খুলনাঞ্চল ডেস্ক
করাপশন ইনভেস্টিগেশন অফিসের (সিআইও) তলবে সাড়া দেননি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল। বিদ্রোহ, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগে বুধবার তাকে প্রথম তলব করে এই সংস্থা। কিন্তু তিনি ওই জাতীয় কোনো অপরাধ করেননি বলে তাদের তলবে হাজির হননি। এর ফলে দ্বিতীয় দফায় তাকে তলব করা হতে পারে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের রায়ও হতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, তিনি গত ৩রা ডিসেম্বর স্বল্প সময়ের জন্য দেশে সামরিক শাসন জারি করেন। কিন্তু জনতা ও পার্লামেন্ট সদস্যদের তীব্র বিরোধিতার মাত্র ৬ ঘণ্টা পরই তা প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি। এরপরই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় পার্লামেন্টে। প্রথম দফা ৭ই ডিসেম্বর এই প্রস্তাব ব্যর্থ হয়। কারণ, এদিন প্রেসিডেন্টের দল পিপল পাওয়ার পার্টি ভোট শুরুর অনেক আগেই অধিবেশন বর্জন করে। পরবর্তীতে ১৪ই ডিসেম্বর আবার অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয় পার্লামেন্টে। এদিন প্রস্তাব পাস হয়। এর ফলে তার সব ক্ষমতা কেড়ে নেয়া হয়। এতে দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে নিমজ্জিত হয়। করাপশন ইনভেস্টিগেশন অফিস (সিআইও)-এর তদন্ত কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট ইউনকে স্থানীয় সময় সকাল ১০টায় সিউলে তাদের অফিসে হাজির হতে বলা হয়েছিল। সেখানে তাকে বিদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে জিজ্ঞাসাবাদের কথা ছিল। সিআইও আরও বলেছে, ইউন’কে তলব করে একটি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তা ‘আনডেলিভার্ড’ হিসেবে ফেরত যায় তাদের কাছে। কারণ, প্রেসিডেন্টের অফিসের অপরিচিত একজন ব্যক্তি ওই চিঠিটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। প্রেসিডেন্ট ইউনের আইনজীবীরা বার্তা সংস্থা ইয়োনহাপ’কে বলেছেন, ইউন কোনো বিদ্রোহের সাথে জড়িত নন। ইউনের আইনজীবী টিমের সদস্য সিওক ডং-হিয়োন বলেন, ইউনের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি বৈধ মনে করেন না। তবে অভিযোগের তদন্ত মেনে চলার কথাও জানান তিনি। ইতিমধ্যে তদন্তকারীরা ইউনকে দ্বিতীয়বার তলব করার ব্যাপারে আলোচনা করেছেন। মঙ্গলবার সিআইও প্রধান ওহ ডং-উন পার্লামেন্টকে জানান, তারা ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারেও চিন্তা করছেন। ইউনের বিরুদ্ধে প্রসিকিউটররা তদন্ত করছেন। পাশাপাশি পুলিশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দুর্নীতি বিরোধী সংস্থা যৌথভাবে তদন্ত করছে। বুধবার ইউনহাপ জানায়, প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস যৌথ তদন্তকারী দলকে প্রেসিডেন্টের কার্যালয়ে একটি কম্পিউটার সার্ভারে তল্লাশি চালাতে বাধা দেয়। অভিযোগ প্রমাণিত হলে ইউন ও তার দলের কিছু সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। ইউনের উপর বর্তমানে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি আছে। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত সোমবার ইউনের বিচার কার্য শুরু করে। আদালত ইউনের অভিশংসনকে সমুন্নত রাখা যায় কিনা আলাদাভাবে তা যাচাই করে দেখছে। ইউনকে দুই সপ্তাহ আগে জারি করা সামরিক আইনের ডিক্রি আদালতের কাছে জমা দেয়ার নির্দেশ দেয় বুধবার। সামরিক আইন জারির আগে ও পরে করা মন্ত্রিসভার মিটিংগুলোর রেকর্ডও জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে তাকে। এ বিষয়ে ২৭শে ডিসেম্বর প্রাথমিক পর্যায়ের শুনানি হবে। তবে তাতে প্রেসিডেন্ট ইউনকে উপস্থিত থাকতে হবে না। উল্লেখ্য, অভিশংসনের বিষয়ে চূড়ান্ত রায় দেয়ার জন্য সাংবিধানিক আদালতের বিচারকরা সময় পাবেন ৬ মাস।











































