স্পোর্টস ডেস্ক
বয়স মাত্র ১৯। এই বয়সের আশেপাশে বেশিরভাগ ফুটবলার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। কিন্তু রিয়াল মাদ্রিদের একাডেমির মিডফিল্ডার মার্ক কুকালনের ভাগ্যে অন্য কিছু লেখা। এই বয়সেই ফুটবলকে বিদায় জানাতে হয়েছে তাকে।
গতকাল মঙ্গলবার সব ধরনের ফুটবল থেকে অবসর ঘোষণা করেন রিয়ালের অনূর্ধ্ব-১৯ দলে ৪টি ম্যাচ খেলা কুকালন। দুই বছর আগে একটি ম্যাচ খেলার সময় ১৯ বছর বয়সী এই তারকার ডান গোড়ালির ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সেসময় তার তরুণাস্থির সংযোগস্থলে প্রবেশ করে ব্যাকটেরিয়া। এর ফলে আর কখনোই পুরোপুরি সুস্থ হওয়া হয়নি কুকালনের। ফলে বাধ্য হয়ে ছাড়তে হয় প্রিয় ফুটবলকে।
কুকালনের জীবনে দুর্ভাগ্যজনক সেই ম্যাচটি হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। সেদিন ইয়ুথ লিগের উদ্বোধনী ম্যাচে সেল্টিকের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন কুকালন। তবে ৭৭ মিনিটে ঘটে যায় সেই দুর্ভাগ্যজনক ঘটনা।
ম্যাচ চলাকালে প্রতিপক্ষের কড়া ট্যাকলের শিকার হয়ে ডান পায়ের গোড়ালির ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যায় কুকালনের। পচারের মাধ্যমে তার লিগামেন্ট পুনর্বিন্যাসের সময় ক্ষুদ্র জীবাণু তার গোড়ালির তরুণাস্থির গ্রন্থিতে ঢুকে পড়ে এবং তা থেকে ইনফেকশন হয়। সেটি থেকে পরে আর সেরে ওঠেননি।
অনুশীলনের সময় নানা সমস্যা অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হন কুকালন। পরে চিকিৎসকের পরামর্শেই পরম আবেগের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন এই তরুণ।











































