স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি হলে ভারতের সফর না করার সম্ভাবনা রয়েছে। তবে ভারত ছাড়া আসরটি সম্ভব নয় বলে পরিষ্কার বুঝিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাশাপাশি ইসিবি ইঙ্গিত দিয়েছে, ভারত যদি পাকিস্তানে না যায়, তা হলেও সমস্যা হবে না। সে ক্ষেত্রে ভারতের ম্যাচগুলো অন্য দেশে খেলা হতে পারে।
রাজনৈতিক বৈরিতার কারণে ভারতীয় ক্রিকেট দল ২০০৮ সালের পরে আর পাকিস্তান সফরে যায়নি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড আশাবাদী, ভারত এবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আসবে। কিন্তু ইসিবির বক্তব্যের পরে মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে, ‘হাইব্রিড মডেল’ অনুসরণ করেই চ্যাম্পিয়নস ট্রফি হতে চলেছে।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির একটা অংশ হবে পাকিস্তানে। আর ভারত তাদের ম্যাচগুলো খেলবে অন্য দেশে। সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে। শেষ এশিয়া কাপও হয়েছিল এ ভাবেই। ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলংকায়। পাকিস্তান নিজেদের দেশে।
ইসিবি চেয়ারম্যান রিচার্ড টমসন এখন পাকিস্তানে রয়েছেন। তিনি বলেন, ‘ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলে, সেটা ক্রিকেটের ক্ষতি।’
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে লাহোর, করাচিতে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। ভারতীয় দল পাকিস্তানে খেলবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সরকারের অনুমতি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে অনেকেই তাকিয়ে ভারতের প্রাক্তন বোর্ড সচিব এবং আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহের দিকে। ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব নেবেন তিনি। টমসন বলেছেন, ‘জয় শাহের উপরে অনেক কিছু নির্ভর করে আছে। একটা রাস্তা তাকে বের করতেই হবে।’











































