Home খেলাধুলা ৭ মাস পর ফিরে ব্যর্থ তামিম, হারল দলও

৭ মাস পর ফিরে ব্যর্থ তামিম, হারল দলও

17


স্পোর্টস ডেস্ক।।

জাতীয় দলে দীর্ঘদিন ধরেই নেই তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি অনেকদিন। দীর্ঘ ৭ মাস পর জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন তামিম। তবে ফেরার অধ্যায়টা খুব একটা সুখকর হলো না জাতীয় দলে খেলা এই ওপেনারের। মাত্র ১৩ রান করেই আউট হয়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সের পর হেরেছে তার দলও। রংপুর বিভাগের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে তামিমদের চট্টগ্রাম।


আজ বুধবার সিলেটে তামিম ইকবাল তিনটি সিঙ্গেল নিয়ে শুরু করলেও এরপর চার-ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে ১০ বলে ১৩ রান করেই ফিরতে হয়েছে তাকে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এর আগে সবশেষ ৬ মে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন তামিম। সেটি ছিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ।

রংপুরের বিপক্ষে চট্টগ্রাম ২০ ওভারে করতে পারে কেবল ১৩২ রান। দলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। এছাড়া ইরফান শুক্কুরের ব্যাটে ২০ রান ও ইয়াসির আলি রাব্বির ব্যাটে আসে ১৮ রান। রংপুরের হয়ে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট নেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে ২ উইকেট আলাউদ্দিন বাবুর।

১৩৩ রানের লক্ষ্য রংপুর পেরিয়ে যায় ১৯ বল বাকি থাকতেই। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৪১ রান আসে তানবীর হায়দারের ব্যাটে। নাঈম ইসলামের ব্যাটে ১২ বলে ২৪ ও আকবর আলীর ব্যাটে ১৯ বলে আসে ২৫ রান। শেষদিকে ৪ বলে ১০ রানের অপরাজিত ইনিংস খেলে রংপুরকে জিতিয়েই মাঠ ছাড়েন বাবু।