্ষকরা গবেষক হিসেবে অত্যন্ত সুপরিচিত। তাদের যোগ্যতা ও দক্ষতা সবক্ষেত্রে ছড়িয়ে আছে। এখন গবেষক হিসেবে তাদের উচিত হিট প্রকল্পের জন্য নতুন নতুন গবেষণা প্রস্তাবনা তৈরি করা। এক্ষেত্রে নতুন আইডিয়া ডেভেলপ করে মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন সংশ্লিষ্ট গবেষণায় গুরুত্ব দেওয়া উচিত।
উপাচার্য বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে হিট থেকে শিক্ষকদের প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে যে সকল ক্রাইটেরিয়া রয়েছে, তা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। আমি আশা করি, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে সিস্টেম্যাটিকভাবে এবার সর্বোচ্চসংখ্যক প্রজেক্ট পাবে। যার মাধ্যমে গবেষক হিসেবে শিক্ষকদের অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। তিনি এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
পরে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘সিকিউরিং দ্য প্রজেক্ট: মাইলস্টোন সেটিং, প্রজেক্ট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া’ শীর্ষক টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ সময় তিনি ক্লারিটি এন্ড কোয়ালিটি অব প্রপোজাল, অ্যাক্সেস টু হায়ার এডুকেশন রিসার্চসহ প্রপোজাল রাইটিংয়ের নানা দিক তুলে ধরেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে আরেকটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন আইকিউএসির প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। তিনি ‘হিট এন্ড এটিএফ সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ এর গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেন।
এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম ও ড. মোঃ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় পরিচালকসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
কর্মশালায় হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট), একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) এবং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল (এসপিপি) বিষয়ে বিশদ ধারণা দেওয়া হয়।
অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের সভা
খুবির টিএসসি ভবনের কাজ এক সপ্তাহের মধ্যে চালু করার নির্দেশ উপাচার্যের
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন টিএসসি এবং অডিটরিয়াম ভবনের কনসালট্যান্ট নির্বাচন ও প্রকল্প সংশ্লিষ্ট আনুসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা সভা আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় আলোচনা শেষে সিঙ্গেল সোর্স সিলেকশন পদ্ধতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ডিজাইন কনসালট্যান্সি ইউনিট (আরডিসিইউ) কে দুটি প্যাকেজে পরামর্শক হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। সভায় জিমনেশিয়াম সংলগ্ন পুকুরকে সুইমিং পন্ড বানানোর লক্ষ্যে এবং আশপাশের ল্যান্ডস্কেপিং ডিজাইন সম্পাদন, পুকুরের দক্ষিণ পাশে ওয়াকওয়ে ও রেলিং এর ব্যবস্থা এবং পশ্চিম পাশে মুসল্লিদের জন্য ওজু করার ঘাটের ব্যবস্থাকরণ, টিএসসি ও মসজিদের মাঝধানে ন্যাচারাল বাফার জোন তৈরি করার জন্য আরডিসিইউকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া টিএসসি ভবনের যাবতীয় কাজ এক সপ্তাহের মধ্যে চালু করা এবং অদম্য বাংলা সংলগ্ন ল্যান্ডস্কেপিংয়ের কাজ অতিদ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। এ সময় স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা আসাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল আলম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রায়হান আলী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. খসরুল আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শরীফ মোহাম্মদ খান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরা, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এটিএম মাসুদ রেজা, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ খান, সহকারী অধ্যাপক মোঃ আজহারুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল আলম বাদশা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের অগ্রগতি ও সংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান।











































