Home খেলাধুলা দুর্নীতির তদন্ত স্থগিত করলো এনএসসি!

দুর্নীতির তদন্ত স্থগিত করলো এনএসসি!

21


স্পোর্টস রিপোর্টার

কাবাডির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের দুর্নীতির বিরুদ্ধে স্টেডিয়াম জুড়ে পোস্টারিং ও মানববন্ধনের পর তদন্ত কমিটি গঠন করেছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। যেখানে পরিচালক (অর্থ) সাইদুর রশিদকে তদন্তভার দেয়া হয়েছিল। এমনকি সোহাগের দুর্নীতির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য এক সংগঠককে ডাকা হলেও শেষ পর্যন্ত তা স্থগিত করেছেন ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) ও তদন্ত কর্মকর্তা মো. সাইদুর রশিদ। মঙ্গলবার এক চিঠি (স্মারক নং-৩৪.০৩.০০০০.০০৬.০০.০২৮.১৩-৪২৭৮) দিয়ে তদন্ত স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে স্থগিত শব্দটি উল্লেখ থাকলেও তদন্ত কর্মকর্তা সাইদুর রশিদ এই তদন্ত বাতিল হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আমরা সোহাগের দুর্নীতির বিরুদ্ধে তদন্তের জন্য সাক্ষীদের ডেকেছিলাম, কিন্তু উপরের নির্দেশে তা বাতিল করতে হয়েছে।’ যদিও গত ১২ই ডিসেম্বর গত সাত বছরে কাবাডিতে সোহাগের দুর্নীতির বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণাদি উপস্থাপনের জন্য সংগঠক দেলোয়ার হোসেনকে চিঠি (স্মারক নং-৩৪.০৩.০০০০.০০৬.০০.০২৮.১৩-৪২৫১) দিয়ে ডেকেছিলেন সাইদুর রশিদ। নিজেই সই করা চিঠিতে সাইদুর রশিদ বলেন, ‘বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বিতর্কিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে মৌখিক/লিখিত বক্তব্য প্রদানের জন্য ১৮ই ডিসেম্বর বুধবার সকাল ১০টায় নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত: এ বিষয়ে বর্ণিত কার্যক্রম স্থগিত করা হয়েছে।’